দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Netaji Subhas Chandra Bose

'সুভাষচন্দ্র দেশেই রয়েছেন', ১৯৭৯-তে দাবি করেন সাংসদ সমর গুহ, কিন্তু বিশ্বাসঘাতক... 

নেহরু পরিবারের রাজনৈতিক কর্মকাণ্ডের তিনি দীর্ঘ সমালোচনা করেছিলেন। তথাকথিত চিতাভস্ম প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'যদি তারা সত্যিই মনে করে মৃত্যু হয়েছিল, তাহলে জাপান থেকে সেই চিতাভস্ম নিয়ে এসে ডিএনএ টেস্ট করতেই পারতো!'
Kishore Ghosh
08:57 PM Oct 06, 2026 IST
নেহরু পরিবারের রাজনৈতিক কর্মকাণ্ডের তিনি দীর্ঘ সমালোচনা করেছিলেন। তথাকথিত চিতাভস্ম প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'যদি তারা সত্যিই মনে করে মৃত্যু হয়েছিল, তাহলে জাপান থেকে সেই চিতাভস্ম নিয়ে এসে ডিএনএ টেস্ট করতেই পারতো!'
ইন্দিরা গান্ধী জানতেন সমরবাবু সত্যি কথা বলছেন।

গুমনামি বাবাই  কি নেতাজি সুভাষচন্দ্র বসু? এই বিষয়ে কোনও নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ নেই। তবে উত্তরপ্রদেশের ফৈজাবাদে (বর্তমান অযোধ্যা) নিঃসঙ্গ জীবন কাটানো ‘গুমনামি বাবা’ বা ‘ভগবানজি’কে অনেকে নেতাজিই মনে করেন। তাহলে সত্যিটা আসলে কী? দীর্ঘ গবেষণায় অসংখ্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে, গুমনামি বাবার সংস্পর্শে আসা ব্যক্তিদের বয়ান ঘেঁটে চমকে দেওয়া উত্তর পেয়েছেন দুই লেখক ও গবেষক সৈকত নিয়োগী ও সৌম্যব্রত দাশগুপ্ত। সংবাদ প্রতিদিন ডিজিটালে প্রকাশিত হচ্ছে সেই ধারাবিবরণী— ‘মহামানবের চরণতলে’।

“জনতা আন্দোলন সম্পর্কে ভগবানজির অত্যন্ত আগ্রহ ছিল। সামাজিক আন্দোলন থেকেই দেশের প্রগতি সম্ভব, তিনি মনে করতেন।” আমার প্রশ্নোত্তর পর্বে উত্তরে বললেন ডাক্তার দশরথ সিং তোমার। অযোধ্যার যে অংশে তাঁর বাড়ি, আগে নাম ছিল ফৈজাবাদ। বিশেষ কারণে গিয়েছিলেন লখনউ। আমাদের অযোধ্যা আসার খবর শুনে অত্যন্ত আনন্দিত হয়ে ফিরে এলেন। “আই অ্যাম বোস” চ্যানেলে ইতিপূর্বে ডাক্তার তোমারের এক দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন গবেষক কুণাল বসু। রহস্যময় সন্ন্যাসীর সংস্পর্শে এসে ব্যক্তিদের মধ্যে অন্যতম যুক্তিবাদী মানুষ দশরথবাবু। ডাক্তারবাবুর বয়স তখন ৩৫। হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন ফৈজাবাদ শহরে। হঠাৎই শহরের নামী সার্জেন ডাক্তার রঘুনাথ প্রসাদ মিশ্রা তাঁকে ডেকে পাঠালেন। এত বড় অ্যালোপ্যাথি ডাক্তার, একজন হোমিওপ্যাথি ডাক্তারের খোঁজ করছেন কি কারণে?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রথমে বেশ অবাক হয়েছিলেন ডাক্তার তোমার। তারপর নির্দিষ্ট স্থানে গিয়ে জানতে পারলেন, মিশ্রাজির এক আত্মীয়ের জন্য হোমিওপ্যাথি ডাক্তারের প্রয়োজন। শারীরিক কোনও ব্যাধির জন্য তিনি শুধুমাত্র হোমিওপ্যাথির উপর ভরসা করেন? রোগীর প্রতি উৎসাহ বাড়ল ডাক্তারবাবুর। চিকিৎসা করতে গিয়ে যা দেখতে পেলেন, চমকে উঠলেন! সুভাষ বাবু! কড়া নির্দেশ ছিল, কোনও অবস্থাতেই সেই বিষয়ে পরিচিত অপরিচিত কোনও পরিসরেই কোনও কথা বলা যাবে না। সেই নির্দেশ ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করেছিলেন ডাক্তার তোমার। ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সন্ন্যাসী সুভাষচন্দ্রের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। সন্ন্যাসী সুভাষচন্দ্র বলেছিলেন, কংগ্রেসের শাসন জনগণের পক্ষে অনুকূল নয়। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গড়ে ওঠার জনতা আন্দোলনের বিষয়ে তিনি আশাবাদী ছিলেন। ডাক্তার তোমারকে তিনি বলেছিলেন, এই আন্দোলন যদি পূর্ণতা পায় এবং স্থায়ী হয় তবে সেই সরকার দেশের অনুকূল হবে।

