দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bollywood

রুপোলি পর্দাই প্রতিবাদের মঞ্চ! 'নায়ক' থেকে 'জওয়ান', সিস্টেমের চোখে চোখ রেখে প্রশ্ন তোলে যে ছবিগুলি

সিনেমা যে কেবল মনোরঞ্জন নয়, তার প্রমাণ মিলেছে ছায়াছবির আদিকাল থেকেই।
Biswadip Dey
05:33 PM Oct 08, 2026 IST
সিনেমা যে কেবল মনোরঞ্জন নয়, তার প্রমাণ মিলেছে ছায়াছবির আদিকাল থেকেই।
  • সিনেমা কি কেবলই মনোরঞ্জন? তা যে নয়, তার প্রমাণ মিলেছে ছায়াছবির আদিকাল থেকেই। ১৯৪০ সালে 'দ্য গ্রেট ডিক্টেটর' ছবিতে রীতিমতো 'ত্রাস' হয়ে ওঠা অ্যাডলফ হিটলারকে চার্লি চ্যাপলিনের তীব্র ব্যঙ্গের কষাঘাত আজও ভোলেনি আপামর বিশ্ব। বলিউডও তার নিজের মতো করে প্রতিবাদ করেছে সিস্টেমের বিরুদ্ধে। এই মুহূর্তে যন্তর মন্তরে চলছে বিক্ষোভ। সেই আবহে কয়েকটি ছবির কথা।

  • ২০০১ সালের ছবি অনিল কাপুর অভিনীত 'নায়ক'। একজন 'কমন ম্যান' একদিনের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ সামলালে কী হতে পারে সেটাই ছিল ছবির বিষয়বস্তু। আমজনতার 'নায়ক' হিসেবে মহারাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী অমরীশ পুরী অভিনীত বলরাজ চৌহানকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন শিবাজি। ক্যাবিনেট থেকে দুর্নীতিগ্রস্ত কর্মীদের সরিয়ে, তাঁকে গ্রেপ্তার করিয়ে নতুন দিশা দেখায় ছবিটি। এই ছবির হাত ধরেই নাকি তাঁর কাছে নির্বাচনে লড়ার প্রস্তাবও এসেছিল।

  • 'জওয়ান' ছবিতে শাহরুখ খান মনে করিয়ে দিয়েছিলেন জনতাই আসল জনার্দন। মনে করিয়েছিলেন সাধারণ মানুষের হাতের একটি আঙুলের 'শক্তি'। চাল-ডাল কিনতে গেলে দরাদরি, অথচ কাউকে সরকারে আনতে গেলে কেন যাচাই করা হবে না প্রশ্ন তুলেছিল শাহরুখ অভিনীত চরিত্রটি। ছবিতে এসেছিল কৃষক আত্মহত্যার মতো স্পর্শকাতর প্রসঙ্গও। সিস্টেমের সামনে সাধারণ মানুষের অবস্থান নিয়ে তৈরি হওয়া এই ছবিতে অভিনয় করেই শাহরুখ পেয়েছে জাতীয় পুরস্কার।

  • রাকেশ ওমপ্রকাশ মেহরার 'রং দে বাসন্তী' চমকে দিয়েছিল গোটা দেশকে। মূলত তরুণ প্রজন্মের উদ্দেশে নির্মিত এই ছবি চলচ্চিত্র, যা তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করেছিল। ছবিটিতে মিগ বিমান ভেঙে পড়ার মতো বাস্তব সমস্যাকে তুলে ধরে সিস্টেমকে প্রশ্ন করেছিলেন আমির খান, সিদ্ধার্থ নারায়ণ, সোহা আলি খানদের চরিত্রগুলি। সামগ্রিক ভাবেই ছবিটি দর্শকদের কাছে সমাদৃত হয়েছিল।

  • ছেলের মৃত্যুর পর ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলেছিল প্রকাশ ঝা-র 'সত্যাগ্রহ'। শেষপর্যন্ত সেই বাবা গোটা জেলার মানুষের হয়ে লড়াইয়ে শামিল হন। অমিতাভ বচ্চন, অজয় দেবগন, করিনা কাপুরের মতো খ্যাতিমান তারকারা ছিলেন ছবিতে। তবু স্টারডমকে ছাপিয়ে দর্শকদের কাছে সবচেয়ে বেশি গৃহীত হয়েছিল সাধারণ মানুষের সংগ্রামের কাহিনিও।

  • বলিউডে যত পলিটিক্যাল অ্যাকশন-ড্রামা হয়েছে তার মধ্যে 'অর্জুন' এক বিশেষ চলচ্চিত্র। সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে অর্জুন মালভাঙ্কর নামের একজন শিক্ষিত অথচ বেকার যুবককে কেন্দ্র করে। চারপাশের সীমাহীন দুর্নীতির নগ্ন দৃশ্য তাঁকে বাধ্য করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করার। ছবিতে অনুপম খেরের চরিত্রটি ছিল এক ধূর্ত রাজনৈতিক নেতার। তরুণদের ক্রোধকে নিজের স্বার্থে ব্যবহারের চেষ্টা করতে দেখা যায় তাকে।

  • অনুরাগ কাশ্যপ পরিচালিত 'গুলাল' ছাত্র রাজনীতি এবং ক্ষমতার লড়াইয়ের নির্মম রূপ তুলে ধরেছিল। সিনেমার মূল চরিত্র দিলীপ, যে আইনি নিয়ে পড়তে রাজপুরে আসে। এবং তারপরই স্থানীয় ছাত্র রাজনীতির নোংরা খপ্পরে পড়ে যায়। সেখানে তার সঙ্গে পরিচয় হয় এমন একজনের যে আবার রাজপুতদের পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য একটি গোপন রাজনৈতিক আন্দোলন চালাচ্ছে। ক্রমশই দিলীপ জড়িয়ে পড়ে ষড়যন্ত্রের জালে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BollywoodShah Rukh Khan
Advertisement
Tags :
BollywoodShah Rukh Khan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন