মৃত্যু বর্ডারলাইন অটিস্টিক রাজুলের, পুজোয় বিচারের দাবিতে পথে সন্তানহারা বাবা-মা
Utsa Tarafdar
১৬ বছরে ঝকঝকে কিশোর শৌর্য সরকার। ঈষৎ কটা চোখে জগতটাকে একটু অন্যভাবেই দেখতে চেয়েছিল শৌর্য। গানবাজনা থেকে শুরু করে খেলার মাঠ— তার অগাধ বিচরণ। মায়ের পাশে বসে কখনও তবলা বাজাচ্ছে। কখনও আবার বাড়ির ছাদে ক্যারাটে প্র্যাকটিস করছে। কে আটকায় রাজুলকে? মোহনবাগান অন্ত প্রাণ রাজুলের জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল ফুটবলও। মনের খেয়ালে কালী থেকে সত্যসাঁই— ভাস্কর্য থেকে মেলোডিকায় সুর ভাঁজা রাজুলকে এক অন্যরকম জীবন দিতে চেয়েছিলেন তার বাবা-মা। কিন্তু পারলেন কই?
বাবা সৌমিক সরকার বলেন, “প্রতিদিন সকালে ছেলে ও আমি পরস্পরকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিতাম, বলতাম ‘বি পজিটিভ’। ভীষণ মিস করি সেইসব। আবার করিও না সত্যি বুতে, চোখ বুঝলেই অনুভব করতে পারি ছেলেকে।’ মা তনুশ্রী সরকার বলেন, “বারবার একই প্রশ্ন করে যেত ছেলে, সবাই প্রথমে আমাকে বন্ধু করে, তারপর অ্যাভয়েড করে কেন? বন্ধুরা আমাকে ‘জোকার’ বানিয়ে রেখেছে।”
আরও পড়ুন:
২০২৫-এর ৭ই জুলাই নিজেই নিজেকে শেষ করে দেয় রাজুল। ১৬ বছরের রাজুল বর্ডারলাইন অটিজমের শিকার ছিল। নেপথ্যে সহপাঠীদের বুলিং। নবীন কিশোর হয়তো হারিয়ে যেত ভুবনডাঙার মাঠে বা দূরে কোথাও দূরে... দূরে! সে সব বোঝেনি সহপাঠীরা। দিনের পর দিন তাদের থেকে আলাদা হওয়ার দরুণ রীতিমতো অত্যাচার চলেছে রাজুলের ওপর। পিছতে পিছতে যখন পিঠ এক্বেবারে দেওয়ালে ঠেকে গেছে, তখনই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল রাজুল।
রাজপুত্রের মতো রাজুল চলে যাওয়ার আগে ভেঙে পড়েছে বারবার, কখনও শরণাপন্ন হয়েছে মায়ের। কখনও অভিমান জমা হয়েছে তথাকথিত বন্ধুদের উপর। কিন্তু শেষরক্ষা হয়নি। কেউই যেন বুঝে উঠতে পারেনি একাকী, অন্য রকম রাজুলকে। বরং দিন কে দিন ক্ষতবিক্ষত হয়েছে তার কিশোর মন।
রাজুলের চলে যাওয়ার শোক জমাট বেঁধে প্রতিবাদের আগুন জ্বেলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময়ে স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত অনেকেই প্রতিবাদে শামিল হয়েছিলেন। আর এখান থেকেই শুরু হয়েছিল রাজুলের বাবা-মায়ের লড়াই। হেরে গিয়েও হারিয়ে না যাওয়ার গল্প (Durga Puja 2026)!
রাজুলের মতোই ছিল ইশান নন্দকিশোর আওয়াস্তি। ভাগ্যিস ইশানের পাশে একজন রাম শঙ্কর নিকুম্ভ ছিলেন, তাই ছবিশেষে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন দর্শক। রাজুলের পাশে কোনও নিকুম্ভ স্যার ছিলেন না। একার লড়াই লড়তে গিয়ে শৈশব-কৈশোর হারিয়ে লুঠপাট হয়ে গিয়েছিল মন! মা-বাবা অন্ত প্রাণ হয়েও তাঁদের সঙ্গে সবকিছু শেয়ার করে উঠতে পারেনি সে! আর তাই বোধহয় পর্দার ইশান বলিউডের জ্বলজ্বলে স্টার, আর বাস্তবের রাজুল আকাশের তারা হয়ে জ্বলজ্বল করছে আলোকবর্ষ দূরে।