মুরারকা ধর্মশালায় এই জায়গাটিতে থাকতেন সন্ন্যাসী সুভাষচন্দ্র।

পার্লামেন্টে গৃহীত বিভিন্ন বিল সম্পর্কে তিনি নিজস্ব মতামত ব্যক্ত করতেন। তবে সেই সমস্ত কিছু উপলব্ধি করবার মতো পরিস্থিতি ডক্টর তোমারের ছিল না। মূলত হোমিওপ্যাথি চিকিৎসা, তার উদ্ভব এবং প্রসার প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হত ডাক্তারবাবুর সঙ্গে। বাংলার ডাক্তার মহেন্দ্রলাল সরকার, বিকে বোস, এলাহাবাদের ডাক্তার এসএম সিং প্রমুখের বিষয়ে আলোচনা হত। দীর্ঘদিন ঘোড়ায় চড়া এবং একটা ফিমার ফ্র্যাকচার নিয়ে তিনি সমস্যায় ভুগছিলেন। সেই চিকিৎসার জন্য হোমিওপ্যাথির ওপর আস্থা রাখতেন। হিস্টিরিয়া রোগীর বিষয়ে চিকিৎসায় তিনি বলতেন বাইরে থেকে বিশেষ রকম আতঙ্কের সৃষ্টি করে তাঁর বিশেষ চিকিৎসা করা সম্ভব। হোমিওপ্যাথির মেটেরিয়া মেডিকা বই সম্পর্কে সন্ন্যাসীর গভীর জ্ঞান ছিল।

নেহরু পরিবারের রাজনৈতিক কর্মকাণ্ডের তিনি দীর্ঘ সমালোচনা করেছিলেন। তথাকথিত চিতাভস্ম প্রসঙ্গে তিনি বলেছিলেন, “যদি তারা সত্যিই মনে করে মৃত্যু হয়েছিল, তাহলে জাপান থেকে সেই চিতাভস্ম নিয়ে এসে ডিএনএ টেস্ট করতেই পারতো!” আমরা ডাক্তার তোমারকে জিজ্ঞেস করেছিলাম, বর্তমানে উত্তরপ্রদেশ সরকার ভগবানজি প্রসঙ্গে কোন নির্ণায়ক সিদ্ধান্ত নিচ্ছে না কেন? অন্তত অনুগামী হিসেবে তার কি মনে হয়? এ বিষয়ে তিনি কোন আশাব্যঞ্জক কথা বলতে পারেননি। আজও সুভাষচন্দ্রের বিষয়ে রাজনৈতিক তরজা এতটাই প্রখর যে গুপ্তার ঘাট, রাম ভবন তথা সন্ন্যাসীর অন্যান্য আশ্রয়স্থলগুলি সংরক্ষণের বিষয়ে সরকারি তরফে কোনও সিদ্ধান্ত সম্ভব হয়নি। সন্ন্যাসীর ব্যবহৃত জিনিসপত্র, বইপত্র এইসব অমূল্য ঐতিহাসিক তথ্যের পরিণতি কি? এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত একমাত্র নিতে পারে সরকার। এখানে কোনও দলীয় স্বার্থ থাকতে পারে না। ইতিহাস তার দুর্দমনীয় গতিতে অগ্রসর হবে।

