দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Gen Z

'ইন্ডিয়া' নয়, নজরে জেন জি

ক'দিন আগে 'ইন্ডিয়া' জোটের বৈঠক হয়ে গেল দিল্লিতে। ইতিপূর্বে পাটনা, মুম্বই, বেঙ্গালুরু-সহ যতগুলি জায়গায় জোটের বৈঠক হয়েছিল সবক'টি 'কভার' করেছি। লক্ষ করেছি, বৈঠকগুলি নাম-কে-ওয়াস্তে। ঘণ্টা দু'-তিনেক ধরে সব দলের নেতৃত্ব বক্তব্য রাখেন।
Subhodeep Mullick
12:05 PM Oct 07, 2026 IST
ক'দিন আগে 'ইন্ডিয়া' জোটের বৈঠক হয়ে গেল দিল্লিতে। ইতিপূর্বে পাটনা, মুম্বই, বেঙ্গালুরু-সহ যতগুলি জায়গায় জোটের বৈঠক হয়েছিল সবক'টি 'কভার' করেছি। লক্ষ করেছি, বৈঠকগুলি নাম-কে-ওয়াস্তে। ঘণ্টা দু'-তিনেক ধরে সব দলের নেতৃত্ব বক্তব্য রাখেন।
'ইন্ডিয়া' জোটের সাম্প্রতিক বৈঠক। নয়াদিল্লি। ৩০ সেপ্টেম্বর, ২০২৬।

বিরোধীদের 'ইন্ডিয়া' জোট শুরু থেকেই ঐক্যবদ্ধ হতে পারেনি। যাঁকে জোটের 'জয়প্রকাশ নারায়ণ' হওয়ার কথা বলা হয়েছিল, সেই নীতীশ কুমার মাঝপথে বিজেপির দিকে পালিয়ে যান। সংসদে কখনও কখনও জোটের ছবিটা দেখা গেলেও কোনও নির্বাচনেই বিজেপির বিরুদ্ধে সার্বিক ঐক্য হয়নি। তার ফলে দেশ প্রায় দখল করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই মুহূর্তে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ২১টি রাজ্যে ক্ষমতায়। একমাত্র দক্ষিণ ভারত ছাড়া সব দিকেই গেরুয়া পতাকা। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ দখলের স্বপ্নও বিজেপি সফল করেছে।

ক'দিন আগে 'ইন্ডিয়া' জোটের বৈঠক হয়ে গেল দিল্লিতে। ইতিপূর্বে পাটনা, মুম্বই, বেঙ্গালুরু-সহ যতগুলি জায়গায় জোটের বৈঠক হয়েছিল সবক'টি 'কভার' করেছি। লক্ষ করেছি, বৈঠকগুলি নাম-কে-ওয়াস্তে। ঘণ্টা দু'-তিনেক ধরে সব দলের নেতৃত্ব বক্তব্য রাখেন। তারপর কংগ্রেসের উদ্যোগে একটি প্রেস কনফারেন্স করে কিছু কর্মসূচি ঘোষণা হয়। সেগুলি কার্যকর হল কি হল না কেউ খবর রাখে না। বিজেপিকে হারাতে ৫৪৩টি আসনেই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায়নি। ফলত, বৈঠকগুলির ফল হয়েছে অন্তঃসারশূন্য। বিজেপির কোনও ক্ষতিই হয়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সম্প্রতি দিল্লিতে যে-বৈঠকটি হল, সেখানে আবারও অনৈক্যের ছবি স্পষ্ট। দিল্লিকেন্দ্রিক দল 'আম আদমি পার্টি' কয়েকটি রাজ্যে জায়গা তৈরি করেছে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কংগ্রেসের দূরত্বের জেরে দুই দলের সমঝোতা হয়নি। বিশেষ করে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে যেহেতু আপ সরকারের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই, সেই জন্য কেজরিওয়াল বৈঠকে হাজিরই হলেন না। একইভাবে উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে সমাজবাদী পার্টির। বৈঠকে অখিলেশ যাদব ছিলেন না। উদ্ধব ঠাকরেও আসেননি বৈঠকে। তিনি কিছুক্ষণ ভিডিও কনফারেন্সে ছিলেন বলে জানা গিয়েছে। শরদ পাওয়ারকেও ওই বৈঠকে দেখা যায়নি। তবে তাঁর দলের প্রতিনিধিত্ব ছিল।

'ইন্ডিয়া' গঠনের অন্যতম কারিগর ছিলেন ডিএমকে প্রধান এম. কে. স্ট্যালিন। বিধানসভা নির্বাচনে স্ট্যালিনের পরাজয়ের পর কংগ্রেস যেভাবে বিজয় খলপতিকে মুখ্যমন্ত্রী হতে সমর্থন দেয়, তাতে ব্যাপক চটে যান স্ট্যালিন। সেই সুযোগে নরেন্দ্র মোদি-অমিত শাহরা তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। স্ট্যালিন কংগ্রেসকে শিক্ষা দিতে চান।

