গৈরিক বঙ্গে চলচ্চিত্র উৎসবের লোগো বদল, আসছেন অক্ষয় থেকে রজনীকান্ত, তালিকায় আর কারা?
Kasturi Kundu
উৎসবের মরশুমের মাঝেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2026) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিজয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গে কথা বলেছিলেন। তখনই জানিয়েছিলেন আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। পয়লা নভেম্বর রবিবার নন্দনে সাংবাদিক সন্মেলনে উন্মোচিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। গৈরিক বঙ্গে বদলে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। তথ্য় ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী নতুন লোগোর উদ্বোধন করেলন।
রবিবাসরীয় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্য়ায়, পাপিয়া অধিকারী, মিঠুন চক্রবর্তী, জিৎ, রুদ্রনীল ঘোষ, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তীর মতো চলচ্চিত্র জগতের দিকপাল ব্যক্তিত্বরা। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের শৈল্পিক ভাবনায় তৈরি হয়েছে 'কিফ'-এর নতুন লোগো। ভিক্টোরিয়ায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। সিনে উৎসবের থিম সংয়ের নেপথ্যে রাতুল বন্দ্যোপাধ্যায়। সঞ্চালকের আসনে অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস’ দেশ আয়ারল্যান্ড!
আরও পড়ুন:
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছেন বলিউডের একঝাঁক তারকা। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত থেকে 'বাহুবলী' প্রভাস, বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, 'খলনায়ক' সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার, কঙ্গনা রানাউত, অনুরাগ বসু, মধুর ভান্ডারকর। তালিকায় একজন সম্ভাব্য হলিউড অভিনেত্রীর নামও রয়েছে। কিন্তু, তাঁর উপস্থিতি চূড়ান্ত না হওয়ার কারণে এখনই নাম প্রকাশ্যে আনা হয়নি।
ছাব্বিশের সিনে উৎসবে কোন কোন দেশের ছবি জায়গা পাবে, কী কী নতুন চমক অপেক্ষা করছে, সেটা অবশ্য ক্রমশ প্রকাশ্য। রাজনৈতিক পালাবদলের পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো পরিবর্তন থেকে প্রায় সবটাই নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। তাই খুব স্বাভাবিকভাবেই আসন্ন 'কিফ' নিয়ে সিনেভক্তদের বাড়তি আগ্রহ রয়েছে তা বলার অবকাশই রাখে না।