পরম্পরা-প্রতিষ্ঠা-অনুশাসন, বিশ্বমঞ্চে প্রাধান্য পাচ্ছে 'আত্মনির্ভর ভারত'
Subhodeep Mullick
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ২৫ বছর শাসনকাল দরিদ্রকল্যাণ, জাতীয় নিরাপত্তা, সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বের স্মারক। জি২০-র সভাপতিত্ব থেকে চন্দ্রযান, গ্লোবাল সাউথ থেকে 'আত্মনির্ভর ভারত'- বিশ্বমঞ্চে ভারতই প্রাধান্য পাচ্ছে। লিখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
২০০১ সালের ৭ অক্টোবর, যখন নরেন্দ্র মোদিজি প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করলেন, তখন এ কথা কল্পনাতীত ছিল যে, এই দিনেই ভারতের শাসনব্যবস্থার ইতিহাসে এক নতুন যুগ সূচিত হবে। আজ, সরকারের প্রধান হিসাবে তাঁর নিরবচ্ছিন্ন ২৫ বছরের জনসেবা– ১৩ বছর মুখ্যমন্ত্রী এবং ১২ বছর প্রধানমন্ত্রী রূপে– এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন করতে গিয়ে আমরা শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের ২৫ বছর পূর্তি উদযাপন করছি না। আমরা যেন ভারতের ভাগ্য পুনর্লিখনের এক ঐতিহাসিক পর্বের সাক্ষী হচ্ছি।
আরও পড়ুন:
প্রথমে একজন সহকর্মী এবং বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রূপে আমি তাঁর নেতৃত্বকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেছি। মোদিজিকে যে-বিষয়টি স্বতন্ত্র করে তোলে, তা শুধু তাঁর কৌশলী বুদ্ধি নয়, বরং তাঁর প্রত্যেকটি পদক্ষেপও সমান প্রশংসার যোগ্য। তাঁর পথচলার মূলমন্ত্র – অন্ত্যোদয়, ভারত সর্বাগ্রে এবং সর্বোপরি জাতির স্বার্থ।
গুজরাত মডেল থেকে ভারত মডেল
২০০১ সালে মোদিজি যখন গুজরাতের দায়িত্ব গ্রহণ করেন, তখন রাজ্য ভূমিকম্প, খরা এবং ঘন ঘন কারফিউয়ের মতো সংকটে জর্জরিত। সেই সংকটকেই সম্ভাবনায় রূপান্তরিত করেন তিনি। ‘জ্যোতিগ্রাম যোজনা’-র হাত ধরেই গ্রামাঞ্চলে পৌঁছে যায় বিদ্যুৎ, কচ্ছ অঞ্চলে পৌঁছয় নর্মদার জল। ‘ভাইব্র্যান্ট গুজরাত’ বিনিয়োগ আকর্ষণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে এবং গুজরাত কৃষি, শিল্প ও সুশাসনের ক্ষেত্রে এক শক্তিশালী রাজ্যে পরিণত হয়। পরে, সেই ‘গুজরাত মডেল’-ই ‘নতুন ভারত’-এর উন্নয়নের নকশায় পরিণত।
২০১৪ সালের পর, যখন দেশ নীতিগত স্থবিরতা, দুর্নীতি এবং ইউপিএ সরকারের আমলে সৃষ্ট আস্থার সংকটে বিস্তর বিপাকে, তখন জনগণ মোদিজিকে এক ঐতিহাসিক জনাদেশ প্রদান করে। এক সময় ভারত ছিল ‘Fragile Five’-এর অন্তর্ভুক্ত। আর বর্তমানে মোদিজির নেতৃত্বে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত। ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির অন্যতম এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে।
গরিব কল্যাণ
মোদিজির সুশাসনের ফল এখন দিকে দিকে বিস্তৃত। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কণ্ঠে ধ্বনিত হয়েছিল সমাজের অন্ত্যজ ও প্রান্তিক মানুষের সেবার কথা। মোদিজি সেই ভাবনাকেই বাস্তব রূপ দিয়েছেন। ২৫ বছর ধরে একদিনের জন্যও বিরতি না নিয়ে, প্রতিদিন ১৬-১৮ ঘণ্টা কাজ করে তিনি নিশ্চিত করেছেন সবার সমান অধিকার।
