আপাদমস্তক মোড়া সাদা চাদরে, চোখে কালো চশমা! ভৌতিক আবহে মাতৃত্বের দ্বিতীয় ইনিংসের অভিজ্ঞতা ভাগ দীপিকার
Kasturi Kundu
রাধাষ্টমীর দিন দীপিকা পাডুকোনের (Deepika Padukone) কোল আলো করে এসেছে ছোট্ট দেবী পাডুকোন সিং। দ্বিতীয়বার মা হওয়ার আনন্দের পাশাপাশি রয়েছে বিনিদ্ররজনী যাপনের মুহূর্তও। মাতৃত্বের দ্বিতীয় ইনিংস কেমন কাটছে দীপিকার? ৩১ অক্টোবর রবিবার মধ্যরাতে হ্যালোউইন উদযাপনের প্রাক্কালে অভিনব কায়দায় মজার ছলে জানালেন বলিউডের 'মস্তানি'। আপাতমস্তক সাদা চাদরে মোড়া, চোখে কালো চশমা পরে চেয়ারে দোল খাচ্ছেন এক মহিলা। আর তাঁর কোলে রাখা ব্রেস্ট পাম্পের মেশিন। মধ্যরাতের ব্রেস্ট পাম্পের শব্দে ঘরে গা ছমছমে পরিবেশ! ইনস্টা হ্যান্ডলে মজার ভিডিও শেয়ার করে দীপিকার রসিকতা, ঠিক যেন ভূতুরে বাড়ি (হন্টেড হাউস)।
আসলে ভৌতিক আবহের এই মুহূ্ত ভাগ করে দীপিকা বর্তমানে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করেছেন, তা বলাই বাহুল্য। সন্তানকে স্তন্যপান করানো অত্যন্ত স্বাভাবিক। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি স্তন্য়পানের সঙ্গে কোনও সমঝোতা করেন না। দীপিকাও সেই দলেরই একজন। অত্যাধুনিক প্রযুক্তির যুগে ব্রেস্ট পাম্প করে স্তনদুগ্ধ সংগ্রহ করে রাখার ব্য়বস্থা রয়েছে। কর্মব্যস্তজীবনে ওয়ার্কিং ওম্যান তথা কর্মরত মায়েরা এই পদ্ধতি অবলম্বন করেন। দীপিকাও যে তাঁর সন্তানের জন্য় মধ্যরাতেও ব্রেস্ট পাম্প করেন, ইনস্টা স্টোরির ভিডিও তারই প্রমাণ।
আরও পড়ুন:
হ্য়ালোউইনের মরশুম আর মাতৃত্বের দায়িত্বপালনকে সুকৌশলে অভিনব কায়দায় একসুতোয় বেঁধেছেন। ভিডিওর ক্যাপশনে দীপিকা রসিকতা করে লিখেছেন, 'ভৌতিক বাড়ি নয়, আসলে মাঝরাতে তোমার ব্রেস্ট পাম্পের আওয়াজ!' মাতৃত্বের ব্যস্ততার মাঝেও এমন মজার পোস্টে নিজের অভিজ্ঞতা ভাগ করে সকলের নজর কেড়েছেন সেলেব মম দীপিকা পাডুকোন। তাঁর এই হাস্যরসাত্মক ভঙ্গি উপভোগ করেছেন অনুরাগীরা।
কথায় বলে মা হওয়া কী আর মুখের কথা! দীপিকার ইনস্টা স্টোরির আরেকটি ভিডিওতে রয়েছে সেই বার্তাই। এক মুহূর্ত ছোট্ট সোনাকে চোখের আড়াল করা যায় না। নিজের জন্য় কিছুটা সময় বলতে, সন্তানের ঘুমানোর অপেক্ষা। দীপিকার দৈনন্দিন জীবনের কাহিনিটাও সেরকমই। দেবী ঘুমালেই স্নান করা থেকে, খাওয়া, শরীরচর্চা সবটুকু সেরে ফেলেন!