'নোংরামি করতে পারব না', রাজনীতিকদের গণ্ডারের সঙ্গে তুলনা প্রাক্তন বিধায়ক সায়ন্তিকার
Sayani Sen
একসময় তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। কখন রুখাশুখা বাঁকুড়া, আবার কখনও বরানগরে মাঠে নেমে সক্রিয় রাজনীতি করেছেন। তবে ছাব্বিশের বিধানসভা ভোটে ক্ষমতার পালাবদলের পর রাজনীতি থেকে অবসর। আপাতত ফের মন দিয়েছেন নিজের জগতে। সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকারে রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ে খোলামেলা আলোচনায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
তাঁর মতে, "রাজনীতি আলাদা বিষয়। ওই লেভেলের নোংরামি করতে পারব না। যেটা রাজনীতিবিদরা পারেন। গণ্ডারের চামড়া বানিয়ে নিতে হবে। আমরা স্পর্শকাতর আমাদের ব্যথা হয়। দুঃখ পাই। ওই লেভেলের গণ্ডারের চামড়া মোটা করে নিতে পারলে ভালো রাজনীতিক হতে পারবে না।" রাজনীতি থেকে অবসরের প্রসঙ্গে তাঁর স্পষ্ট মন্তব্য, "আমি কোনও তৃণমূলে নেই। বাড়ি তৃণমূল। প্রাক্তন তৃণমূলও বলা যায়।" একসময়ের বিধায়কের এহেন মন্তব্য অবশ্য ভালো চোখে দেখছেন না অনেকেই। 'বিলম্বিত বোধোদয়' বলেও খোঁটা দিয়েছেন নেটিজেনদের কেউ কেউ।
আরও পড়ুন:
গত ২০২১ সালের বিধানসভা ভোটের টিকিট পান। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন। বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার কাছে হেরে যান। তবে ভোটে হারলেও আঁকড়ে পড়েছিলেন বাঁকুড়ায়। অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয় তাঁকে। সায়ন্তিকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা থেকে টিকিট পাবেন বলে মোটের উপর নিশ্চিত ছিলেন কেউ কেউ। কিন্তু শেষমেশ প্রার্থী করা হয়নি তাঁকে। বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরে সুজাতাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে তৃণমূল। তারপর দলীয় পদত্যাগ করেছিলেন।
সেই সময় কানাঘুষো শোনা গিয়েছিল, লোকসভা ভোটে টিকিট না পাওয়ার ফলেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিলেন সায়ন্তিকা। সে সময় অবশ্য অভিনেত্রী কিংবা দলের তরফে কিছুই জানানো হয়নি। এরপর বরানগরের উপনির্বাচনে 'পুনর্বাসন' দেওয়া হয় সায়ন্তিকাকে। ভোটে জিতে বিধায়কও হন তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও টিকিট পান অভিনেত্রী। তবে এবার আর ভোটে জিততে পারেননি তিনি। ভরাডুবি হয় তৃণমূলেরও। তারপরই রাজনীতির ময়দান থেকে অবসর নেন সায়ন্তিকা।
ভোটে হারার পর থেকেই নিত্যদিন জিমে ঘাম ঝরানোর ছবি-ভিডিও ভাগ করে নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি থেকে অবসর পরবর্তী অধ্যায়ে সোশাল মিডিয়াতেও দারুণ সক্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। শরীরচর্চা, রোজনামচার পাশাপাশি বিভিন্ন সময়ে নাচের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। গত কয়েক মাসে ওজন ঝরিয়ে একেবারে ‘ফিট অ্যান্ড ফাইন’ও হয়ে উঠেছেন। কবে ফের পর্দায় ফেরেন সায়ন্তিকা, আপাতত সেদিকেই তাকিয়ে তাঁর অনুরাগীরা।