'কল্কি'র সিক্যুয়েলে কোনও নতুন চরিত্র নেই, প্রশ্নের মুখে দীপিকার চরিত্রের ভবিষ্যৎ
Kasturi Kundu
চব্বিশ সালে বক্স অফিসে অপ্রতিরোধ্য ছিল 'কল্কি'র বিজয়রথ। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন গড়েছিল এই ছবি। প্রথম পর্বেই পারফরম্যান্সের দিক থেকে ছক্কা হাঁকিয়েছেন কলাকুশলীরা। দর্শকদের ‘পাখির চোখ’ছিল সিনেমার সিক্যুয়েল। গল্পের চরিত্রদের মোড় কোন দিকে মোড় নেবে? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল ব্লকবাস্টার পারফরম্যান্স দিয়েও ‘কল্কি’ সিক্যুয়েল থেকে দীপিকা পাডুকোনকে ছেঁটে ফেলেছেন পরিচালক। দ্বিতীয় ভাগ নিয়ে বিরাট আপডেট দিলেন নাগ অশ্বীন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন, নতুন কোনও চরিত্রের সংযোজন হচ্ছে না। দীপিকার চরিত্রের জন্য নতুন কাউকে ভাবা হয়নি। বরং প্রথমভাগের গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই নতুন জার্নি শুরু হবে। তাহলে 'সুমতি' চরিত্রের ভবিষ্যৎ কী?
পরিচালক নাগ অশ্বীন জানিয়েছেন, বড় পরিসরে দ্বিতীয় পর্ব তৈরির পরিকল্পনা রয়েছে। সিক্যোয়েলের জন্য আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে সেই দিকেও আলোকপাত করেন পরিচালক। ব্যস্ততার কথা উল্লেখ করে নাগ অশ্বীন বলেন, "একই জগৎ ও চরিত্রগুলোর সমন্বয়ে আগের গল্পটিকেই এগিয়ে নিয়ে যাবে। তবে এখন গল্পের মূল আবেগ এবং কীভাবে সবকিছু একসঙ্গে মিলিত হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এটি নিঃসন্দেহে আরও বড় পরিসরের এবং আরও আবেগপূর্ণ হতে চলেছে।"
আরও পড়ুন:
প্রভাসের প্রশংসা করে বলেন, "আমার দৃষ্টিভঙ্গির ওপর প্রভাসের মতো একজন তারকা বিশ্বাস রাখছেন এটা সত্যিই আশীর্বাদ।" তবে দ্বিতীয় ভাগে দীপিকার বদলে আদতে কেউ থাকছেন কিনা বা সেই চরিত্রের ভবিষ্যৎ কোন পর্যায়ে সেবিষয়ে ধোঁয়াশা জিইয়েই রাখলেন।
এবিষয়ে নাগের মন্তব্য, "নতুন কোনও চরিত্রের সংযোজন হচ্ছে না। কারণ ইতিমধ্যেই এই ছবিতে অনেক তারকা রয়েছে। অক্টোবর থেকে শুরু হবে সিনেমার শুটিং। কলটাইমও শিল্পীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে আমরা কমল স্যার আর বচ্চন স্যারের সঙ্গে আলাদাভাবে শুটিং সেরে ফেলেছি। প্রভাসের অংশের জন্য অপেক্ষা করছিলাম, সেটাও সমাধান হয়ে গিয়েছে। আগামি বছরের মাঝামাঝি পুরো শুটিং শেষ করতে পারব বলে আমরা আশাবাদী। শুটিং শেষ হলে আমরা ছবি মুক্তির দিন ঘোষণা করব।"
বলিউড সূত্রে খবর, প্রথমে সিক্যুয়েলে অভিনয় করার কথা ছিল দীপিকা পাডুকোনের। নাগ অশ্বীন তৈরিও ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন একটা বিরতি দেওয়ার জন্য। তবে সিনেমার এহেন গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্ত বদলাতে হল। যত দ্রুত সম্ভব ‘কল্কি’র সিক্যুয়েল পর্দায় আনতে চাইছেন তাঁরা। তাই শুটিংও করে দিয়েছিলেন। শুটিং শুরুর আগে প্রযোজনা সংস্থা সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, 'আনুষ্ঠানিক ভাবে জানাচ্ছি, দীপিকা পাড়ুকোন কল্কি ২৮৯৮ এডি-র আসন্ন সিক্যুয়েলে থাকছেন না। সবদিক বিবেচনা করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। প্রথম অংশের সাফল্যের পরও দ্বিতীয়ভাগে একসঙ্গে কাজ করা হল না। কিন্তু, এই ছবির প্রতি একটা দায়বদ্ধতা আছে। অভিনেত্রীর ভবিষ্যতের কাজের জন্য আমরা শুভেচ্ছা জানাই।'
২০২৪-এ পরিচালক জানিয়েছিলেন, "ইতিমধ্যেই ২৫-৩০ দিন দ্বিতীয় পর্বের শুটিং হয়ে গিয়েছে। তবে এখনও পর্বতপ্রমাণ অংশ বাকি। পুরো নতুনভাবে ঢেলে প্রোডাকশন সাজাতে হচ্ছে।" দীপিকার বাদ পড়া প্রসঙ্গে তখন নান মুনির নান মত। কারও দাবি আট ঘণ্টার শিফট নিয়ে সমস্যা, আবার কারও দাবি গগনচুম্বী পারিশ্রমিক হাঁকানোর জন্যেই বলিউডের ‘পদ্মাবতী’কে সিক্যুয়েল থেকে সরানো হয়েছে।