পুজো এলে সকলের ভালো চাই, বছরব্যাপী ক্লান্তি ভুলে চোখের জলেও উৎসবে শামিল সোনাগাছি
Utsa Tarafdar
আমার দুর্গা! কবিতার ছত্রে ছত্রে উদযাপিত হয় নারীর কথা, নারীশক্তির প্রকাশ। কিন্তু কোথাও গিয়ে লড়াইয়ের বিস্তীর্ণ কঠিন মাঠে ফলে না সুখের ফসল। প্রত্যেক মুহূর্তে গঞ্জনা আর সামাজিক ঘৃণাতে আজও আবর্তিত হয় যৌনপল্লির কথকতা। দেবীর পুজোয় এই পল্লির মাটি প্রয়োজন কি না, তা নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও দশকের পর দশক ধরে ঘরের মাটি ছুঁয়ে দেখেন না ওঁরা। শুধুই একাকী আকাশ-বাতাসের কান ভারী করে কষ্ট আর একরাশ যন্ত্রণা।তিলোত্তমার পথে প্রান্তরে ছড়িয়ে থাকা আবেগ যেন জমা হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই যৌনপল্লিতে।
উত্তরবঙ্গের এক জেলা থেকে পেটের জ্বালায়, বাবুর বাড়িতে কাজের টানে কলকাতা এসেছিলেন ফুলকি (নাম পরিবর্তিত)। বাবুর বাড়িতে আর কাজ করতে হয়নি, পেটের তাড়নায় অন্য বাবুদের ছোবলে ক্ষত বিক্ষত হতে হয়েছে কিশোরীকে। প্রথম প্রথম শরীরের যন্ত্রণা অসহ্য হলেও আজ মানিয়ে নিয়েছেন সব। মায়ের চিকিৎসা থেকে শুরু করে বোনের বিয়ে, সর্বত্র বিরাজ করেছে সোনাগাছির এই দুর্গার কাহিনি।
আরও পড়ুন:
ফুলকি বলছেন, ‘‘আমি বিনোদিনী, শ্রমের বিনিময়ে আয় করি। কে কী বলল তাতে কিছু যায় আসে না। অনেকেই ঘৃণার চোখে দেখেন, কিন্তু সেসবে পাত্তা দিই না আর।’’ তাঁর কথায়, আমি যখন অনেক ছোট, বাড়িতে খুব কষ্ট দেখতাম। খাওয়া জুটত না, পুজোয় জামা তো দূরের কথা, মেলায় গেলেও কিছু কিনতে পারতাম না। কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পরে কলকাতা আসি, কাজের জন্য। তারপর আর ঘুরে তাকাইনি, দাঁতে দাঁতে চেপে শুধুমাত্র পেটের জ্বালায় বেছে নিয়েছি কাজ!"
অনেকেই বলেন, কেবল পেটের তাড়না নয়, সোনাগাছির অলিতে গলিতে ভিড় জমে স্বভাবেও। ফুলকি বলছেন, "এরকমটাও শুনতে হয়েছে। তবে বহু বছর বাড়িতে যাইনি। সমাজ যেন আমাদের অস্পৃশ্য মনে করে। আমাদের ছুঁয়ে ফেললে পাপ হয়ে যাবে হয়তো!"
আগে পুজোয় চোখের জলে বালিশ ভিজত রোজ। আর আজ বদলেছে সব। শীর্ষ আদালত এবং একাধিক প্রতিবন্ধকতা পেরিয়ে ‘দুর্বার’-এর দুর্গা আরাধনা অন্য মাত্রা পেয়েছে (Durga Puja 2026)। বর্তমানে সোনাগাছির প্রকাশ্য রাস্তায় পুজো হয়। চলে দেদার মজা, অঞ্জলি ও হইহুল্লোড়। ফুলকির কথায়, "এখানেই আমাদের সব, 'দুর্বার' ছিল বলেই এই লড়াই লড়েছি। বিশাখা লস্করের মতো মানুষেরা আমাদের পাশে আছেন বলে আমরা বেঁচে আছি। পুজোতে ছোটবেলার কথা মনে পড়ে, কিন্তু সব ভুলে মায়ের কাছে বলি, যে যা বলে বলুক, ওদেরও ভালো রেখো মা!" 'দুর্বারে'র সচিব বিশাখা লস্কর বলছেন, ‘‘মহিলাদের কোনও না কোনওভাবে সমস্যার মুখোমুখি হতে হয়। মুখ বুজে সহ্য করতে হয়। অসুবিধা হলে পুলিশকে ডাকি। আমরা প্রতিবাদ করি। 'দুর্বার' সবসময় পাশে আছে।’’