'বিগ বসে'র মাঝেই এবার রাজনীতিতে দুর্নিবার-জীতু! কোন দলে দুই তারকা?
Tiyasha Sarkar
এবার রাজনীতির ময়দানে দুর্নিবার সাহা ও জীতু কামাল! ভাবছেন তো বিগ বস (Bigg Boss Bangla) চলাকালীন কীভাবে রাজনীতিতে যোগ দেবেন দুই প্রতিযোগী? এই রাজনীতি বিগ বসের দুর্গের। জনতাকে ভরসা জুগিয়ে এগিয়ে যাবেন কার দল? উত্তর এখনও অজানা। তবে দুর্নিবার ও জীতুর টানটান লড়াইয়ে মজেছেন দর্শকরা।
ব্যাপারটা ঠিক কী? প্রতি সপ্তাহেই লাক্সারি বাজেট পাওয়ার জন্য কিছু না কিছু টাস্ক দেওয়া হয় প্রতিযোগীদের। এসপ্তাহের টাস্কের বিষয় বস্তু রাজনীতি। বিগ বসের তরফে দুটি রাজনৈতিক দল তৈরি করে দেওয়া হয়েছে। একটি হরিণ পার্টি, একটির প্রতীক পাখি। এই হরিণ দলের নেতা জীতু আর পাখি দলের নেতা করা হয়েছে দুর্নিবারকে। দুই দলেই নেতা ছাড়াও রয়েছেন ৩ জন করে কর্মী। রয়েছে আমজনতাও। আর নির্বাচন কমিশনারের পদে ভরত কল।
আরও পড়ুন:
খেলার নিয়ম অনুযায়ী, দুই দলকেই নিজের মতো করে দলের পতাকা, স্লোগান, ম্যানিফেস্টো তৈরি করতে হবে। নিজেদের কথা তুলে ধরতে হবে জনতার কাছে। প্রচারও করতে হবে। মঙ্গলবারের পর্বে দেখা গিয়েছে, ইতিমধ্যেই দুটি দলই প্রচার শুরু করেছে। তবে জীতুর দলের কর্মী রাজবীরের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন আমজনতা সৃজলা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় কমিশনার ভরত রাজবীরকে ভোটের কাজ থেকে দূরে সরানোর নির্দেশ দেন। পরবর্তীতে দুর্নিবার তাঁকে গুণ্ডা বলতেই কার্যত তাণ্ডব করেন তিনি। রাজবীর পাখি দলের কার্যালয়, কমিশনারের কার্যালয়ে ভাঙচুর করেন। লুকিয়ে ফেলেন তাঁদের পাজেলও। সব মিলিয়ে জমে উঠেছে বিগ বসের দুর্গের রাজনীতির লড়াই। কী হবে ভোটবাক্সে? কারা জিতবে আর কারা পিছিয়ে পড়বে, তা স্পষ্ট হবে বুধবারই।