পরনে শাড়ি, চোখে থ্রিডি চশমা! রণবীরের 'রামায়ণ' উপভোগ আলিয়ার, ভাইরাল ছবি
Kasturi Kundu
অবশেষে এসে গেল সেই বহু প্রতিক্ষীত মুহূর্ত। ৫ নভেম্বর রুপোলি পর্দায় রঘুনন্দন বেশে হাজির কাপুরনন্দন রণবীর। 'রাম' অবতারে রণবীরকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অগণিত ভক্ত। গত ৩ নভেম্বর মুম্বইয়ে 'রামায়ণ: পার্ট ১'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রণবীর ঘরনি আলিয়া ভাট (Alia Bhatt)। তারকা স্বামী রণবীর কাপুরকে সমর্থন করতে সাধারণের মাঝে বসেই সিনেমা দেখলেন কাপুরবধূ আলিয়া ভাট। চোখে চশমা পরে 'রামায়ণ' (Ramayana)-এর থ্রি ডি ভার্সন উপভোগ করলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবি। যদিও ভাইরাল হওয়া ছবির সত্যতা এখনও যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে ইতিমধ্যেই থ্রি ডি চশমা পরা আলিয়ার ছবি নজর কেড়েছে নেটিজেনদের।
এই ছবি ভাইরাল হতেই আলিয়াকে 'গর্বিত পত্নী' তকমা নেটপাড়ার। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, চোখে থ্রি ডি চশমা, পরনে সবুজ রঙা শাড়ি আর ডান হাতে ঢাকা মুখের কিছুটা অংশ। একদম পিছনের সিটে বসে 'রাম' রণবীরকে দেখছেন আলিয়া। সামনের সারির দর্শকের চোখেও থ্রি ডি চশমা। সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের অন্দরের ছবি শেয়ার করে এক্স হ্যান্ডলে এক ব্যক্তি লিখেছেন, 'রামায়ণ দেখছেন আলিয়া ভাট।' ছবিটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া।
আরও পড়ুন:
আলিয়ার এক ভক্ত লিখেছেন, 'স্বামীকে আগামী দিনে ইতিহাস তৈরি করতে দেখে স্ত্রী মুগ্ধ।' আরেকজনের মন্তব্য, 'গর্বিত স্ত্রী।' অপর এক অনুরাগীর আবেগঘন বক্তব্য, 'একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হল এমন একজন স্ত্রী, যিনি তাঁর সাফল্যের মুহূর্তের সাক্ষী থাকতে এবং তা উদযাপন করতে পাশে থাকেন।'
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর মুম্বইয়ে 'রামায়ণ'-এর বিশেষ প্রদর্শনীতে শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন আলিয়া। এদিন তাঁর সাজেও ছিল আভিজাত্য ও সাবেকিয়ানার মেলবন্ধন। নিজের ইনস্টা হ্যান্ডলে 'রামায়ণ' স্পেশাল ফটোশুটের ছবিও শেয়ার করেছেন আলিয়া। কাপুরবধূর মায়াবি লুকে ক্লিন বোল্ড সোশালপাড়া।
Basic men requirement - having a supportive wifey by your side to witness & celebrate your success!♥️😭 https://t.co/BL01WPmtRc
— ♛ ✧ ꩜ ☼ ☘︎ (@AliaQueenie1) November 4, 2026