২৫ কোটি ভারতীয় দারিদ্র থেকে বেরিয়ে এসেছে – যা আমাদের ইতিহাসে দারিদ্র হ্রাসের অন্যতম বৃহৎ অধ্যায়। ৮০ কোটি দরিদ্র মানুষের কাছে সরকারি কল্যাণমূলক পরিষেবা এখন আর কেবল প্রতিশ্রুতি নয়, বরং ঘরে ঘরে পৌঁছে যাওয়া বাস্তব। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র মাধ্যমে পাকা বাড়ি, ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর মাধ্যমে শৌচালয়, বিদ্যুৎ, ‘জল জীবন মিশন’-এর মাধ্যমে কলে জল, ‘উজ্জ্বলা যোজনা’র মাধ্যমে বিনামূল্যে এলপিজি, ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র মাধ্যমে ৫ কেজি বিনামূল্যে খাদ্যশস্য এবং ‘আয়ুষ্মান ভারত’-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত পারিবারিক স্বাস্থ্যসুরক্ষা – এই সমস্ত উদ্যোগের সুফল মানুষের কাছে পৌঁছেছে।
‘ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার’ এবং ‘JAM Trinity’-র মাধ্যমে দীর্ঘদিনের অর্থ অপচয় ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে নিজেকে ‘প্রধান সেবক’ হিসাবে অভিহিত করেছিলেন – যার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সেবার প্রকৃত চেতনা।
মোদিজি দীর্ঘ দিনের ৩টি বড় সমস্যার সমাধান করেছেন – অনুচ্ছেদ ৩৭০, নকশালবাদ এবং উত্তর-পূর্ব ভারতের বিদ্রোহ। অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫এ প্রত্যাহারের মাধ্যমে, একটিও গুলি না চালিয়ে কাশ্মীরকে ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত করা হয়েছে। সার্জিকাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং ‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতি প্রতিষ্ঠা করেছে।
তিনি ‘বিকাশ’ ও ‘ভিরাসত’-কে একসূত্রে বাঁধতে সক্ষম হয়েছেন। অযোধ্যার রামমন্দির থেকে কাশী বিশ্বনাথ ধাম, মহাকাল লোক থেকে কেদারনাথ পুনর্নির্মাণ – ভারতের সাংস্কৃতিক আত্মমর্যাদা পুনরুজ্জীবিত হয়েছে। অন্যদিকে অবকাঠামোগত উন্নয়নও দ্রুত এগিয়েছে – ‘বন্দে ভারত’, ‘উড়ান বিমানবন্দর’, ‘PM GatiShakti’, ‘Digital India’ এবং ‘ইউপিআই’ ভারতকে ডিজিটাল জনপরিকাঠামোর ক্ষেত্রে বিশ্বের অন্যতম অগ্রণী শক্তিতে পরিণত করেছে।
মোদি সরকারের বিশেষত্ব
পূর্ববর্তী কেন্দ্রীয় সরকারগুলির সঙ্গে মোদি সরকারের পার্থক্য স্পষ্ট। নেহরুজি বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, কিন্তু তাঁর সময়ে লাইসেন্স-কোটা রাজেরও বিস্তার ঘটে। ইন্দিরাজি ১৯৭১ সালে দৃঢ় নেতৃত্বের পরিচয় দিয়েছিলেন, কিন্তু তাঁর আমলেও কেন্দ্রীকরণ ও পরিবারতান্ত্রিক রাজনীতির প্রবণতাও বৃদ্ধি পায়। এর বিপরীতে, মোদিজি পরিবারতন্ত্র, জাতপাতের রাজনীতি ও দুর্নীতির পরিবর্তে কর্মদক্ষতা ও কার্যসম্পাদনভিত্তিক রাজনীতির উপর জোর দিয়েছেন।
এই ২৫ বছর শুধু শাসনের ২৫ বছর নয়, এটি দরিদ্রকল্যাণ, জাতীয় নিরাপত্তা, সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বের ২৫ বছর। জি২০-র সভাপতিত্ব থেকে চন্দ্রযান, গ্লোবাল সাউথ থেকে ‘আত্মনির্ভর ভারত’ – আজ বিশ্বমঞ্চে ভারতের বক্তব্য বিশেষ প্রাধান্য পায়। মায়ের শিক্ষায় শিক্ষিত মোদিজি সৎ উদ্দেশ্য নিয়ে এবং দরিদ্র মানুষের কল্যাণার্থে নিজেকে নিমজ্জিত করা – ২৫ বছরের এই সাফল্যসাধনা যেন সেই সুশিক্ষারই প্রতিফলন ও নিদর্শন।
গান্ধীনগর থেকে দিল্লি পর্যন্ত এই যাত্রা শুধু তাঁর ব্যক্তিগত যাত্রা নয়। এটি ভারতেরও যাত্রা – সন্দেহ থেকে আত্মবিশ্বাসে, ভঙ্গুরতা থেকে শক্তিতে, তুষ্টিকরণ থেকে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর পথে।
তাঁর দেশপ্রেম – সেবা ও সুশাসন দীর্ঘজীবী হোক।