চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু ছেলের, বিচার চেয়ে পুজোমণ্ডপে হত্যে দেবেন মা
Utsa Tarafdar
ঘরের এক কোণে পড়ে রয়েছে নতুন জুতোজোড়া। তার পাশেই পড়ে নতুন সানগ্লাস। ধুলো জমেছে দু'টির গায়েই। অথচ কয়েক সপ্তাহ আগেও এগুলো নিয়ে কত উচ্ছ্বাসই না ছিল ১৬ বছরের মৈনাক দাসের! পুজোয় জামা-জুতো-সানগ্লাসের ম্যাচিং ঠিক করেই রেখেছিল সে। বাবার সঙ্গে গিয়ে পাঞ্জাবি আর জামা কেনার কথা ছিল। কিন্তু সেই ইচ্ছেগুলি পূরণ হল না। পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই না-ফেরার দেশে চলে গেল মৈনাক (Durga Puja 2026)!
আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল সিউড়ির মৈনাকের। গত কয়েক মাস ধরে পড়াশোনায় ডুবে ছিল সে। মা দুর্গার সামনে দাঁড়িয়ে ছেলের ভালো ফলের জন্য প্রার্থনা করবেন, এমনটাই ভেবেছিলেন প্রতিমা দাস। কে জানত, মায়ের সেই প্রার্থনাই বদলে যাবে চরম আকুতিতে! পেটে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি মৈনাক সেরে উঠেছিল বেশ। মাকে ফোন করে বলেওছিল যে ২৮ জুলাই সকালেই তার ছুটি হয়ে যাবে। কিন্তু একটি ইঞ্জেকশনেই সব শেষ হয়ে গেল। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দশমের ওই পড়ুয়ার। খানিক পরেই নিথর হয়ে পড়ে কিশোর মৈনাক।
আরও পড়ুন:
কয়েক ঘণ্টার মধ্যে বদলে যায় দাস পরিবারের গোটা পৃথিবী। মা প্রতিমা ও বাবা পল্টু দাসের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির কারণেই ছেলের মৃত্যু হয়েছে। কিন্তু এত কিছুর পরও অভিযুক্তদের শাস্তি হয়নি। মাধ্যমিকে ছেলের ভালো ফলের স্বপ্ন ভেঙে চুরমার। সেই আর্জি নিয়ে মণ্ডপে মায়ের অঞ্জলি দেওয়ার অবকাশই নেই আর। কিন্তু পাঁচ দিনই মণ্ডপে হত্যে দিয়ে পড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মা-বাবা। ভালো ফল নয়, ছেলের মৃত্যুর বিচার চান তাঁরা। প্রতিমার আর্তি, "আমার ছেলেকে কেড়েছে যারা, তাদের শাস্তি চাই।"
গত ২৭ জুলাই বিকেলে হঠাৎ পেটে যন্ত্রণা ও বমি শুরু হয় মৈনাকের। তাকে সিউড়ির সুবোধ সাহা নার্সিংহোমে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছিল সে। কিন্তু ছুটি পাওয়ার দিনক্ষণ জানিয়ে ফোনের পর ছেলের গলা যে শুনতে পাবেন না, ভাবতেই পারেননি প্রতিমাদেবী। পুজো মানেই তাঁর ধ্যানজ্ঞান ছিল ছেলের পছন্দের খাবার। মায়ের হাতে তৈরি নিমকি আর জেঠিমার বানানো নারকেল নাড়ু ছিল বড় প্রিয়। সেই রান্নাঘরে এখন আগুন জ্বলে না। প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে দিন কাটান মা-বাবা।
মৈনাক নেই। কিন্তু তার বইগুলি আছে, জুতো জোড়া, সানগ্লাসও। সেই সব দেখতে দেখতেই মায়ের চোখ ভরে ওঠে জলে। পুজোর ঢাক যতই জোরে বাজুক, প্রতিমার কানে হয়তো বারবার ফিরে আসবে ফোনে মৈনাকের সেই শেষ সংলাপ, 'সকালেই বাড়ি ফিরব।'