ডাক্তার তোমারকে বিদায় জানিয়ে ভারাক্রান্ত মনে আমরা হোটেলে ফিরলাম। অযোধ্যার পথে প্রান্তে সন্ন্যাসী সুভাষচন্দ্রের অনুসন্ধানে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। পরের দিনের গন্তব্যস্থলগুলি সম্পর্কে পুরোনো রিপোর্ট পড়তে পড়তে সেই রাত্রে আর ঘুম এলো না।

পরের দিন সকাল দশটা। রাজকুমারজির কাছে যাওয়ার আগে আরেকটা নাম মনে পড়ল---শ্রী কৃষ্ণ গোপাল শ্রীবাস্তব। ধর্ম শাস্ত্র সংস্কৃততে পণ্ডিত এই অধ্যাপকের সঙ্গে ভগবানজির ইতিহাস ধর্ম এবং দর্শন প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হতো। সাংবাদিক শ্রী অশোক ট্যাণ্ডনের গবেষণায় তাঁর কথা পড়েছিলাম। গবেষণার স্বার্থে অশোকবাবু প্রথম যখন তাঁর সাক্ষাৎকার নিতে যান, তিনি সন্ন্যাসীর বিষয়ে বিশেষ কিছুই বলতে চাননি। পরে অবশ্য মন্ত্রগুপ্তির শপথ রেখেই কিছুটা বলতেন। কৃষ্ণ গোপালবাবু সাকেত বিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সন্ন্যাসী সুভাষচন্দ্র তাঁকে মাস্টার বলে ডাকতেন। মাস্টার মশাইয়ের পুত্র এবং পরিবার পুরানি বাস্তিতে সুভাষবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। সাংবাদিক অশোক ট্যাণ্ডনকে ফোন করে তাদের কথা জিজ্ঞেস করলাম। তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করে এই সফর শেষ করব না, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। অশোকজি জানালেন, প্রায় এক দশক তাদের সঙ্গে কোনও সাক্ষাৎ হয়নি। তবে সাকেত স্কুলের পিছনে তাদের বাড়ি ছিল। সেখানে পারিবারিক সূত্রে নৃত্য কলার একটা স্কুল ছিল। সেখানে গিয়ে খোঁজ করলে তাদের সন্ধান পাওয়া যাবে। এইটুকু সম্বল করে আমরা খুঁড়তে খুঁজতে সাকেত বিদ্যালয়ের কাছে গিয়ে পৌঁছালাম।

মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাস্তায় জল জমে গিয়েছে। কিন্তু গবেষক কুণাল বসুর মুখে কোন বিরক্তি নেই । “দেরি হোক, এতটা কাছে থেকে দেখা না করে আর ফিরে যাব না।” জমা জলের কারণে গাড়িটা কিছু দূরে রেখে আমি কৃষ্ণ গোপালবাবুর পরিবারের সন্তানের রাস্তায় নামলাম। বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করতে করতে গলিটা খুঁজে পেলাম। বাড়ির সামনে পৌঁছে মাথায় আকাশ ভেঙে পড়ল। বাড়িটা তালা বন্ধ অবস্থায় বহুদিন পড়ে আছে বলে মনে হয়। তাহলে সেই পরিবারের সঙ্গে কি আর সাক্ষাৎ হবে না? অনিশ্চয়তার থেকেও বেশি উদ্বেগ। এই নামটা তাহলে ইতিহাস থেকে মুছে গেল? ঠিক তখনই!

ভগবানজির হাতে আঁকা রহস্যময় ভারতে প্রবেশপথ।

“উয়ো লোগ তো চলে গয়ে!” উলটে দিকের বাড়িতে আমার সমবয়সি একজনকে পেলাম। নিজের পরিচয় দিয়ে বিস্তারিত কথা বলতে জানতে পারলাম কৃষ্ণ গোপাল বাবুর পুত্র রঞ্জন কিছুটা দূরে থাকেন। এই বাড়ি তারা ছেড়ে দিয়েছেন। আরেকটু খোঁজখবর করতে রঞ্জনবাবুর নম্বর পেলাম। প্রায় ১৫ বছর আগে এই বাড়িতে আসার স্মৃতিপট হাতড়ে ফেসবুক থেকে তাঁর সঙ্গে তোলা ছবিটা খুঁজে বের করে দেখাতেই কাজ হল। রঞ্জনবাবুর ফোন নম্বর পেলাম। দ্রুত ফোন করে জানতে পারলাম তিনি একটা স্কুলে পড়ান এবং তখন ক্লাস নিচ্ছেন। আমাদের রাত্রে আসতে বললেন। কিন্তু সেই বিলাসিতা আমাদের কোথায়?

আমাদের পরিস্থিতির কথা জানিয়ে তাঁকে স্কুল থেকে বের করিয়ে তাঁর ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করলাম। রঞ্জনবাবুর কাছে আজও সন্ন্যাসী সুভাষচন্দ্রের হাতের লেখায় দেবনাগরী হরফে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ছিল। তখন রঞ্জনবাবুর বয়স মাত্র নয়। তাঁকে সংস্কৃত অধ্যায়নের জন্য সুভাষবাবু এই মন্ত্রটি লাল কালিতে লিখে দিয়েছিলেন। ছোটবেলার স্মৃতি যতটুকু মনে আছে তিনি বললেন। “রানজান নহি, একদম বাঙালিও কি তারহা, বো বোলতে থে, ‘রঞ্জন’! ‘মা জগদম্বে, রসগোল্লা লাও! রঞ্জন আয়া হ্যায়’! কভি রসগুল্লা নহি বোলতে থে।” এই কথাটা এখনও রঞ্জনবাবুর কানে বাজে!

আমাদের মুখে উত্তরপ্রদেশের সন্ন্যাসীর বিভিন্ন আস্তানার কথা, তাদের পরিবারের কথা শুনে তিনি বেশ অবাক হলেন।

“আপনার কি মনে হয় তিনি সুভাষচন্দ্র ছিলেন?” কিছুতেই এই প্রশ্নের সরাসরি উত্তর দেন না রঞ্জনবাবু। কেন? ক্যামেরা বন্ধ করে জিজ্ঞেস করতে বললেন, মন্ত্রগুপ্তির শপথ তিনি জীবনের শেষ দিন পর্যন্ত রাখতে চান। তার বাবা কৃষ্ণ গোপালবাবুর সঙ্গে বেদান্ত প্রসঙ্গে আলোচনা হতো। সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা বলতেন। ধর্মীয় সংহতি এবং বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থকে জানাই ভারতের সাম্প্রদায়িক সমস্যার স্থায়ী সমাধান বলে তিনি মনে করতেন। গীতা, কোরান, উপনিষদ, বাইবেল, ত্রিপিটক, সমস্ত ধর্মগ্রন্থেই সন্ন্যাসী সুভাষচন্দ্রের অগাধ পাণ্ডিত্য ছিল। রঞ্জনবাবুর চোখ ছল ছল করে উঠল। বিদায় সম্ভাষণ কালে জানালেন, পুরানি বাস্তিতে আজ আর কিছু নেই। জায়গাটা একদম বদলে গিয়েছে। রাজবাড়িটা অন্তত দূর থেকে একবার যেন আমরা দেখে যাই। সুভাষবাবুর সুরক্ষার জন্য রাজ পরিবারের পক্ষ থেকে ব্যবস্থাপনা করা হয়েছিল।

রঞ্জনবাবুকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি রওনা দিল সেই নির্মীয়মান মন্দিরের দিকে, যেখানে তদারকির দায়িত্বে সস্ত্রীক রাজকুমার শুক্লা। রাজকুমারজির স্ত্রী মাধুরী দেবী আমাদের সঙ্গে গাড়িতে চললেন পুরানি বস্তিতে নিজের বাড়ির দিকে। প্রায় ঘণ্টা দেড়েকের পথ। আমাদের আলোচনা সাক্ষাৎকার চলতে থাকলো গাড়িতে। আমাদের মুখে উত্তরপ্রদেশের সন্ন্যাসীর বিভিন্ন আস্তানার কথা, তাদের পরিবারের কথা শুনে তিনি বেশ অবাক হলেন। হয়তো ভাবতেই পারেননি কলকাতার কেউ এতটা গভীরে তাদের কথা জানবে। আমরা জয়শ্রী পত্রিকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে এতটা ঘনিষ্ঠভাবে যুক্ত প্রায় ২ দশক ধরে। সাংসদ সমর গুহের কথা মাতাজি স্বরস্বতী দেবী শুক্লা জীবনের শেষ দিন পর্যন্ত বলতেন।

সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ প্রয়াত সাংসদ সমর গুহ।

১৯৭৯ সালের ২২ জানুয়ারি কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সমরবাবু ঘোষণা করেছিলেন সুভাষচন্দ্র বসু দেশেই রয়েছেন, সুস্থ রয়েছেন। কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছিল একটা ছবিকে কেন্দ্র করে। বিশ্বাসঘাতকতা সব সময় কাছের লোকের কাছ থেকেই আসে। সমরবাবুকে একটা মর্ফড ছবি দিয়েছিল ভগবানজি অনুগামীদেরই একজন। সোদপুর আশ্রমে গান্ধীজির সঙ্গে পায়চারিরত শরৎচন্দ্র বসুর মুখের আদল নিয়ে তৈরি সেই ছবি দেখে বৃদ্ধ বয়সে সমরবাবুর পক্ষে সেই ছবি জ্বালিয়াতি ধরা সম্ভাব হয়নি। সংসদে সমর বাবুর মানহানির চেষ্টা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও করা হয় রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়ের উদ্যোগে। শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধীর মধ্যস্থতায় সেই সমস্ত আইনি জটিলতা থেকে সমরবাবু মুক্ত হন। কারণ, ইন্দিরা গান্ধী জানতেন, সমরবাবু সত্যি কথা বলছেন। সুভাষচন্দ্র দেশেই রয়েছেন!

মাধুরী ম্যাডামের সঙ্গে আমাদের আলোচনা চলতে থাকে অবিরাম। সন্ন্যাসী নিজে সম্পর্কে কী বলতেন, অনিতা পাফ কি সত্যিই তাঁর কন্যা? “ইয়ে সব ঝুট হ্যায়! বো খুদ বোলতে থে, ইয়ে নেহরু কা সাজিশ হ্যায়!” কিন্তু কেন? তিনি জানালেন, বিমান দুর্ঘটনায় মৃত্যুর মিথ্যে রটনাকে সত্যি প্রমাণ করার জন্য এই কন্যার সৃষ্টি। আমাদের মনে পড়ছিল নেতাজির নিজের ভাই সুরেশবাবু মৃত্যুর আগে এই কথা লিখিতভাবে জানিয়ে গিয়েছেন। সুরেশচন্দ্র বসুর সঙ্গে সন্ন্যাসী সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ১৯৫৬ সালের শাহনওয়াজ খানের নেতৃত্বে ঘটা তদন্তের সঙ্গে দ্বিমত পোষণ করে সুরেশবাবু সেই কমিটি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তিনি লিখেছিলেন--- ডিসেনটিয়েন্ট রিপোর্ট। সেই রিপোর্টের একটা প্রতিলিপি সন্ন্যাসীর ব্যক্তিগত সংগ্রহ থেকে উদ্ধার হয়েছে, যেখানে সুরেশবাবু স্ত্রীর হাতের লেখা রয়েছে।