কিন্তু প্রকাশ্যে বিজেপির সঙ্গে সখ্য দেখাতে পারছেন না দক্ষিণ ভারতীয় সমীকরণে। তবে ডিলিমিটেশন বিল শর্তসাপেক্ষে তিনি সমর্থন দেবেন বলে বিজেপি নেতৃত্বকে আশ্বস্ত করেছেন। যদিও তাঁর শর্ত মানাও বিজেপির পক্ষে বেশ কঠিন। সেটা একটা দিক। মোদ্দাকথা, স্ট্যালিন বিজেপির দিকে না গেলেও 'ইন্ডিয়া'-র সঙ্গে যে নেই, সেটা বৈঠকে না গিয়ে বুঝিয়ে দিলেন।

ঠিক এরকম পরিস্থিতির মধ্যে কংগ্রেসের পাশে একদিকে বাম, অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা বলে মমতা বাংলায় জোটের দরজা খুলে দিয়েছেন। আগামী বিভিন্ন স্তরের নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে মমতা-তৃণমূলের আসন সমঝোতার পথ প্রস্তুত হয়েছে। কিন্তু কংগ্রেস ও তৃণমূলের নিচুতলায় যে সংঘাত গত ১৪-১৫ বছর ধরে হয়েছে, তারপর এখনই এই সমঝোতা সার্বিক রূপ নেবে বলে মনে হয় না। একইভাবে মমতা ভোটে পরাজয়ের পরই সিপিএম তথা বামেদের সঙ্গেও জোটের প্রস্তাব রেখেছিলেন। সিপিএমের রাজ্য নেতারা তা খারিজ করে দিলেও সম্প্রতি সিপিএমের সাধারণ সম্পাদক এম. এ. বেবির সঙ্গে মমতার ফোনে কথা তাৎপর্যপূর্ণ। এরপরই লক্ষ করা যাচ্ছে, এ রাজ্যের সিপিএমের বেশ কিছু নেতৃত্ব মমতা সম্পর্কে নরম মনোভাব নিয়ে কথা বলছেন।

কালের নিয়মে পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে বাকি দলগুলির জোট হওয়া আশ্চর্যের কিছু নয়। হাত-হাতুড়ি, ফুল বা ফুটবল প্লেয়ারের মিলেমিশে ভোটে যাওয়াও অসম্ভব নয়। কিন্তু সেই সময় আসতে এখনও অনেক দেরি। বামেদের গত ১৫ বছর তৃণমূলের বিরুদ্ধে লড়তে হয়েছে। মমতা তাদের ক্ষমতাচ্যুত করেছিলেন বলে যে ট্রমা এখনও তাদের গ্রাস করে আছে, তা থেকে বেরনো বেশ শক্ত আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্বের। ফলে বিজেপি সরকারের 'আক্রমণ'-এর কথা বলতে গিয়ে তারা তৃণমূলকে টেনে আনছে। এমনভাবে এখনও মমতার সমালোচনা করছে যাতে মনে হয় তৃণমূল নেত্রীই চেয়ারেই বসে আছেন। আসলে, ১৫ বছর ধরে সিপিএমকে অনেক মূল্য দিতে হয়েছে। দলের নিজস্ব ভোটব্যাঙ্ক সরে গিয়েছে বিজেপির দিকে। এমন বিপরীত প্রেক্ষাপটে বাম-মমতার জোট রাতারাতি হয়ে যাবে তা মনে করার কোনও কারণ নেই। অর্থাৎ '২৯ সালের লোকসভার নির্বাচনে মমতার সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হলেও সিপিএমের সঙ্গে হওয়ার সম্ভাবনা এখনও নেই।

পরিস্থিতিটা পুরো দেশেই কম-বেশি একরকম। লোকসভা ভোটে বহু রাজ্যেই 'ইন্ডিয়া'র অস্তিত্বই থাকবে না। ডিএমকে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না তামিলনাড়ুতে। কেরলে কংগ্রেস-সিপিএম মুখোমুখি লড়াই হবে। পাঞ্জাব, দিল্লিতে আপ ও কংগ্রেসের সমঝোতার প্রশ্ন নেই। উত্তরপ্রদেশে বেশি আসন দাবি করলে অখিলেশের সঙ্গে কংগ্রেসের জোট ভেঙে যেতে পারে। বিহারে তেজস্বীর সঙ্গে কংগ্রেস কতটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে তা প্রশ্নের মুখে। যেভাবে বাঁকিপুরে আরজেডি-র শোচনীয় দশা হয়েছে, তাতে বিহারে বিজেপি বিরোধী ভোটের সমীকরণ বদলাতে পারে। তেজস্বীর অপদার্থতায় লালুর দলের ভোটব্যাঙ্কে ফাটল দেখা দিতে পারে।

মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, ছত্তিশগড়, অসমের মতো রাজ্যকে হিন্দুত্বের অঙ্কে দুর্গ বানিয়ে ফেলেছে বিজেপি। এসব রাজ্যেই বিজেপির মূল প্রতিপক্ষ কংগ্রেস। কিন্তু তাদের সংগঠন খুবই খারাপ। ফলে '২৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস এই রাজ্যগুলি থেকে ভাল ফল কিছু করবে বলে কেউ মনে করে না। ওড়িশায় আবার হারানো জমি ফেরাতে তৎপর হয়েছেন নবীন পট্টনায়েক। বিজেপি সরকার খুব দ্রুত জনপ্রিয়তা হারানোয় নবীনের সভা-সমিতিতে ভালই লোকজন হচ্ছে। কিন্তু সমস্যা হল নবীন 'ইন্ডিয়া' জোটে নেই। তিনি অতীতে বাইরে থেকে বিজেপি সরকারকে সমর্থন করেছেন। বিপদেআপদে পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে তিনি ওড়িশায় ভাল ফল করলে 'ইন্ডিয়া' জোটের খুব বেশি লাভ হবে বলে মনে করা যাচ্ছে না। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার স্থানীয় শক্তিগুলি 'ইন্ডিয়া' জোটে নেই।

তবে মহারাষ্ট্রে ঠাকরে পরিবার আবার একসঙ্গে পথ চলা শুরু করা শিবসেনার শক্তি বাড়াবে। কিন্তু তাতে ওই রাজ্যে 'ইন্ডিয়া' বিজেপিকে রুখে দেখে এমন কথা বলার সময় আসেনি। এর বাইরে যেসব ছোট ছোট রাজ্য রয়েছে, তার মধ্যে জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড ছাড়া বিজেপিকে রোখার মতো শক্তি 'ইন্ডিয়া'-র কোথাও নেই। বরং ৫৪৩টি আসনে বিজেপি যখন একটি করেই প্রার্থী যতদূর সম্ভব দাঁড় করাবে, তখন অর্ধেকের বেশি আসনে 'ইন্ডিয়া'-র ভাগ-বাঁটোয়ারা সম্পূর্ণ হবে না বলে মনে করা হচ্ছে।

তবে রাজনীতি পরিবর্তনশীল। ৩টি ভোট মোদিকে সামনে রেখে জিতেছে বিজেপি। খুব স্বাভাবিক প্রক্রিয়ায় এবার তাদের প্রতিষ্ঠান বিরোধিতার মুখে পড়তে হচ্ছে। 'ইন্ডিয়া' যে কাজটা পারেনি, সেটা করে দেখাচ্ছে জেন জি (Gen Z)-রা। তাদের ক্ষোভকে কাজে লাগিয়ে জন্ম হয়েছে 'ককরোচ জনতা পার্টি'-র। এই দলের নেপথ্যে বিদেশি মদত আছে বলে বিজেপির অভিযোগ। পক্ষান্তরে নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধী জোটের সব দল প্রায় এদের পাশে দাঁড়িয়েছে। আর ঠিক এই সময় সামনে এল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যু। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এই অভিযোগ উঠে এসেছে একটি সংবাদপত্রের রিপোর্টে। সুপ্রিম কোর্টের শুনানিতেও প্রশ্নের মুখে জ্ঞানেশবাবু। জল কত দূর গড়ায় তার উপর অনেক কিছু নির্ভর করবে। বিরোধী রাজনৈতিক দলগুলির ব্যর্থতার জন্যই 'ককরোচ জনতা পার্টি'-র মতো জেন জি প্রতিবাদ মঞ্চের জন্ম। তাদের 'যন্তর মন্তর' আন্দোলনের সুবাদে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়েছে। ১২ বছরে প্রথমবার পিছু হঠতে হয়েছে নরেন্দ্র মোদিকে। কিন্তু তার চেয়েও বড় ইস্যু এখন জ্ঞানেশ কুমার। এই ইস্যু আঁকড়ে ধরেছে বিরোধীরা। যে-কাজ তারা পারছে না, তা ককরোচদের মাধ্যমে যদি সম্ভব হয়, সেই লক্ষ্যেই এই সমর্থন।

কিন্তু এও মনে রাখতে হবে, উল্টোদিকে বসে আছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। তাঁরাও নিশ্চয়ই চুপ করে বসে নেই। ছত্রখান 'ইন্ডিয়া' নিয়ে বিজেপি ভাবিত নয়। অনেক বড় ভাবনা জেন জি-দের ক্ষোভ। ফলে আগামী দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ রাজধানীর রাজনীতি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BJPGen ZINDIA Alliance
Advertisement
Tags :
BJPGen ZINDIA Alliance

নিয়মিত খবরে থাকতে ফলো করুন