গুটখা-বাংলো বিতর্কের মাঝেই ফড়নবিশের স্ত্রীর সঙ্গে বিচ সাফাই, 'সিংহম' অজয়ে মুগ্ধ ভক্তমহল
Kasturi Kundu
অজয় দেবগনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। পানমশলার বিজ্ঞাপন বিতর্ক থেকে জুহুর বাংলোতে অবৈধ স্যালোঁ, স্পা পার্লার নির্মাণের অভিযোগে নোটিস পাঠিয়েছে বিএমসি তথা বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। অবিলম্বে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাঝেই ভিন্ন অবতারে ধরা দিলেন 'সিংহম' অজয়। জুহু বিচে পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশের সঙ্গে 'সি সোর সাইন ২০২৬ ক্লি আপ ড্রাইভ'-এর আয়োজন করা হয়েছে। সেখানেই অমৃতার সঙ্গে হাত মিলিয়েছেন অজয়। শনিবার জুহু বিচের সেই মুহূর্তের ছবি-ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। বিএমসি ও মুম্বই পুলিশের সহযোগিতায় আয়োজিত এই অভিযানে গণেশ বিসর্জনের পর পড়ে থাকা আবর্জনা পরিষ্কারের জন্য শিক্ষার্থী, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবক এবং সাধারণ নাগরিকরা এই অভিযানে অংশ নেন।
আরও পড়ুন:
বিভিন্ন ভিডিওতে দেখা যায়, অজয় দেবগন অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে গণেশ বিসর্জনের পর সমুদ্রসৈকতে পড়ে থাকা আবর্জনা ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে ব্যাগে ভরছেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের অজয় বলেন, "আমরা যেমন নিজেদের বাড়িটাকে ভালোবাসি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তেমনই আমি মনে করি আমাদের দেশ, শহর এবং সমুদ্রকেও ভালোবাসা উচিত। তাহলে এগুলিকে পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। তাই না?"
এই অভিযানে অংশ নিয়ে খুশি 'দৃশ্যম' অভিনেতা। তাঁর কথায়, "সমুদ্রসৈকত পরিষ্কার রাখা শুধু কোনও একটি নির্দিষ্ট সংস্থা বা কর্তৃপক্ষের দায়িত্ব নয়। এগুলি নাগরিকদের সম্মিলিত শৃঙ্খলা ও সচেতনতার প্রতিফলন। মানুষের বৃহত্তর স্বার্থে একসঙ্গে এগিয়ে আসার মাধ্যমে প্রকৃত পরিবর্তন শুরু হয়। এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আমি আনন্দিত। এটি একটি সৃজনশীল উদ্যোগ, পুরো দলকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। আমি এই কাজের অংশ হতে চেয়েছিলাম, সেটা হয়েছি।" উল্লেখ্য, গত বছর উৎসব মিটতেই বিচ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।