'যা হয়েছে ভুলে যান', দিল্লির কনসার্টের পর দিলজিতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন দীপকে
Sandipta Bhanja
দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) কনসার্ট বাতিল হওয়ার খবরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। দিল্লি পুলিশকে সরাসরি প্রশ্ন ছুড়েছিলেন, 'দিলজিতের কনসার্ট নিয়েও এত ভয়?' তবে যাবতীয় বিতর্কের মেঘ কাটিয়ে শুক্রবার রাতে জওহরলাল নেহরু স্টোডিয়ামে আগুন ঝড়িয়েছেন পাঞ্জাব দা পুত্তর। আর শুধু সুরেলা কণ্ঠে শ্রোতাদের মুগ্ধই করেননি, বরং 'ককরোচ' বিক্ষোভ নিয়ে মন্তব্য এড়ানোর জেরে যেভাবে কটাক্ষ, সমালোচনার শিকার হয়েছিলেন, তার জবাবও ছুড়েছন। আরও চমকপ্রদ বিষয়, দিল্লির এই কনসার্ট দেখতে এদিন সশরীরে হাজির হয়েছিলেন খোদ 'ককরোচ' প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। অতঃপর দিলজিতের 'পালটা পাটকেল'-এর সাক্ষী তিনিও। তবে পরিবর্তে মান-অভিমান কিংবা পালটা খোঁচা নয়, বরং 'বড় ভাই' সম্বোধন করে তিক্ততা এবং চলতি বিতর্কে দাঁড়ি টেনেছেন তিনি।
গায়কের এহেন কড়া বার্তার পর পালটা সুর না চড়িয়ে দীর্ঘ এক পোস্টে 'শিল্পী' দিলজিতের স্তুতি করেছেন দীপকে।
এদিন মঞ্চে দাঁড়িয়ে দিলজিৎকে বলতে শোনা যায়, "আমি আপনাদের সবাইকে ভালোবাসি কারণ আমি একজন শিল্পী। আমি চুপ রয়েছি, আমাকে চুপই থাকতে দিন। তবে পাশে আছি। কিন্তু পাঞ্জাবিদের কখনও শেখাবেন না কীভাবে লড়তে হয়।" আসলে গত জুলাই মাসে দেশের শিক্ষাদুর্নীতি, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে যখন 'ককরোচ জনতা পার্টি' দিল্লির যন্তর মন্তরে অনশনের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেছিল, তখন সিজেপি আন্দোলন নিয়ে প্রশ্নের মুখে পড়তেই 'দায় এড়িয়ে' দিলজিৎ বলেছিলেন, "আমি একজন শিল্পী, নেতা নই। ভাই, আমাকে এসব বিক্ষোভ থেকে দূরেই রাখো।" তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার আবহে এহেন মন্তব্যের জেরে ব্যাপক সমালোচিত হতে হয় পাঞ্জাবি পপস্টারকে। একাংশ তাঁকে 'কাপুরুষ' বলে কটাক্ষ করে বলেছিলেন, ‘কোনও বিষয়ে অবস্থান নেওয়ার মতো সাহস নেই দিলজিৎ দোসাঞ্ঝের।’ কেউ বা তাঁর আদর্শ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এবার দিল্লির মঞ্চ থেকে তাঁরই জবাব ছুড়েছেন দিলজিৎ। দর্শকাসনে দাঁড়িয়ে যার সাক্ষী ছিলেন অভিজিৎ দীপকে। তবে গায়কের এহেন কড়া বার্তার পর পালটা সুর না চড়িয়ে দীর্ঘ এক পোস্টে 'শিল্পী' দিলজিতের স্তুতি করেছেন দীপকে।
আরও পড়ুন:
"আপনার সাহস, আপনার সততা এবং নিজের শিকড়কে আঁকড়ে ধরে যেভাবে আপনি ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন— এসবই আমাকে মুগ্ধ করে। হয়তো সেই কারণেই আপনার মন্তব্য আমাকে কিছুটা কষ্ট দিয়েছিল,..."
'ককরোচ' প্রধানের মন্তব্য, "পাজি, জুন মাসে আমরা যখন প্রতিবাদ করছিলাম, তখন আপনার মন্তব্যে আমি কিছুটা আঘাত পেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আপনার প্রতি আমার কোনও ক্ষোভ নেই, বরং আপনাকে এমন একজন মানুষ হিসেবেই বরাবর দেখেছি, যিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। সত্যি বলতে কী, আমি বরাবরই আপনার অনুরাগী এবং সেই শ্রদ্ধাবোধ আজও অটুট রয়েছে। এখনও আপনার গান শুনি।" শুধু তাই নয়, ওই পোস্টে নিজেকে দিলজিতের গুণমুগ্ধ হিসেবেও দাবি করেছেন দীপকে।
'ককরোচ' প্রধান লিখেছেন, "এই মে মাসে ভারতে ফেরার ঠিক আগে, শিকাগোতে আপনার কনসার্টেও গিয়েছিলাম। শুধু আপনার গানের জন্য নয়, বরং মানুষ হিসেবেও আমি আপনাকে গভীর শ্রদ্ধা করি। আপনার সাহস, আপনার সততা এবং নিজের শিকড়কে আঁকড়ে ধরে যেভাবে আপনি ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন— এসবই আমাকে মুগ্ধ করে। হয়তো সেই কারণেই আপনার মন্তব্য আমাকে কিছুটা কষ্ট দিয়েছিল, কারণ আমি আপনাকে সবসময়ই অনেক উঁচুতে স্থান দিয়েছি। তবে একটা মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি, আপনার প্রতি আমার এই শ্রদ্ধা ও ভালোবাসাকে বদলে দিতে পারে না। যাই হোক, ছোট ভাই মনে করে বিষয়টি ভুলে যান। শেষে শুধু এটুকুই বলব যে, একজন প্রকৃত পুরুষ তো শত্রুর সঙ্গেও মিষ্টি ভাষায় কথা বলেন, আর তুমি তো জাট।"