দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Health Tips

লুচি-বিরিয়ানি-মিষ্টিতে মজেছেন? পাতে উধাও ফাইবার, হারাচ্ছে হজমের ছন্দ!

যাঁদের আগে থেকেই কোষ্ঠকাঠিন্য, অম্বল বা আইবিএসের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে উৎসবের অনিয়ম অস্বস্তি বাড়াতে পারে।
Pritimoy Roy Burman
06:40 PM Nov 05, 2026 IST
যাঁদের আগে থেকেই কোষ্ঠকাঠিন্য, অম্বল বা আইবিএসের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে উৎসবের অনিয়ম অস্বস্তি বাড়াতে পারে।
উৎসবের ভোজ, কিন্তু অন্ত্র সুস্থ থাকবে কীভাবে? ছবি: এআই

উৎসব মানেই পেটপুরে খাওয়াদাওয়া। সকাল থেকে রাত, কখনও লুচি-আলুরদম, কখনও কষা মাংস-বিরিয়ানি, সঙ্গে সিঙাড়া, চপ, মিষ্টি বা নানা রকম মুখরোচক পদ। একদিন নয়, টানা কয়েক দিন চলতে থাকে এমন ভোজপর্ব। কিন্তু এই আনন্দের মধ্যেই খাবারের পাতে অজান্তে বদলে যায় পুষ্টির হিসাব। ভাজাভুজি, ময়দা, চিনি ও অতিরিক্ত তেল জায়গা করে নেয় বেশি করে। উলটে কমতে থাকে শাকসবজি, ফল, ডালের মতো ফাইবারসমৃদ্ধ খাবার। আর তার প্রভাব পড়ে অন্ত্রের স্বাস্থ্যে, হজমে।

সমস্যা হল, হজমের গোলমাল মানেই শুধু অম্বল বা পেট ফাঁপা নয়। প্রতিদিনের খাবারের ধরন বদলে গেলে অন্ত্রের স্বাভাবিক ক্রিয়াকলাপ এবং সেখানে বসবাসকারী উপকারী জীবাণুর কার্যকলাপেও প্রভাব পড়তে পারে। বিশেষত যাঁদের আগে থেকেই কোষ্ঠকাঠিন্য, অম্বল বা আইবিএসের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে উৎসবের অনিয়ম অস্বস্তি বাড়াতে পারে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ভাজাভুজি বেশি হলেই কেন পেটের সমস্যা?
লুচি, পরোটা, চপ, সিঙাড়া বা তেল-মশলাযুক্ত খাবারে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এই ফ্যাট হজমের সময়ে বিভিন্ন পাচক হরমোনের নিঃসরণে প্রভাব ফেলে। বিশেষ করে অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার পাকস্থলী থেকে খাবার অন্ত্রে যাওয়ার গতি ধীর করতে পারে। ফলে অনেকক্ষণ পেট ভর্তি লাগা, ঢেকুর, পেট ফাঁপা এবং অম্বলের সমস্যা দেখা দেয়।

এর সঙ্গে যদি যোগ হয় একসঙ্গে অনেকটা খাবার খাওয়া, তা হলে পাকস্থলীর উপর চাপ আরও বাড়ে। পাকস্থলীতে খাবারের পরিমাণ বেড়ে গেলে অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসার আশঙ্কাও বাড়তে পারে। বিশেষত খাওয়ার পরপরই শুয়ে পড়লে সমস্যা বেশি হয়। তাই উৎসবের দিনে শুধু কী খাচ্ছেন, তা নয়, কতটা খাচ্ছেন এবং কখন খাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ।

লুচি-মাংস ছাড়া উৎসব কি জমে? ছবি: সংগৃহীত

ফাইবার কমলেই অন্ত্রের অন্দরে বদল
অন্ত্রের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে ডায়েটরি ফাইবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে ফাইবার। শাকসবজি, ফল, ডাল, ছোলা, বাদাম, বীজ এবং গোটা শস্য ফাইবারের অন্যতম উৎস।

কিন্তু উৎসবের সময়ে এই খাবারগুলির জায়গা দখল করে নেয় ময়দার পদ, মিষ্টি ও ভাজাভুজি। ফলে কয়েক দিন ধরেই শরীরে প্রয়োজনের তুলনায় কম ফাইবার পৌঁছতে পারে। এর সঙ্গে পর্যাপ্ত জল পান না করা এবং হাঁটাচলা কমে গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

ফাইবারের কাজ অবশ্য এখানেই শেষ নয়। আমাদের অন্ত্রে কোটি কোটি উপকারী জীবাণু বাস করে। এই জীবাণুগুলির বেঁচে থাকা ও সক্রিয় থাকার জন্য ফাইবার অত্যন্ত প্রয়োজনীয়। অন্ত্রের কিছু ব্যাকটেরিয়া খাদ্যআঁশ ভেঙে তৈরি করে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড (এসসিএফএ)। এর মধ্যে রয়েছে বিউটিরেট, অ্যাসিটেট ও প্রোপিওনেট।

এই উপাদানগুলি বৃহদন্ত্রের ভিতরের আবরণকে সুস্থ রাখতে এবং অন্ত্রের সুরক্ষাপ্রাচীরের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। শরীরের বিপাক ও রোগপ্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কাজেও এদের ভূমিকা রয়েছে। অর্থাৎ, ফাইবার কমে গেলে শুধু কোষ্ঠকাঠিন্যের সমস্যা নয়, অন্ত্রের উপকারী জীবাণুগুলির পুষ্টির জোগানও কমে যায়।

ভাজাভুজিতে বাড়ে একাধিক স্বাস্থ্যঝুঁকি। ছবি: সংগৃহীত

শুধু খাবার নয়, বদলে যায় ঘুম ও শরীরচর্চার অভ্যাসও
উৎসবের সময়ে রাত জাগা, দেরিতে খাওয়া, দীর্ঘক্ষণ বসে আড্ডা দেওয়া বা শরীরচর্চা বন্ধ রাখার প্রবণতা বাড়ে। অথচ অন্ত্রের স্বাভাবিক কাজকর্মের সঙ্গে দৈনন্দিন জীবনযাপনের সরাসরি সম্পর্ক রয়েছে।

পরিপাকতন্ত্রের পেশির ছন্দবদ্ধ সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাবার এগিয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় গ্যাস্ট্রোইনটেস্টিনাল মোটিলিটি। অনিয়মিত খাওয়াদাওয়া এবং শারীরিক সক্রিয়তা কমে গেলে এই স্বাভাবিক ছন্দে প্রভাব পড়তে পারে। বিশেষত যাঁদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), অ্যাসিড রিফ্লাক্স বা দীর্ঘদিনের বদহজমের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে উপসর্গ বাড়তে পারে।

পাশাপাশি পর্যাপ্ত জল পান না করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও জটিল হয়। অতিরিক্ত চা-কফি বা অ্যালকোহলও কারও কারও ক্ষেত্রে অম্বল ও অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে দিতে পারে।

উৎসবের ভোজ, কিন্তু অন্ত্র থাকবে সুস্থ কীভাবে?
পছন্দের খাবার বাদ দিয়ে উৎসব কাটানোর প্রয়োজন নেই। বরং রোজকার খাদ্যাভ্যাসে কয়েকটি বিষয় বজায় রাখলেই অনেকটা সামলে রাখা যায় হজমের সমস্যা।
পাতে সবজি রাখুন: দুপুর ও রাতের খাবারে ভাজাভুজির পাশাপাশি এক বাটি সবজি রাখুন।
ফাইবারের জোগান বজায় রাখুন: ডাল, ছোলা, ফল ও গোটা শস্য নিয়মিত খান।
জল পান ভুলবেন না: সারাদিনে পর্যাপ্ত জল পান করুন। বিশেষত বাইরে ঘোরাঘুরি করলে।একসঙ্গে বেশি নয়: অল্প অল্প করে খান। একবারে অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন।
খাওয়ার পর হাঁটুন: ভারী খাবারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন।
খেয়েই শুয়ে পড়বেন না: রাতের খাবার ও ঘুমের মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান রাখুন।

পাতে থাকুক ফাইবার। ছবি: সংগৃহীত

যাঁরা দীর্ঘদিন কম ফাইবারযুক্ত খাবার খান, তাঁরা হঠাৎ করে অনেকটা ফাইবার খাওয়া শুরু করবেন না। তাতে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা হতে পারে। ধীরে ধীরে খাদ্যতালিকায় ফাইবারের পরিমাণ বাড়ানো উচিত। বিশেষত যাঁদের অন্ত্র সংবেদনশীল, তাঁরা চিকিৎসকের পরামর্শ মেনে খাবারে পরিবর্তন আনুন।

কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?
উৎসবের সময়ে সামান্য পেট ভার, ঢেকুর বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। তবে পেটে তীব্র বা দীর্ঘস্থায়ী ব্যথা, বারবার বমি, খাবার গিলতে অসুবিধা, মলের সঙ্গে রক্ত, অকারণে ওজন কমে যাওয়া বা মলত্যাগের অভ্যাসে দীর্ঘস্থায়ী পরিবর্তন হলে অবহেলা করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

উৎসবের কয়েক দিনের খাওয়াদাওয়া উপভোগ করাই স্বাভাবিক। কিন্তু সেই আনন্দের কারণে রোজকার খাবারের ভারসাম্য যেন পুরোপুরি হারিয়ে না যায়। পাতে লুচি-মিষ্টি থাকুক, পাশাপাশি থাকুক শাকসবজি, ফল, ডাল ও গোটা শস্যও। কারণ সুস্থ হজমের চাবিকাঠি শুধু পেট ভরে খাওয়া নয়, অন্ত্রকে তার প্রয়োজনীয় পুষ্টি জোগানোও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Healthy Lifestyle TipsKali Puja 2026
Advertisement
Tags :
Healthy Lifestyle TipsKali Puja 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন