‘যেন সামনে মা দাঁড়িয়ে’, কনসার্ট থামিয়ে মহিলা সিআরপিএফকে জড়িয়ে আবেগপ্রবণ দিলজিৎ
Kasturi Kundu
যাবতীয় বিতর্কে জল ঢেলে দিন দুয়েক আগেই দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh) শ্রোতা-অনুরাগীদের জানিয়েছিলেন, 'আগামী ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে দেখা হচ্ছে।' যেমন কথা তেমন কাজ। ৩০ অক্টোবর, শুক্রবার রাতে বৃষ্টিস্নাত জেএনইউ স্টেডিয়ামে এলেন, গাইলেন আর শ্রোতাদের শুধু সুরের মূর্ছনায় ভাসালেন পাঞ্জাব দা পুত্তর। 'অরা ইন্ডিয়া টুর ২০২৬'-এর দিল্লিতে উদ্বোধনী অনুষ্ঠান শুধু গান-বাজনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সঙ্গীতের মঞ্চে তৈরি হয়েছিল এক আবেগঘন মুহূর্ত যা মন ছুঁয়েছে দিল্লিবাসীর। সেখানে উপস্থিত মহিলা সিআরপিএফের মধ্যে মাকে খুঁজে পেলেন দিলজিৎ!
অনুষ্ঠানের মাঝেই মঞ্চে গান থামিয়ে নিরাপত্তাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মান জানাতে দর্শককে হাততালি দেওয়ার অনুরোধ জানান গায়ক। দিলজিৎ বলেন, "আপনারা যদি এখানে না থাকতেন, তাহলে আমরা কেউই নিজেদের নিরাপদ মনে করতাম না।" এরপর নিরাপত্তাকর্মীদের উদ্দেশে স্যালুট জানান পাঞ্জাব দা পুত্তর দিলজিৎ দোসাঞ্ঝ। শুধু তাই নয়, মঞ্চে এক মহিলা সিআরপিএফ আধিকারিককে আমন্ত্রণ জানিয়ে স্যালুট করেন দিলজিৎ।
আরও পড়ুন:
মায়ের কথা স্মরণ করে বলেন, "আমি বছরে এক-দু’বার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাই। কিন্তু আপনাকে যখন সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম তখন মনে হল যেন আমার মা-ই আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন।" দিলজিতের এই কথায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শক। মুহূর্তেই করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। ওই মহিলা আধিকারিকের জন্য গানও গান দিলজিৎ। হাতে তুলে দেন একটি উপহারও। পরবর্তীতে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিশেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন গায়ক।
একইসঙ্গে দিল্লির দর্শক, দিল্লি পুলিশ, সিআরপিএফ, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এবং বুকমাইশো লাইভের প্রতিও কৃতজ্ঞতা জানান। নেটিজেনদের একাংশ দিলজিতের এই মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ। ভিডিওটি প্রকাশ্যে আসতেই কনসার্টে উপস্থিত নিরাপত্তাকর্মীদের অবদানকে যেভাবে সম্মান জানিয়েছেন তিনি, তা মন জয় করেছে অনুরাগীদের। গান, সুর আর বিনোদনের পাশাপাশি মানুষের প্রতি সম্মান ও ভালোবাসার বার্তা দিয়েও যে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, দিলজিৎ দোসাঞ্জের এই মুহূর্ত যেন তারই প্রমাণ।