'সহ অভিনেত্রী হাঁড়ির খবর রাখে!' সুনীতাকে 'খুনি' কটাক্ষে কোমলকে তোপ গোবিন্দার ভাগ্নে বউ কাশ্মীরার
Kasturi Kundu
কোমল রানি স্বর্ণকারের সঙ্গে লালবাগচা রাজার দর্শনে গিয়ে নতুন করে প্রেমচর্চা উসকে দিয়েছেন বলিউডের 'হিরো নম্বর ওয়ান' গোবিন্দা। হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে চুপিসারে বিয়েও করেছেন! এহেন গুঞ্জন চাউড় হতেই নাম না করে গোবিন্দাকে 'পশুদেরও অধম' বলে খোঁচা দিয়েছেন সুনীতা। খোঁটা শুনতে হচ্ছে কোমলকেও। ধৈর্যের বাধ ভাঙতেই পালটা তোপ কোমল রানির। প্রেম জল্পনার মাঝে তারকাপত্নী সুনীতা আহুজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, "যে মহিলা রোজ নিজের স্বামীকে মেরে ফেলার চেষ্টা করে, এমন নারীর অভিশাপ কারও গায়ে লাগে না।" কোমলের এই অভিযোগের তীব্র বিরোধিতা করে মামি শাশুড়ির পাশে দাঁড়িয়েছেন গোবিন্দার ভাগ্নে বউ কাশ্মীরা শাহ (Kashmera Shah)।
জানতে চেয়েছেন, একজন সহ অভিনেত্রী কীভাবে কারও ব্যক্তিগতজীবনের তথ্য জানতে পারেন? বাড়ির মহিলা যাঁরা পুরো পরিবারকে সামলে রাখে তাঁদের 'খুনি' তকমা! এই মন্তব্য নারীজাতির জন্য অত্যন্ত অপমানজনক বলে মনে করেছেন কাশ্মীরা। সেই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, তিনি সবসময় গোবিন্দার স্ত্রী অর্থাৎ সুনীতা আহুজার পাশে ঢাল হয়ে থাকতেন। কারণ তাঁর সহনশীল মনোভাব, রুচিবোধে গর্বিত কাশ্মীরা।
আরও পড়ুন:
সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে কাশ্মীরা তাঁর কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে যে সীমারেখা সবসময় বজায় রেখেছেন সে বিষয়ে কথা বলেন। পোস্টের বক্তব্য অনুযায়ী, দীর্ঘ কর্মজীবনে অসংখ্য সহ অভিনেতার সঙ্গে কাজ করলেও কখনও তাঁদের সঙ্গে ব্যক্তিগতজীবন বা অনুভূতি ভাগ করে নেননি। পোস্টে সরাসরি কারও নামোল্লেখ না করলেও তিনি যে কোমলের উদ্দেশ্যেই কথাগুলো বলেছেন তা বলাই বাহুল্য।
সুনীতা গোবিন্দার সম্পর্ক নিয়ে কোমলের বিরূপ মন্তব্য প্রসঙ্গেই এই প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, কোমল কীভাবে জানলেন সুনীতা গোবিন্দাকে রোজ খুন করেন! কড়া ভাষায় কাশ্মীরা লেখেন, 'কেরিয়ারের শুরু থেকে ত্রিশ বছরে মোট পঞ্চাশটি ছবিতে কাজ করেছি। কোনও সহ অভিনেতা আমার ব্যক্তিগতজীবন সম্পর্কে কখনও কিছু জানেননি। স্বামী ছাড়া আর কাউকে মনের কথা বলিনি। কর্মক্ষেত্রে এমন কোনও সম্পর্কের কথা আমি কখনও শুনিনি যে একজন সহকর্মী হাঁড়ির খবর জানেন।'
সুনীতার সমর্থনে কোমলকে নিশানা করে কাশ্মীরার খোঁচা, 'আমি জানি আমি একজন শক্তিশালী নারী। আমি এমন একটি পরিবারে বিয়ে করেছি যেখানে শক্তিশালী নারীরা রয়েছেন। পরিবারকে রক্ষা করতে অনেকসময় আমাদের ব্যবহারে-আচরণে পরিবর্তন আসে। সেটা শুধুমাত্র পরিবারকে ভালো রাখতে। সেই সময় হয়ত স্বার্থপর, বদমেজাজি, ডমিনেটিং-এর মতো অনেক তকমা দেওয়া হয়। কিন্তু, খুনি শব্দটা প্রথমবার শুনলাম। তাহলে একজন মা, মাসি, পিসি, বোন বা পোষ্য যেই হোক না কেন একজন পুরুষকে রক্ষা করতে তিনি বাবা, ভাই, স্বামী যে কেউ হতে পারেন তাঁদের রক্ষা করার জন্য তাহলে তাই হোক।' পোস্টের শেষে সুনীতাকে ট্যাগ করে কাশ্মীরা জানান, 'আমি গর্বিত তুমি সেরকম একজন মানুষ। আমি সবসময় তোমার সঙ্গে আছি।'