দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
PM Modi

অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের 'নব রূপকার' মোদি

সুদীর্ঘ যাত্রাপথে নরেন্দ্র মোদিকে কখনও নির্বাচনী পরাজয়ের সম্মুখীন হতে হয়নি। লিখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
Biswadip Dey
01:15 PM Oct 06, 2026 IST
সুদীর্ঘ যাত্রাপথে নরেন্দ্র মোদিকে কখনও নির্বাচনী পরাজয়ের সম্মুখীন হতে হয়নি। লিখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি বিশ্বাস করেন: একটি রাস্তা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা একজন কৃষককে বাজারের সঙ্গে সংযুক্ত করে। কতখানি কাজ হল, সেই নিরিখে, 'সুশাসন' কথাটিকে বিচার করায় তিনি বিশ্বাসী। তাঁর এই রাজনৈতিক দর্শনই অসমকে বদলে দিয়েছে। পরিবর্তন এনেছে 'অ্যাক্ট ইস্ট' নীতিতে। লিখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

জনজীবনে, ২৫টি বছর! বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায়, একটি নির্বাচিত সরকারের প্রধান রূপে, টানা এত দিন ধরে দায়িত্ব পালন– এক অসাধারণ ঘটনা। ২০০১ সালের ৭ অক্টোবর নরেন্দ্র মোদি (PM Modi) গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এরপর, ধারাবাহিকভাবে ৩ বারের প্রধানমন্ত্রী তিনি। মনে রাখতে হবে, এ দেশে নির্বাচনের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হয়। তবে সুদীর্ঘ যাত্রাপথে নরেন্দ্র মোদিকে কখনও নির্বাচনী পরাজয়ের সম্মুখীন হতে হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অনুমোদন নিরবচ্ছিন্নভাবে ধরে রেখেছেন। নিজের কাজের প্রাসঙ্গিকতা ও বিশ্বাসযোগ্যতা প্রমাণ করেছেন। সেই সঙ্গে পূরণ করেছেন আপামর মানুষের প্রত্যাশা। নিরন্তর ও নিরলসভাবে পথ চলার যে বিরল গণতান্ত্রিক সাফল্য অর্জন করেছেন, তার নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উন্নয়ন যখন রাজনীতির ভাষা

রাজনৈতিক আলোচনার কেন্দ্রে তুলে এনেছেন ‘উন্নয়ন’-কে। বদলে গিয়েছে রাজনীতির ভাষা, বয়ান, প্রেক্ষিত। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়েই ‘প্রথাগত’ ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। ভোট ব্যাঙ্কের সংকীর্ণ হিসেবনিকাশের চেয়ে ঢের বেশি গুরুত্ব আরোপ করেছিলেন সুশাসন, পরিকাঠামো, বিনিয়োগ, স্বার্থশূন্য জনসেবায়। এই দৃষ্টিভঙ্গিকে, প্রধানমন্ত্রী রূপেও, জাতীয় স্তরে প্রসারিত করতে চেয়েছেন।

২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এরপর, ধারাবাহিকভাবে ৩ বারের প্রধানমন্ত্রী তিনি। মনে রাখতে হবে, এ দেশে নির্বাচনের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হয়। তবে সুদীর্ঘ যাত্রাপথে নরেন্দ্র মোদিকে কখনও নির্বাচনী পরাজয়ের সম্মুখীন হতে হয়নি।

গত এক দশকে আমরা পরিকাঠামো, ডিজিটাল ব্যবস্থা, জনকল্যাণমূলক পরিষেবা প্রদানের প্রশ্নে অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছি। মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, রেলপথ, বিমানবন্দরের প্রসার ঘটেছে। ‘ডিজিটাল ইন্ডিয়া’– নাগরিক, বাজার এবং প্রশাসনের আন্তঃসম্পর্ক মধ্যকার সম্পর্ককে বদলে দিয়েছে। ‘ইউপিআই’ (UPI) দৈনন্দিন লেনদেনের পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধিকে– ‘স্বচ্ছ ভারত’ অভিযান– জননীতির কেন্দ্রে প্রতিস্থাপিত করেছে। ‘জল জীবন মিশন’ গ্রামীণ পরিবারে কলের জল পৌঁছে দিতে উদ্যোগী। ‘উজ্জ্বলা যোজনা’ লক্ষ লক্ষ নারীকে রান্নার জন্য জ্বালানি সরবরাহ করেছে। উৎপাদন খাতে ও আত্মনির্ভরতা প্রতিষ্ঠায় ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ নতুন গতি এনেছে।

প্রধানমন্ত্রী সর্বদাই জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রার সঙ্গে সাধারণ ভারতীয়দের দৈনন্দিন জীবনের উন্নতির যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন– একটি রাস্তা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা একজন কৃষককে বাজারের সঙ্গে সংযুক্ত করে। তিনি বিশ্বাস করেন– একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন তা একজন নারীকে তাঁর নিজস্ব অর্থের উপর সহজাত অধিকার ও নিয়ন্ত্রণ প্রদান করে। যে পরিবার এক সময়ে জলের জন্য দূরবর্তী উৎসের উপর নির্ভরশীল ছিল, তাদের কাছে কলের সংযোগ কেবল একটি পরিকাঠামো নয়, তার চেয়েও বেশি কিছু, যা বেঁচে থাকার তাৎপর্যকে অন্যভাবে প্রতিফলিত করে। এক বা একাধিক রাজনৈতিক সিদ্ধান্ত ও তার ফলিত প্রয়োগের সুবাদে যে ‘আউটকাম’ বা পরিণতি উঠে আসে বাস্তবে– তাতে আলাদা গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ফলে, সরকারের থেকে নাগরিকদের প্রত্যাশায় পরিবর্তন ঘটে। ধীরে ধীরে নির্ভরতা বাড়ে। ‘সুশাসন’ শব্দটিকে ঘোষণার নিরিখে নয়, বরং কাজের বাস্তবায়নের নিরিখেই বিচার করা উচিত– তিনি বিশ্বাস করেন।

গত এক দশকে আমরা পরিকাঠামো, ডিজিটাল ব্যবস্থা, জনকল্যাণমূলক পরিষেবা প্রদানের প্রশ্নে অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছি। মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, রেলপথ, বিমানবন্দরের প্রসার ঘটেছে।

তাঁর নেতৃত্বের আর-একটি বৈশিষ্ট্য: বৃহৎ পরিসরে ও ব্যাপ্ত দৃষ্টিভঙ্গি-সহ চিন্তা করার মানসিকতা। পরিকাঠামো, ডিজিটাল সংযোগ, উৎপাদন, পরিচ্ছন্নতা, আর্থিক অন্তর্ভুক্তি বা জাতীয় নিরাপত্তা– যে ‘লক্ষ্য’-ই হোক না কেন, বিচ্ছিন্ন কিছু প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে সামগ্রিক ব্যবস্থায় রূপান্তর আনতে বরাবর জোর দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী।

 

এর পাশাপাশি, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের আত্মবিশ্বাসের ছবিটিও যথেষ্ট দৃশ্যমান। যেমন ‘জি২০’-র নেতৃত্বভার সামলানো। তা এমন একটি দেশের অগ্রগমনের কথা বলে, যে-দেশে তার দায়িত্ব ও সক্ষমতা সম্পর্কে সচেতন। ‘বিকশিত ভারত’ নেহাত শ্রুতিমধুর শব্দবন্ধ নয়। তা শুধু অর্থনৈতিক লক্ষ্যকে স্পর্শ করার কথা বলে না। বরং জাতিগঠনের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। আধুনিক, আত্মবিশ্বাসী, প্রযুক্তিগতভাবে সক্ষম এবং অন্তর্ভুক্তিমূলক চিন্তায় বিশ্বাসী একটি দেশের স্বপ্নকে বিজ্ঞাপিত করে।