পুরানি বস্তিতে আমরা মাতাজি সরস্বতী দেবী শুক্লার বাড়িতে এসে পৌছালাম। আলাপ হল, মাতাজির বড় নাতি দীপনারায়ণ শুক্লার সঙ্গে। সুভাষবাবুকে কাছ থেকে দেখার স্মৃতি আজও তাঁর স্মরণে রয়েছে। অত্যন্ত সাধারণ সেই বাড়িতেই দীপনারায়ণের নার্সারি। প্রবেশদ্বার তবে সাজানো বিভিন্ন গাছে শোভিত। এই অঞ্চলটির নাম বস্তি হল কিভাবে? উত্তরপ্রদেশের বস্তি শহরের প্রাচীন নাম ছিল ‘বৈশিষ্ঠী’। ঋষি বশিষ্ঠের সঙ্গে সম্পর্কিত। তবে ‘বশিষ্ঠ নগর’ থেকে সরাসরি ‘বস্তি’ নামের উৎপত্তি হয়েছে, এমন নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। অনেকে এমনটা বলে থাকেন।

কলকাতার বউবাজার অঞ্চলের এক চশমার দোকান থেকে করানো হয়েছিল ভগবানজির একটি চশমা। পুরানি বস্তিতে মাতাজির বাড়িতে আজও তা সংরক্ষিত রয়েছে।

একটি প্রচলিত মত অনুসারে, প্রাচীন জনবসতি বা ‘বসতি’ শব্দ থেকেই শহরটির নাম বস্তি হয়েছে। সঠিক নামকরণের ইতিহাস আজও নিশ্চিত নয়। তবে শেক্সপিয়ার যেমনটা বলেছেন, নামে কি আসে যায়? বিশেষত আমরা যখন সন্ন্যাসী সুভাষচন্দ্রের সন্ধানে বেড়িয়েছি, যিনি সাংবাদিক অশোক ট্যাণ্ডনের কথিত “গুমনামী” জীবনে ইতিহাস হয়ে রয়েছেন।

গুড় আর তিলের মিষ্টি, জল এলো। আমরা ঘরে আতিথেয়তা পেলাম, সেখানেই মাতাজি সরস্বতী দেবীর জীবনাবসান ঘটে। ঘরে একটা বড় করে মাতাজির ছবি টাঙানো রয়েছে। সন্ন্যাসী সুভাষচন্দ্র নিজের কাছে গোরক্ষপুর প্রেসের ছাপানো একটা গীতা এবং শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের যৌথ একটি ছবি সঙ্গে রাখতেন। ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসের পরে সেই রকম বেশ কিছু জিনিস মাতাজি নিজের কাছে নিয়ে এসেছিলেন। দীপনারায়ণজি একের পর এক ঐতিহাসিক রত্ন আমাদের সামনে রাখতে লাগলেন। নৈমিষারণ্য চক্রতীর্থের পুরনো ছবি, নেপালের কপিলাবস্তুতে পিতা মহাদেব মিশ্রার সঙ্গে সরস্বতী দেবীর ছবি--- এমন আরও অনেক কিছু তিনি আমাদের দেখালেন।

আমরা অবাক হয়ে গেলাম কলকাতার বউবাজার অঞ্চলের এক চশমার দোকান থেকে করানো হয়েছিল ভগবানজির একটি চশমা। পুরানি বস্তিতে মাতাজির বাড়িতে আজও তা সংরক্ষিত রয়েছে। অনেকেই এই পরিবারকে অনেক ধরনের প্রলোভন দেখিয়েছে জিনিসগুলো হস্তগত করার জন্য। কিন্তু ভগবানজি তথা নেতাজি সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি তাদের অটুট রয়েছে। ভাবলে অবাক হতে হয়, নেতাজিকে নিয়ে, তার ব্যবহৃত দ্রব্যাদি নিয়ে দেশজুড়ে ব্যবসা করার কথা কেউ কিভাবে ভাবতে পারে? অথচ তাই ঘটেছে। এইসব দেখে মনে হয় কিছুই বদলায়নি। সারা দেশ জুড়ে কেমন নেতাজির অজস্র অনুগামী রয়েছে, সমুদ্র মন্থনে উঠে আসা বিষের মতো রয়েছে বিশ্বাসঘাতকেরাও!

(পরবর্তী পর্ব বৃহস্পতিবার, ৮ অক্টোবর)

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
‪‪‎GumnamiBabaNetaji Subhas Chandra Bose
Advertisement
Tags :
‪‪‎GumnamiBabaNetaji Subhas Chandra Bose

নিয়মিত খবরে থাকতে ফলো করুন