ব্র্যান্ডের মুখবদলে চরম কটাক্ষ! প্যারিস ফ্যাশন উইকে ভুল শুধরে আলিয়ার বদলে ঐশ্বর্যর ঘরওয়াপসি
Kasturi Kundu
২৮ সেপ্টেম্বর সোমবার প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে গ্ল্যামারের দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য রাই বচ্চন। রাই সুন্দরীর রাজকীয় উপস্থিতি আরও একবার প্রমাণ করল, আন্তর্জাতিক মঞ্চের রানি হিসেবে তিনিই একমেবাদ্বিতীয়ম। সিনেপর্দা দূরে থাকলেও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় বচ্চনবধূর আভিজাত্য অটুট। অভিজাত প্রসাধনী ব্র্যান্ডের মুখ হিসেবে কালো গাউনে মঞ্চ আলোকিত করেন ঐশ্বর্য। একটু পিছন ফিরে তাকালে, গতবছর অর্থাৎ ২০২৬ সালের একটা কথা কিন্তু এক্ষেত্রে না বললেই নয়।
সংশ্লিষ্ট প্রসাধনী ব্র্যান্ড কিন্তু, ১৪৪ কোটি দেশবাসীর প্রতিনিধিত্ব করার জন্য দু'দশকের রীতি ভঙ্গ করে রাই সুন্দরীর বদলে আলিয়াকে বেছে নিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে সেই বিতর্ক এতটাই জোরাল হয়েছিল যে রাই সুন্দরীর কাট আউট লাগাতে একপ্রকার বাধ্য হয়েছিল সংস্থা। প্যারিস ফ্যাশন উইকে ভুল শুধরে ব্র্যান্ডের মুখ হিসেবে ফিরিয়ে আনল ঐশ্বর্য রাই বচ্চকেই (Aishwarya Rai Bachchan)।
আরও পড়ুন:
আন্তর্জাতিক মঞ্চে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন কেন্ডাল জেনার এবং ইভা লঙ্গোরিয়ার মতো তারকারাও। প্যারিস ফ্যাশন উইকে নজর কেড়েছে ব্রিটিশ অভিনেত্রী সিমন অ্যাশলের সঙ্গে রাই সুন্দরীর পুর্নমিলনের এক বিশেষ মুহূর্ত। সিমনকে চুমু খেয়ে দুই সুন্দরীর উষ্ণ আলিঙ্গন এই ফ্যাশন শোয়ের অন্যতম সেরা আকর্ষণ তা বললে অত্যুক্তি হবে না। সমাজমাধ্যমে ভাইরাল ঐশ্বর্য ও সিমোনের চুম্বন দৃশ্য।
ফ্যাশন শোয়ের মূল ভাবনা ছিল 'ওয়াক ইয়োর ওর্থ', যার বাংলা তর্জমা করে হয় আত্মসম্মান ও যোগ্যতার সঙ্গে জীবনে এগিয়ে চল। সেই আবহে রাই সুন্দরীর আবির্ভাব আধুনিক যুগের কোনও রাজকন্যার থেকে কোনও অংশে কম ছিল না। রাজকীয় ঢঙে মঞ্চে ঐশ্বর্যর উপস্থিতি তারকাখচিত ফ্যাশন শো-কে আরও গ্ল্যামারাস করে তুলেছিল তা বলাই বাহুল্য।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিমোনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে চুমু খান। এরপর পাশাপাশি বসে দুজনেই গল্পে মজে যান। একসঙ্গে ছবিও তোলেন। ফাইনাল র্যাম্প ওয়াকের সময়ও হাতে হাত রেখে হাঁটেন ঐশ্বর্য ও সিমোন। ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দুই অভিনেত্রীর বন্ধুত্বের প্রশংসায় মুখরিত নেটভুবন। উচ্ছ্বসিত হয়ে ভক্তদের মধ্যে কেউ লিখেছেন, 'ওঁদের একেবারে দুই বোনের মতো লাগছে।' অপর এক নেটাগরিকের মন্তব্য, 'প্রতি বছর এই অনুষ্ঠানে ঐশ্বর্যকে প্রতিটি অভিনেত্রীর সঙ্গে আনন্দ করতে দেখে সত্যিই ভীষণ লাগে।'
কেউ আবার এই মুহূর্তটাকে 'গার্লস গার্ল' বলে অভিহিত করেছেন। গত বছরও প্যারিস ফ্যাশন উইকে সিমোন ও ঐশ্বর্য একসঙ্গে একটি মজাদার সেলফি তুলে ভক্তদের মজার মুহূর্ত উপহার দিয়েছিলেন। সেই ছবিটি সিমোন ইনস্টাগ্রামে পোস্ট করতেই সকলে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। এবছরও রংমিলান্তি কালো পোশাকে দুজনের সেলফি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
সোম সন্ধ্যার অন্যতম ভাইরাল মুহূর্ত ঐশ্বর্য ও সেলিন ডিওনের এক আন্তরিক মুহূর্ত। দুজনের হাত ধরে দাঁড়ানো, পরস্পরকে উষ্ণ আলিঙ্গন থেকে চুম্বন ও স্বতঃস্ফূর্ত নাচ ঝড়ের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়। ব্যাকস্টেজ থেকে আরও একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ড্রেসিং রুমে ইভা লঙ্গোরিয়ার সঙ্গে রাই সুন্দরীর উষ্ণ আলিঙ্গন ভক্তদের নজর কেড়েছে।