এক বা একাধিক রাজনৈতিক সিদ্ধান্ত ও তার ফলিত প্রয়োগের সুবাদে যে ‘আউটকাম’ বা পরিণতি উঠে আসে বাস্তবে– তাতে আলাদা গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ফলে, সরকারের থেকে নাগরিকদের প্রত্যাশায় পরিবর্তন ঘটে। ধীরে ধীরে নির্ভরতা বাড়ে।

নর্থ-ইস্ট নীতির নবায়ন
শাসনব্যবস্থার দর্শনে যে-পরিবর্তন এসেছে, তা উত্তর-পূর্বাঞ্চলেই সবচেয়ে বেশি দৃশ্যমান। অসম এবং সংলগ্ন বৃহত্তর অঞ্চলের ঐতিহাসিক অভিজ্ঞতাকে উপেক্ষা করা যায় না। দশকের পর দশক ধরে এমন একটি ‘ধারণা’ প্রচলিত ছিল যে, জাতীয় নীতি-নির্ধারণের কেন্দ্রবিন্দু থেকে উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিক ও মানসিক– অনেকটা দূরে রয়েছে। তার ফলে অবহেলার অনুভূতি তৈরি হয়েছিল। উত্তর-পূর্বাঞ্চলের রাজনৈতিক চেতনায় গভীর ছাপ ফেলেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপলব্ধি করেছিলেন যে, কথার ফুলঝুরি দিয়ে এই ঐতিহাসিক ব্যবধান দূর করা সম্ভব নয়। উত্তর-পূর্বাঞ্চলের প্রয়োজন ছিল যথোচিত উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থায় রদবদল, শান্তি প্রবর্তন, প্রচুর বিনিয়োগ, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। সে উন্নয়নের চেহারা বহুরৈখিক। দরকার ছিল উত্তর-পূর্বাঞ্চলের আত্মপরিচিতি ও সাংস্কৃতিক স্বীকৃতি। সর্বোপরি, প্রয়োজন ছিল একটি দূরবর্তী সীমান্ত এলাকা রূপে উত্তর-পূর্বাঞ্চল না দেখে ভারতের অবিচ্ছেদ্য অংশ ও চালিকাশক্তি হিসেবে বিবেচনা করার বোধটিকে সঞ্চারিত করা।
সেই উপলব্ধির উপর ভিত্তি করেই গত এক দশকে কেন্দ্রের কর্মকৌশল ও দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলকে ‘অষ্টলক্ষ্মী’ বলে অভিহিত করেছেন। এখানকার ৮টি রাজ্যের বিপুল সম্ভাবনাকে তুলে ধরেছেন। ভূ-প্রাকৃতিক অবস্থান ও তজ্জনিত অর্থনৈতিক সমৃদ্ধির উপর বারবার জোর দিয়েছেন। দেশের উন্নয়নের মানচিত্রে এর ফলে ‘অ্যাক্ট ইস্ট’ নীতি শুধু কেন্দ্রবিন্দুতে উঠে আসেনি, পৃথক মর্যাদা পেয়েছে।

অসমকে দেখুন। পরিবর্তন তো দৃশ্যমান। যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। গুয়াহাটি রিং রোড, কাজিরাঙা এলিভেটেড করিডর, শিলচর হাই-স্পিড করিডর, গোহপুর-নুমালিগড় সংযোগ প্রকল্পের মতো বৃহৎ কর্মকাণ্ড রোজের যাতায়াত ও বাজার-সংযোগের নতুন মাত্রা যোগ করছে। ব্রহ্মপুত্র নদ, যা এক সময় কিনা সংযোগের ক্ষেত্রে বিশাল প্রতিবন্ধক বলে বিবেচিত হত, তা এখন সুযোগের সেতুবন্ধনে পরিণত। নতুন নতুন সেতু নির্মিত হয়েছে ব্রহ্মপুত্রের বুকে। আরও বেশ কয়েকটি সেতুর নির্মাণকাজ চলছে। রেলপথের বৈদ্যুতিকীকরণ, আকাশপথে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, বিমানবন্দরের কাঠামোগত উন্নয়ন– অসমকে জাতীয় অর্থনীতির সঙ্গে নিবিড় বাঁধনে বেঁধেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার রূপে অসম এখন একটি সম্ভাবনাময় নাম।

