দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja Vacation

পুজোর ভিড় এড়াতে চান? ৫ দিনের ছুটিতে শান্তি খুঁজতে গন্তব্য হোক ভারতের এই ৮ গ্রাম

প্রকৃতিপ্রেমীদের জন্য পেরিয়ার এক্কেবারে উপযুক্ত। ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধন দেখতে চাইলে আবার হামপি ঘুরে আসতে পারেন। রইল প্রকৃতির কোলে অবস্থিত এমনই ৮ গ্রামের ঠিকানা।
Utsa Tarafdar
12:06 PM Sep 28, 2026 IST
প্রকৃতিপ্রেমীদের জন্য পেরিয়ার এক্কেবারে উপযুক্ত। ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধন দেখতে চাইলে আবার হামপি ঘুরে আসতে পারেন। রইল প্রকৃতির কোলে অবস্থিত এমনই ৮ গ্রামের ঠিকানা।
লাচুং, সিকিম

পুজোর ছুটিতে (Durga Puja Vacation) পর্যটকে উপচে পড়া জনপ্রিয় ট্যুরিস্ট স্পট নয়। চেনাপরিচিতর গণ্ডি পেরিয়ে, ঘুরে আসুন ভারতের এই গ্রামগুলিতে। প্রকৃতি এখানে নির্মল, মনের যাবতীয় ক্লেশ, সারা বছরের ইঁদুরদৌড়ের যাবতীয় ক্লান্তি যেন ধুয়ে মুছে যাবে পুজোর পাঁচ দিনেই।

১. ছিটকুল, হিমাচল প্রদেশ
ভারতের সর্বশেষ জনবসতিপূর্ণ গ্রামগুলির মধ্যে অন্যতম ছিটকুল। কিন্নর জেলায় অবস্থিত এই গ্রামে পৌঁছনোর পথ ছবির মতো সুন্দর। শিমলা থেকে শুরু করে কুফরি, নারকান্ডা ও সাংলার মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে চোখে পড়বে আপেল বাগান, পাইন গাছের সারি আর বরফে ঢাকা পাহাড়। বাসপা নদীর উপত্যকা পেরিয়ে গ্রামে পৌঁছনোর অভিজ্ঞতা ভ্রমণপ্রেমীদের মনে দীর্ঘদিন থেকে যাবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

হানু, লাদাখ

২. লাচুং, সিকিম
গ্যাংটক থেকে তিস্তা নদীর পাশ দিয়ে এগিয়ে সিংতাম, মাঙ্গান ও চুংথাং পেরিয়ে পৌঁছনো যায় এই গ্রামে। পথে রয়েছে গভীর উপত্যকা, ঘন বন, পাহাড়ি ঝরনা ও সুউচ্চ পাহাড়ের মনোরম দৃশ্য। সেভেন সিস্টার্স জলপ্রপাত ও ভীম নালা জলপ্রপাতের সৌন্দর্য এই যাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে।

৩. পেরিয়ার, কেরল
প্রকৃতিপ্রেমীদের জন্য পেরিয়ার এক্কেবারে উপযুক্ত। কর্নাটকের বন্দিপুর থেকে পেরিয়ারের দিকে এগিয়ে গেলে বদলে যায় চারপাশের দৃশ্য। পশ্চিমঘাট পর্বতমালার সবুজ পাহাড়, চা বাগান, ঘন জঙ্গল ও কুয়াশায় ঢাকা রাস্তা যাত্রাপথের শোভা বাড়ায়। থেক্কাড়ির কাছাকাছি পৌঁছলে আরও ঘন হয়ে আসে বনাঞ্চল।

৪. জিরো উপত্যকা, অরুণাচল প্রদেশ
পাহাড়ের কোলে বিস্তীর্ণ ধানখেত, সবুজ বন আর স্থানীয় আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন দেখা যায় জিরো উপত্যকায়। ইটানগর থেকে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে চোখে পড়বে ছোট ছোট জনপদ ও বাঁশের বাড়ি। এই অঞ্চলের অন্যতম পরিচিত জনগোষ্ঠী আপাতানি সম্প্রদায়। তাঁদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও কৃষিকাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও মেলে এই ভ্রমণে।

আরাকু উপত্যকা, অন্ধ্রপ্রদেশ

৫. হানু, লাদাখ
হানু গ্রামে পৌঁছনোর পথে রয়েছে পাহাড়, নদী ও উপত্যকার অপূর্ব সমাহার। শ্রীনগর থেকে যাত্রা শুরু করে জোজিলা, দ্রাস, কার্গিল ও লামায়ুরু পেরিয়ে লেহ হয়ে এগোনো যায় এই অঞ্চলের দিকে। পথের দু'পাশে কখনও দেখা মেলে রুক্ষ পাহাড়ের, কখনও নীল নদীর। হানু ও ধা গ্রাম ব্রোকপা সম্প্রদায়ের বাস ও এপ্রিকট বাগানের জন্য পরিচিত।

৬. আরাকু উপত্যকা, অন্ধ্রপ্রদেশ
আরাকু উপত্যকা পরিচিত তার পাহাড়ি সৌন্দর্য ও কফি বাগানের জন্য। বিশাখাপত্তনম থেকে আরাকুর পথে যেতে, রয়েছে পূর্বঘাট পর্বতমালার মনোরম দৃশ্য। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, কুয়াশায় ঢাকা ঢাল ও অনন্তগিরির সবুজ পাহাড় এই যাত্রার বিশেষ আকর্ষণ। পথে বিখ্যাত বোরা কেভস ঘুরে দেখার সুযোগও রয়েছে।

৭. হামপি, কর্নাটক
ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধন দেখতে চাইলে হামপি ঘুরে আসতে পারেন। বেঙ্গালুরু থেকে হামপির পথে শহুরে ব্যস্ততা ধীরে ধীরে বদলে যায় দাক্ষিণাত্য মালভূমির খোলা প্রান্তরে। হামপিতে পৌঁছে দেখা যাবে বিজয়নগর সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শন, বিরূপাক্ষ মন্দির ও বিখ্যাত পাথরের রথ। তুঙ্গভদ্রা নদীর তীর এই এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।

মাওলিনং, মেঘালয়

৮. মাওলিনং, মেঘালয়
মাওলিনং পরিচিত তার পরিচ্ছন্ন পরিবেশ ও বাঁশের তৈরি বাড়ির জন্য। শিলং থেকে পাহাড়ি রাস্তা ধরে এই গ্রামে যাওয়ার সময় চোখে পড়বে খাসি পাহাড়ের সবুজ উপত্যকা, সুপারি বাগান ও ছোট ছোট জনপদ। আবহাওয়া পরিষ্কার থাকলে রাস্তা থেকে বাংলাদেশের সমতলভূমিও দেখা যায়। গ্রাম ঘুরে দেখার পাশাপাশি কাছেই রিওয়াইয়ের লাইভ রুট ব্রিজ দেখতে যেতে পারেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Durga Puja Travel
Advertisement
Tags :
Durga Puja 2026Durga Puja Travel

নিয়মিত খবরে থাকতে ফলো করুন