'ঠোঁট নাড়িয়ে দর্শকের সঙ্গে প্রতারণা করব না', দালের মেহেন্দি লিপ সিঙ্ক ইস্যুতে খোঁচা অভিজিতের!
Kasturi Kundu
মদ্যপ অবস্থায় নবরাত্রির অনুষ্ঠানে পারফর্ম দালের মেহেন্দির! উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল মঞ্চে উঠে কড়া ভাষায় চূড়ান্ত অপমান করেন। অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে লাইভ অনুষ্ঠানে লিপ-সিঙ্ক করেছেন এই জনপ্রিয় পাঞ্জাবি গায়ক। বিতর্কযজ্ঞে সুরসুরি জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya)। নাম না করে দালেরকে খোঁচা, লাইভ অনুষ্ঠানে তিনি কোনও পরিস্থিতিতেই লিপ-সিঙ্ক করবেন না। সোশাল মিডিয়ায় এহেন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রে অভিজিৎ ভট্টাচার্য।
গত অক্টোবের মাঝামাঝি দালেরকাণ্ডে তোলপাড় বিনোদুনিয়া। ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সতীর্থ মিকা সিং। মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল সিনে সংগঠনও। প্রত্যেকেরই দাবি এক, দালের মেহেন্দি অসুস্থ, তাই মদ্যপানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একইসঙ্গে লিপ-সিঙ্কের বিষয়ে মিকার মন্তব্য, "আজকাল বহু শিল্পীই ব্যাকিং ট্র্যাক ব্যবহার করেন"। সেই কথার রেশ টেনেই অভিজিৎ নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলে মনে করছে নেটপাড়া।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে অভিজিৎ বলছেন, "কোনও শিল্পী যদি লাইভ গানের নামে মাইক্রোফোনে গান না করেন তাহলে তাঁকে কখনও মঞ্চে অনুষ্ঠান করতে দেওয়া উচিত নয়। কিছুদিন আগে এমনই একটি ঘটনা ঘটেছিল, যেখানে মন্ত্রীমশাই মঞ্চে উঠে শিল্পীকে প্রশ্ন করেছিলেন। তিনি একদম সঠিক কথাই বলেছিলেন। উনি বলেছিলেন, আপনি গান গাইছেন না। আপনার পক্ষে ঠিকমতো দাঁড়ানোও সম্ভব হচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত তিনিই অনেকের চোখে খলনায়ক হয়ে গেলেন। অথচ মঞ্চে এমন ঘটনা প্রায়শই ঘটে।"
গায়কের এই মন্তব্য যে দালের মেহেন্দির উদ্দেশে তা বুঝতে কারও অসুবিধা হয়নি। আরও একধাপ এগিয়ে অভিজিতের সংযোজন, "আমি যেমনই গান গাই না কেন খারাপ গাইতে পারি, ভুল গাইতে পারি, গলা খারাপ থাকতে পারে, ক্লান্ত হয়ে যেতে পারি, এমনকী বেসুরোও গাইতে পারি। কিন্তু যা-ই গাইব, লাইভ গাইব।" লাইভ অনুষ্ঠানে দর্শকদের প্রতি শিল্পীদের দায়িত্ববোধ প্রসঙ্গে বক্তব্য, দর্শক তাঁদের মূল্যবান সময় ও কষ্টার্জিত অর্থ খরচ করে প্রিয় শিল্পীদের গান শুনতে আসেন। একটি অনুষ্ঠান সফল করতে প্রশাসন থেকে শুরু করে আয়োজক এবং বহু কর্মী পর্দার আড়ালে কঠোর পরিশ্রম করেন। তাই দর্শকের সঙ্গে প্রতারণা করা কোনওভাবেই উচিত নয়।
অভিজিৎ বলেন, "আপনারা আমাকে যে সম্মান করেন তার মর্যাদা আমি রাখি। নিজেদের সময় ও পরিশ্রমের উপার্জিত অর্থ খরচ করে আপনারা অনুষ্ঠানে আসেন। এই অনুষ্ঠান আয়োজনের পিছনে প্রশাসন, বিভিন্ন দপ্তর এবং আপনাদের সকলের পরিশ্রম রয়েছে। আমি আপনাদের সকলকে প্রণাম জানাই। কথা দিচ্ছি, কখনও আপনাদের সঙ্গে এভাবে প্রতারণা করব না। গানের নামে শুধু ঠোঁট নাড়াব না। অনেকেই এমন করেন, কিন্তু আমি তা করব না।"