চূর্ণীর ভোলবদল! কাঁচা পাকা চুলে অনির্বাণ, কৌশিকের 'তারপর'- এ নজরকাড়া রজতাভ, রুদ্রনীল
Kasturi Kundu
২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি 'তারপর'-এর পোস্টার। যার প্রথম ঝলকেই ছিল অভিনবত্বের ছোঁয়া। সপ্তাহ ঘোরার আগেই এবার প্রকাশ্যে চরিত্রদের ফার্স্ট লুক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। ভিন্ন আর্থ-সামাজিক স্তরের চারটে মানুষের জীবনের গল্প বলবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'তারপর'। পোস্টারের মতোই চরিত্রদের লুকেও রয়েছে চমক।
পর্দায় চূর্ণী গঙ্গোপাধ্যায়ের আর্বিভাব মানেই ছোট চুল আর চোখে ফ্যাশনেবল চশমা। কিন্তু, এই ছবিতে একেবারে ভিন্ন অবতারে ধরা দেবেন চূর্ণী। পরনে নীল রঙের সুতির শাড়ি, লম্বা চুল আর কপালে বেশ বড় সাইজের কালো টিপ। এই স্নিগ্ধ লুককে আরও প্রাণবন্ত করে তুলেছে ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসি। এহেন লুকে চূর্ণীকে দর্শক কবে শেষবার দেখেছে তা স্মৃতির সরণী বেয়ে মনে করা কিন্তু সত্যিই দুষ্কর।
আরও পড়ুন:
এবার আসা যাক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের লুকে। লাল শার্টের সঙ্গে হালকা রঙের ব্লেজার, চোখে কালো রোদচশমা, মাথায় কাঁচা-পাকা চুল স্পষ্ট। একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাচ্ছে, ভ্রূযুগল কুঁচকে রয়েছেন অনির্বাণ। রজতাভ দত্তের লুকও বেশ নজরকাড়া। বুক পর্যন্ত বোতাম খোলা শার্টের কলার বরাবর রুমাল আর চোখে চশমা। খল চরিত্র হোক বা কৌতুকশিল্পীর ভূমিকায়, ছক্কা হাঁকান রজতাভ। 'তারপর'-এর প্রথম লুকের ঝলকে অভিনেতার চেহারার অভিব্যক্তিতে রয়েছে চিন্তার ছাপ!
অতি সাধারণ একটা শার্ট, এলোমেলো চুল আর দন্তবিকশিত হাসিতে সাদামাটা লুকে রুদ্রনীল ঘোষ যেন এক নিষ্পাপ ব্যক্তি! কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'তারপর'-এ প্রতিটি চরিত্রের লুকই চমকপ্রদ তা বললে অত্যুক্তি হবে না। সামাজিক অবস্থান ও পেশা আলাদা এমন চারজন মানুষ এক জায়গায় মিলিত হয়। প্রয়োজনের অতিরিক্ত কথা কেউই বলেন না। কিন্তু, ঘটনাচক্রে যদি একসঙ্গে দুটো দিন কাটাতে হয় তখন তাঁরা কীভাবে মানিয়ে নেবেন?
সেই ভাবনার নেপথ্যেই গল্প বুনেছেন বাংলার অন্যতম সেরা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। পোস্টারের ট্যাগলাইন, 'জীবনকে উলটে পালটে দেখুন' এই লেখা থেকেই স্পষ্ট কৌশিকের ভাবনায় মানুষের জীবনের কোনও বিশেষ দিকে উন্মোচিত হবে। আগামীতে আরও অনেক নতুন চমক দর্শকের জন্য অপেক্ষা করছে তা বলাই বাহুল্য।