কবিগুরুর কণ্ঠে কবি, সৃজিতের ছবিতে রবীন্দ্রনাথের চরিত্রে কণ্ঠ দিলেন জয় গোস্বামী
Sandipta Bhanja
কলম বনাম তলোয়ারের লড়াই নিয়ে ছাব্বিশ সালের পুজোর পর্দায় আসছে 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'। ইতিহাস আর সেলুলয়েডের ম্যাজিকে যেখানে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে একসূত্রে বেঁধেছেন সৃজিত মুখোপাধ্যায়। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ঝলকে একাধিক ঐতিহাসিক চরিত্র তথা বাঙালি মনীষীদের উপস্থিতিতে ইতিমধ্যেই উন্মাদনা, কৌতূহলের পারদ চড়েছে দর্শকমহলে। যেখানে অন্যতম চমক রবীন্দ্রনাথের বেশে সঞ্জয় নাগ। আর সেই চরিত্রের জন্যেই কণ্ঠ দিলেন জয় গোস্বামী।
এর আগে পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘জীবন স্মৃতি’তে রবিঠাকুরের চরিত্রায়ণে কবি কণ্ঠের এমন ব্যবহারের নজির দেখা গিয়েছিল।
সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন পুজোর ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' ছবিতে উঠে আসবে বাংলা সাহিত্যের দুই কিংবদন্তি রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের টানাপোড়েনের নানা অধ্যায়। রবিঠাকুরের চরিত্রে সঞ্জয় নাগের লুক ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। আর তাঁর অভিনয়ের সঙ্গেই এই চরিত্রে অতিরিক্ত মাত্র যোগ করেছে কবি জয় গোস্বামীর কণ্ঠ। এর আগে পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘জীবন স্মৃতি’তেও রবিঠাকুরের চরিত্রায়ণে কবি কণ্ঠের এমন ব্যবহারের নজির দেখা গিয়েছিল। সেই ধারারই নবতম সংযোজন সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।
"রবীন্দ্রনাথের যে বয়স দেখি, প্রথম দিন শুটিংয়ের পরেই সৃজিতকে বলেছিলাম আমি যদি না ডাবিং করি, জয়দা (গোস্বামী) করলে ভালো হবে। সৃজিত তক্ষুণি সম্মতি দেয়।..."
'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' ছবিতে রবিঠাকুরের চরিত্রে সঞ্জয় নাগ।
এই ছবিতে রবিঠাকুর ও শরৎচন্দ্রের সময়, সাহিত্য এবং তাঁদের পারস্পরিক সম্পর্কের নানাদিক উঠে আসবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সঞ্জয় নাগ ফোনে জানালেন, “সৃজিতের আসন্ন পুজোর ছবিতে আমি রবীন্দ্রনাথের চরিত্রে। এর আগেও রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছি। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ঋতুপর্ণ ঘোষের ‘জীবন স্মৃতি’ নামক ডকু ফিকশনেও রবীন্দ্রনাথের (৪০ থেকে ৮০ বছরের) ভূমিকায় আমি অভিনয় করেছিলাম। খুব প্রিয় ছবি আমার। সেটায় একটু বয়স্ক কণ্ঠের প্রয়োজন ছিল। সেই সময় কবি-লেখক জয় গোস্বামী আমার ওই অংশের ডাবিং করে দিতে রাজি হয়েছিলেন। এবার সৃজিতের ছবিতে আবার রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করি। রবীন্দ্রনাথের যে বয়স দেখি, প্রথম দিন শুটিংয়ের পরেই সৃজিতকে বলেছিলাম আমি যদি না ডাবিং করি, জয়দা (গোস্বামী) করলে ভালো হবে। সৃজিত তক্ষুণি সম্মতি দেয়। এবং জয়দাকে যোগাযোগ করে। জয়দাও আমার ওই রবীন্দ্রনাথের অংশটা ডাবিং করে দেন।” বলা যায়, সঞ্জয় নাগের অভিনয়ের সঙ্গে জয় গোস্বামীর কণ্ঠ ছবিতে রবীন্দ্রনাথের অংশ আরও অর্থবহ করে তুলবে। ১৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবিটি।