দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
The Ramayana

১০০ বছর আগেও পর্দায় রামের আবির্ভাব, ভিনরূপী সীতা! রণবীরের 'রামায়ণ'-এর আগে এই ছবিগুলি দেখুন

৫ নভেম্বর মুক্তি পাচ্ছে চার কোটি বাজেটের বহু প্রতীক্ষিত ‘রামায়ণ পার্ট ওয়ান’।
Biswadip Dey
05:11 PM Nov 03, 2026 IST
৫ নভেম্বর মুক্তি পাচ্ছে চার কোটি বাজেটের বহু প্রতীক্ষিত ‘রামায়ণ পার্ট ওয়ান’।
  • মহাকাব্যের জাদু কখনও ফুরোয় না। তাই তো বারবার পর্দায় ফিরেছে 'রামায়ণ', 'মহাভারত'। এই মুহূর্তে বলিউড অপেক্ষায় অধীর চার কোটি বাজেটের বহু প্রতীক্ষিত ‘রামায়ণ পার্ট ওয়ান’-এর জন্য। কিন্তু জানেন কি, সেই 'সাইলেন্ট' ছবির আমল থেকেই পর্দায় দেখা গিয়েছে রামের লীলা। ১৯১৭ সালের 'লঙ্কা দহন' থেকে শুরু করে গত একশো বছরেরও বেশি সময় ধরে দর্শকদের ভালোবাসা জিতেছে 'রামায়ণ'।

  • 'ভারতীয় চলচ্চিত্রের পিতা' কিংবদন্তি দাদাসাহেব ফালকের হাত ধরেই পর্দায় প্রথমবার দেখা গিয়েছিল রামকে। 'রাজা হরিশচন্দ্র'র পর এটাই ছিল তাঁর দ্বিতীয় ছবি। সেটা ১৯১৭ সাল। ছবিতে আন্না সালুঙ্কে একাই রাম ও সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই যুগে মহিলাদের চলচ্চিত্রে অভিনয় ভাবাই যেত না। সেই কারণেই এমন সিদ্ধান্ত।

  • ১৯৪৩ সালে মুক্তি পেয়েছিল হিন্দি/মারাঠি ছবি ‘রাম রাজ্য’। মহাত্মা গান্ধী, যিনি সিনেমা দেখতে সেভাবে পছন্দ করতেন না, তিনিও দেখেছিলেন এই ছবিটি। পরিচালনা করেছিলেন বিজয় ভাট, যিনি ‘বৈজু বাওরা’র জন্য বিখ্যাত। তিনি রামায়ণের ওপর ভিত্তি করে আরও কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। যার মধ্যে রয়েছে ‘ভরত মিলাপ’ (১৯৪২), ‘রামবান’ (১৯৪৮) ও ‘রামায়ণ’ (১৯৫৪)। ১৯৬৭ সালে ‘রাম রাজ্য’র একটি রিমেকও পরিচালনা করেন বিজয়।

  • ১৯৫৮ সালে মুক্তি পেয়েছিল 'সম্পূর্ণ রামায়ণ'। পরিচালক কে সোমু। এই তামিল ছবিতে কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব এ টি রামা রাও ছিলেন ভগবান রামের ভূমিকায়। অন্যদিকে ভারতের ভূমিকায় অভিনয় করেন আরেক কিংবদন্তি শিবাজি গণেশন। তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী হয়েছিলেন সীতা। ছবিটি সকলের মন জয় করেছিল।

  • ১৯৭৭ সালে মালয়ালম ভাষায় তৈরি হয় 'কাঞ্চন সীতা'। কিংবদন্তি পরিচালক জি অরবিন্দন পরিচালিত প্রায় নির্বাক। এতে বনবাসী এক আদিবাসী জনগোষ্ঠীর প্রেক্ষাপটে রামায়ণের কাহিনিটি তুলে ধরা হয়েছিল। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন অপরিচিত বা নতুন মুখ। এখানে অবশ্য রাবণবধের পরবর্তী সময় এবং সীতার বনবাসের উপরই জোর দিয়েছিলেন পরিচালক। সবচেয়ে আশ্চর্যের, সীতা কেন্দ্রীয় চরিত্র হওয়া সত্ত্বেও, তাঁকে কখনওই সরাসরি পর্দায় দেখানো হয়নি।

  • ১৯৮০ সালে মুক্তি পায় সন্ধ্যা রায়ের 'সীতা'। ছবিতে রামের চরিত্র করার কথা ছিল বিশ্বজিতের। কিন্তু তিনি রাজি হননি, কেননা এখানে মূলত উত্তরকাণ্ডই দেখানো হয়েছিল। এরপর অসীম কুমার করেন রামের চরিত্র। অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ছবিটি। সীতার ভূমিকায় সন্ধ্যা রায়ের অভিনয়ে সকলে মুগ্ধ হন। অর্ধেন্দু চ্যাটার্জি ছিলেন পরিচালক।

  • পর্দায় 'রামায়ণ' বললে সবার আগেই মনে পড়ে সেই অবিস্মরণীয় সিরিয়ালের কথা। রামানন্দ সাগরের সৃষ্টি আজও রয়েছে আসমুদ্রহিমাচলের হৃদয়ে। রামের ভূমিকায় অরুণ গোভিল ও সীতার ভূমিকায় দীপিকা চিকালিয়া তো বটেই, বাকি চরিত্রাভিনেতারা সকলেই রাতারাতি হয়ে উঠেছিলেন 'সেলেব্রিটি'। স্পেশ্যাল এফেক্টস খুব উঁচু মানের না হলেও নির্মাণের সততায় সেই ১৯৮৭ সালের সিরিয়ালই এখনও পর্যন্ত রামের লীলাবর্ণনায় সবচেয়ে উল্লেখযোগ্য বলে মনে করা হয়।

  • ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামায়ণ: দ্য লিজেন্ড অফ প্রিন্স রাম’ তোলা হয়েছিল অ্যানিমেশন হিসেবে। ইংরেজি ও হিন্দি ভাষায় নির্মিত এই ছবিটি প্রায় পুরোটাই মূলানুগ ছিল। সেই কারণেই তা দ্রুত দর্শকপ্রিয় হয়ে ওঠে। হিন্দি সংস্করণে রামের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন অরুণ গোভিল। রাবণের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন অমরীশ পুরী। প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করার পর আজও এই অ্যানিমেশন ছবিটি দর্শকের মনের খুব কাছাকাছি রয়েছে।

  • ২০২৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’। অভিষেক সিং পরিচালিত ছবিটি নিয়ে রিলিজের আগে থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। সবচেয়ে বেশি বিতর্ক ঘনিয়েছিল সীতা চরিত্রে অঞ্জলি অরোরার কাস্টিং নিয়ে। এছাড়াও ছবির এক প্রোমোশনাল পোস্টার বানর সেনার চোখে চশমা দেখা যাওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই সঙ্গেই ছবির জঘন্য ভিএফএক্স নিয়েও কম বিতর্ক হয়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Ramayana
Advertisement
Tags :
Ramayana

নিয়মিত খবরে থাকতে ফলো করুন