অর্থনীতির বাঁকবদল
শিল্পখাতেও কি প্রভূত রূপান্তর আসেনি? দীর্ঘ দিনের অভিযোগ, অসমে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও, সেসব কাজে লাগে না, পরিত্যক্ত-সম। অর্থাৎ সম্পদ আছে কিন্তু তা শিল্পে ও অর্থনীতিতে ‘ভ্যালু’ বা ‘মূল্যমান’ সংযোজিত করতে পারছে না।

সে ছবি এখন পালটাচ্ছে। নুমালিগড় শোধনাগারের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩০ লক্ষমেট্রিক টন থেকে বেড়ে হয়েছে ৯০ লক্ষ মেট্রিক টন। যা, শিল্প ও জ্বালানি সক্ষমতায় অসমকে আরও শক্তিশালী করেছে। জাগিরোডের বন্ধ হয়ে যাওয়া কাগজকলটি এত দিন যেন ছিল হারিয়ে যাওয়া শিল্প-সম্ভাবনার (‘লস্ট ইন্ডাস্ট্রিয়াল অপরচুনিটি’) প্রতীক। এখন, ঠিক সেই জায়গায়, টাটা ইলেকট্রনিক্স প্রায় ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগে একটি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ও টেস্টিং কেন্দ্র স্থাপন করছে। ফলে প্রযুক্তি ও অর্থনীতির এক অত্যাধুনিক খাতের অংশীদার হতে চলেছে অসম।

পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, জৈব-জ্বালানি ও সারশিল্প– অসমের শিল্পভিত্তি এমন এমন দিকে ধাবিত হচ্ছে, যা এক-প্রজন্ম আগেও ছিল অকল্পনীয়। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এ রাজ্যের অর্থনীতি সম্পদ আহরণ থেকে মূল্য সংযোজনে উত্তীর্ণ হতে চাইছে। ভৌগোলিক অবস্থানকে সীমাবদ্ধতা রূপে না-দেখে সেটির রূপান্তর ঘটানো হচ্ছে।

শান্তিকল্যাণ
কিন্তু শান্তিপ্রতিষ্ঠা ছাড়া এই রূপান্তর প্রক্রিয়া কখনওই গতি পেত না। কয়েক দশক ধরে চলা বিদ্রোহ ও হিংসা অসম-সহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের উপর গভীর সামাজিক ও অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছিল। মানুষের মন ছিল সদা-উদ্বিগ্ন ও চঞ্চল। সর্বত্র অনিশ্চয়তা। এমন পরিবেশে কি বিনিয়োগ বিকশিত হতে পারে? যেখানে হিংসা গ্রাস করে রাখে দৈনন্দিন জীবনকে, সেখানে তরুণ সমাজ কি অবাধে স্বপ্ন দেখতে পারে?

না। তাই সাম্প্রতিক বছরগুলিতে শান্তিপ্রতিষ্ঠার উদ্যোগে সবচেয়ে জোর দেওয়া হয়। যা জনসংযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জরুরি ভিত্তি। বোড়ো, কার্বি, আদিবাসী, ডিমাসা, উলফা-সহ বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর সঙ্গে সম্পাদিত চুক্তির ফলে হাজার হাজার সদস্য মূলধারায় ফিরে আসার সুযোগ পেয়েছে। তৈরি হয়েছে– স্থিতিশীলতা ও আস্থার নতুন পরিবেশ। শান্তির কারণেই রাস্তাঘাট নির্মাণ, পর্যটকদের ভ্রমণ, শিল্পখাতে বিনিয়োগ, উদ্যোক্তাদের ঝুঁকি নেওয়ার মতো ঘটনা সম্ভব হয়েছে। উত্তর-পূর্ব ভারতে বিশ্লেষণ করার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে।

মর্যাদা, স্বকীয়তা, উন্নয়ন
কেবল ভৌগোলিক বা অর্থনৈতিক উন্নয়নের সীমাবদ্ধ থাকেনি অসমের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল্যায়ন। ‘ইউনেসকো’ ‘চরাইদেও মইদামস’-কে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে। অসমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর ফলে বিশ্ব সাংস্কৃতিক মানচিত্রে স্থান পেল। অহমিয়া ভাষা পেয়েছে ‘ধ্রুপদী ভাষা’-র মর্যাদা। তারই সুবাদে এখানকার বৌদ্ধিক ঐতিহ্যের প্রসার ঘটেছে। স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করেছে ‘এইমস গুয়াহাটি’। চিকিৎসা, প্রযুক্তি, ও গবেষণার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্প্রসারণ অসমকে পূর্ব ভারতের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছে। এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ যে-বার্তাটি বহন করে, তা হল, উন্নয়নের জন্য কোনও অঞ্চলকে তার নিজস্ব পরিচয় বিসর্জন দিতে হয় না। অর্থনৈতিক আধুনিকীকরণ এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাস– একে অপরের পরিপূরক। তা হাত ধরে চলতে পারে।

নিরবচ্ছিন্ন অভিযাত্রা
একটি নির্বাচিত সরকারের জনপ্রধান রূপে নরেন্দ্র মোদি ২৫ বছরের নিরবচ্ছিন্ন কার্যকাল পূর্ণ করছেন। এই বিশেষ উপলক্ষটি অনন্যতা স্বীকৃতির দাবি রাখে। এ কৃতিত্ব বিরল– দীর্ঘস্থায়িত্বের কারণে। এ কৃতিত্ব তাৎপর্যময়– জনসমর্থন পেয়ে এত দিন ধরে শাসনভার ধরে রাখার কারণে। এ কৃতিত্ব ঐতিহাসিক– শাসনব্যবস্থার পরিধি ও উচ্চাকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতে পারার কারণে। সেই ঐতিহাসিকতার সঙ্গে অসম-সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের জুড়ে রয়েছে।

যে অঞ্চলটিকে একদা দেখা হত অনুন্নয়নের দৃষ্টিতে; ভৌগোলিক দূরত্ব ও ঘন ঘন রাষ্ট্রদ্রোহের জন্য যে-অঞ্চলটি ছিল অবহেলিত– এখন সেখানকার সংযোগ ব্যবস্থা, সেমিকন্ডাক্টর শিল্প, বিনিয়োগ, পর্যটন, আন্তর্জাতিক প্রবেশদ্বার এবং প্রবৃদ্ধির মতো বিষয়ে নিয়ে গভীর আলোচনা হচ্ছে। বলা বাহুল্য, এ রূপান্তর রাতারাতি ঘটেনি। কোনও একটি নির্দিষ্ট প্রকল্পের কৃতিত্ব রূপেও এ ঘটনাকে চিহ্নিত করা যায় না। এটি জাতীয় দৃষ্টিভঙ্গির বৃহত্তর পরিবর্তনের ফসল। এর নেপথ্যে রয়েছে একটি দৃঢ় বিশ্বাস– একটি অঞ্চল উন্নয়নের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন থাকলে, এ-ই ভারত কখনওই ‘বিকশিত ভারত’ হয়ে উঠতে পারবে না। প্রতিটি অঞ্চলের শ্রীবৃদ্ধিই ভারতকে বিকশিত করবে। জাতীয় নীতির কেন্দ্রে ও মর্মে এই কথাটিকে স্থাপন করেছেন নরেন্দ্র মোদি।

অসাধারণ এই মাইলফলক অতিক্রম করার মুহূর্তে, অসমের জনগণের পক্ষ থেকে, আমি তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। ‘সেবা, সংকল্প ও বিকাশ’-এর যাত্রা ভারতকে ‘বিকশিত ভারত @২০৪৭’-এর লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাক। এ কামনা করি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AssamPM Modi
Advertisement
Tags :
AssamPM Modi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন