পুজোর মরশুমে সুখবর, টয় ট্রেনে আরও ৬ জয় রাইড
Jaba Sen
পুজোর ছুটিতে টয় ট্রেনে পাহাড় ভ্রমণের পরিকল্পনা আছে! ভয় পাচ্ছেন টিকিট মিলবে কি না! তবে জেনে রাখুন সুখবর। পুজোর মরশুমে পর্যটকদের ভিড়ের কথা ভেবে পাহাড়ে আরও ছয়টি নতুন জয়রাইড চালুর কথা জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তাই টিকিট পেতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, পর্যটকদের পাহাড়ের সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে ওই বাড়তি উদ্যোগ। নতুন পরিষেবার মধ্যে দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে ডিজেল ইঞ্জিন চালিত চারটি রাউন্ড ট্রিপ জয়রাইড রাখা হয়েছে। সফরের প্রস্তাবিত ভাড়া আটশো টাকা।
আরও পড়ুন:
অন্যদিকে, কার্শিয়াং ও মহানদীর মধ্যে চালু হচ্ছে দু'টি বিশেষ রাউন্ড ট্রিপ। এর মধ্যে 'রেড পান্ডা' নামে প্রথম স্টিম ইঞ্জিন চালিত ট্রিপ সকাল ন'টায় কার্শিয়াং থেকে ছেড়ে দশটায় মহানদী থেকে ফিরবে। ভাড়া ১ হাজার ৫৩০ টাকা। দ্বিতীয় ডিজেল চালিত রাউন্ড ট্রিপ 'মুক্ত ধারা' বিকেল সওয়া ৩টায় কার্শিয়াং থেকে ছেড়ে ৪টায় মহানদী থেকে ফিরবে। ভাড়া ১ হাজার ৩০ টাকা। এদিকে যেমন পর্যটন মরশুমে জয়রাইড বাড়ানো হচ্ছে, তেমনই ট্রেন চালকের ঘাটতি মেটানোর পরিকল্পনা নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। এখন টয় ট্রেনে ৭০ জন চালক রয়েছেন। সাতটি জয়রাইড, জঙ্গল সাফারি-সহ বিভিন্ন পরিষেবা সামলাচ্ছেন তাঁরা।
জানা গিয়েছে, একটি ডিজেল ইঞ্জিনে দু'জন এবং একটি স্টিম ইঞ্জিনের জয়রাইড চালাতে চারজন চালকের প্রয়োজন। তাই নতুন পরিষেবা চালু হলে কর্মীদের উপর যেন চাপ না-বাড়ে সেজন্য ইতিমধ্যে অন্তত ১৫ জন চালক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরি জানান, নতুন চালক নিয়োগের প্রক্রিয়া এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হবে। নতুন জয়রাইড এবং কর্মী নিয়োগের ফলে উৎসবের দিনগুলিতে পাহাড়ের পর্যটন নতুন মাত্রা পাবে।