বিয়ের চারমাসেই বাড়ি বদল! নতুন ঠিকানার খোঁজে আমির খান, আচমকা কী হল?
Kasturi Kundu
বিয়ের চার মাসের মধ্যেই ঠিকানা বদল আমির খানের। তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে বাড়ি ছাড়ছেন বলিউডের মিস্টার পারফেকটশনিস্ট। গত ৫ জুলাই তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমির। এত স্বল্প পরিসরে কেন বাড়ি বদল তারকা দম্পতির? চার মাস পূর্ণ হতে না হতেই এবার তাঁদের নতুন বাড়ির খোঁজ শুরু হয়েছে। বলিউডের ত্রাস বিষ্ণোই গ্যাংয়ের জন্য নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও বিশেষ কারণ? মুম্বইয়ের ইউনিয়ন পার্কের বাড়ি ছেড়ে আমির খানের (Aamir Khan) বর্তমানে ঠিকানা ছিল একটি ভাড়া বাড়ি। সেখানেই জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন। ইমরান হাশমি ও সঞ্জয় দত্তের পড়শি ছিলেন আমির। আচমকা কী হল?
ইউনিয়ন পার্কের বাড়ি বাড়ির পুনর্নির্মাণের কাজ চলার কারণে দেড় বছর আগে ঠিকানা বদল করেছিলেন। নার্গিস দত্ত রোডে একটি ভাড়া বাড়িতেই নতুন সংসার পেতেছিলেন। ইন্ডাস্ট্রির কানাঘুষো, যে আবাসনে থাকছিলেন সেখানেও পুনর্নির্মাণের কাজ শুরু হবে। জানা যাচ্ছে, পালি হিলের যে আবাসনে আমির ভাড়ায় ফ্ল্যাট নিয়েছেন সেটিও পুনর্নির্মাণের চুক্তিতে স্বাক্ষর করেছে। সেই জন্য নববধূ গৌরীকে নিয়ে নতুন ঠিকানার খোঁজে আমির।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, শহরতলির কোনও একটি অ্যাপার্টমেন্টে থাকতে পারেন সস্ত্রীক আমির খান। তাঁদের পছন্দ ও চাহিদা অনুযায়ী সাজিয়ে তোলা হবে নতুন বাড়িটি। ৬১ বছর বয়সি আমিরের কেরিয়ারের তুলনায় চর্চায় থাকে ব্যক্তিগতজীবন, তা বললে অত্যুক্তি হবে না। মিডিয়া রিপোর্ট মোতাবেক, নার্গিস দত্ত রোডের আবাসনে আমির খান চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতেই তাঁদের সেখান থেকে অন্যত্র যেতে হতে পারে। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় একাধিক সম্পত্তির পাশাপাশি পঞ্চগনিতেও রয়েছে একটি ফার্মহাউস।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, পুনর্নির্মাণের পর ওই আবাসনের একাধিক ফ্ল্যাট কেনার জন্য একশো কোটির বেশি বিনিয়োগ করেছেন আমির। বেলা ভিস্তা এবং মেরিনা অ্যাপার্টমেন্টস, এই দুই আবাসন মিলিয়ে তৈরি হবে নতুন কমপ্লেক্স। আমিরের আমিরি পরিকল্পনা, একাধিক ফ্ল্যাট একত্রিত করে একটি বিশালাকার স্কাই ভিলা তৈরি। যেখানে পরিবারের প্রত্যেক সদস্য একসঙ্গে থাকতে পারবেন।
জানা যাচ্ছে, পরিবারের প্রত্যেকের জন্য ব্যক্তিগত ঘরের বন্দোবস্ত থাকবে। শুধুমাত্র বিনোদনের জন্য একটা আলাদা ব্যবস্থারও পরিকল্পনা রয়েছে। যেখানে ছোটখাটো অনুষ্ঠান, পার্টি এবং পারিবারিক জমায়েতের আয়োজন করা যাবে। আমিরের ৩৩ বছর বয়সি ছেলে জুনেইদ খানের জন্য একটি তলা (ফ্লোর) বরাদ্দ থাকতে পারে। তারকা দম্পতির জন্য হয়তো থাকছে দুটি তলা।
এছাড়াও মা, বোনের জন্যও আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা থাকতে পারে। আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদের জন্যও একটি ফ্ল্যাট রাখার পরিকল্পনা রয়েছে বলেই খবর। পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে এক ছাদের নীচে থাকবে খান পরিবার। প্রাক্তন স্ত্রী, বর্তমান স্ত্রী, সন্তান, মা ও বোনদের নিয়ে থাকার পরিকল্পনা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।