পুজোর ভিড়, ধুনোর ধোঁয়া, তীব্র আলোয় মাথায় ব্যথাসুরের দাপাদাপি! কষ্ট থেকে বাঁচবেন কীভাবে?
Pritimoy Roy Burman
প্যান্ডেলের আলো ঝলমল করছে, মাইকে গান বাজছে, চারপাশে মানুষের ঢল। অথচ মাথার এক পাশে ক্রমশ বাড়ছে যন্ত্রণা। আলো সহ্য হচ্ছে না, শব্দ অসহ্য লাগছে। মাইগ্রেনের সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের কাছে এমন পরিস্থিতি অপরিচিত নয়। আবার ধুলো, ধোঁয়া বা তীব্র গন্ধে সাইনাসের সমস্যা থাকলে নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁচিতে মাটি হতে পারে পুজোর পরিকল্পনা। উৎসবের মরশুমে এই সমস্যাগুলি সামলানোর উপায় জানা থাকলে অস্বস্তি অনেকটাই এড়ানো সম্ভব।
ধোঁয়া-ধুলো থেকে দূরে
ধূপ-ধুনোর ধোঁয়া, তীব্র সুগন্ধি কারও কারও মাইগ্রেনের মাথাব্যথা শুরু হওয়ার কারণ হতে পারে। সাইনাসের সমস্যা বা অ্যালার্জি থাকলে ধুলো-ধোঁয়ায় হাঁচি, নাক বন্ধ এবং নাক দিয়ে জল পড়ার মতো উপসর্গও বাড়তে পারে। তাই কোনও মণ্ডপে গিয়ে অস্বস্তি শুরু হলে সেখানে দীর্ঘক্ষণ না থেকে অন্যত্র চলে যান। প্রয়োজনে খোলা জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিন। যাঁদের নির্দিষ্ট কোনও গন্ধে মাথাব্যথা শুরু হয়, তাঁরা সেই উদ্দীপক এড়িয়ে চলার চেষ্টা করুন।
আরও পড়ুন:
আলো-শব্দে বাড়তি সতর্কতা
ঝলমলে আলো, লেজার লাইট বা মাইকের তীব্র আওয়াজ মাইগ্রেনের রোগীদের অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। তাই মণ্ডপে ঘোরার পরিকল্পনা করার সময় নিজের সমস্যার কথা মাথায় রাখুন। একটানা ভিড়ের মধ্যে না থেকে মাঝেমধ্যে বিরতি নিন। মাথাব্যথা শুরু হলে কম আলো ও তুলনামূলক শান্ত পরিবেশে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। ব্যথা উপেক্ষা করে ঘুরলে অস্বস্তি আরও বাড়তে পারে।
খাওয়াদাওয়া ও ঘুমে নিয়ম
পুজোর ব্যস্ততায় কখনও দুপুরের খাবার খেতে দেরি হচ্ছে, কখনও আবার রাত জাগার কারণে ঘুমের সময় কমে যাচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, শরীরে জলের ঘাটতি এবং ঘুমের অনিয়ম মাইগ্রেনের পরিচিত উদ্দীপক। তাই সঙ্গে জলের বোতল রাখুন, সময়মতো খাবার খান এবং যতটা সম্ভব ঘুমের নির্দিষ্ট সময় বজায় রাখুন। অতিরিক্ত চা-কফি খাওয়ার অভ্যাস থাকলেও সতর্ক থাকুন। যাঁদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাঁদের কোন পরিস্থিতিতে মাথাব্যথা বাড়ে, তা খেয়াল রেখে চলার চেষ্টা করুন।
সাইনাসের সমস্যা চিনবেন কী করে?
নাক বন্ধ, হাঁচি, নাক দিয়ে জল পড়া বা মাথাব্যথা অনুভব করলে ধুলো-ধোঁয়া এড়িয়ে চলুন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে স্যালাইন ন্যাসাল স্প্রে ব্যবহার করা যেতে পারে। তবে কপাল, চোখের চারপাশে ব্যথা হলেই সেটিকে সাইনাসের সমস্যা বলে ধরে নেওয়া ঠিক নয়। মাইগ্রেনেও এমন উপসর্গ দেখা দিতে পারে। বারবার সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ খাবেন না।
ওষুধ থাকুক সঙ্গে
মাইগ্রেনের জন্য চিকিৎসকের দেওয়া ওষুধ থাকলে তা সঙ্গে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে তা খেতে পারেন। নিজের ইচ্ছায় ঘন ঘন ব্যথার ওষুধ খাবেন না। হঠাৎ অত্যন্ত তীব্র মাথাব্যথা শুরু হলে, জ্বর, দৃষ্টিতে সমস্যা বা হাত-পায়ে দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ জরুরি।
পুজোয় কতগুলি মণ্ডপ ঘোরা হল, তার চেয়েও গুরুত্বপূর্ণ সুস্থ শরীরে উৎসব উপভোগ করা। তাই শরীরের অস্বস্তিকে উপেক্ষা না করে প্রয়োজনমতো বিশ্রাম নিন, নিজের সহ্যক্ষমতা বুঝে ঘোরার পরিকল্পনা করুন। একটু সতর্ক থাকলেই মাথাব্যথার দাপট সামলে পুজোর আনন্দ উপভোগ করা সম্ভব।