এড শিরানকে দিয়ে হিন্দি গান গাইয়ে 'বিশেষ বার্তা' শাহরুখের, ব্রিটিশ গায়ক বললেন, 'অরিজিৎ সিং ছিল বলেই...'
Sandipta Bhanja
বাদশার জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর মধ্যরাতে প্রকাশ্যে এসেছে 'কিং' (King Movie)-এর নতুন গান 'তু মিল যায়ে'। যেখানে শাহরুখ-দীপিকার রোম্যান্সের পাশাপাশি অরিজিৎ সিংয়ের সঙ্গে বিশ্বখ্যাত গায়ক এড শিরানের যুগলবন্দিতে দর্শক-অনুরাগীমহলের অ্যাড্রিনালিন রাশ বেড়েছে। শুধু কি তাই? মুক্তির মাত্র একদিনেই ৬০ মিলিয়ন 'ভিউজ' নিয়ে রেকর্ড গড়েছে এই গান। 'তু মিল যায়ে'র এহেন গগনচুম্বী সাফল্যে এবার মুখ খুললেন খোদ শাহরুখ খান।
'এড শিরান এই গানটার জন্য তোমাকে শুধু ধন্যবাদ জানালেও যথেষ্ট নয়। বিশেষ করে হিন্দি...'
একে অরিজিৎ সিং ম্যাজিক, উপরন্তু বিশ্বখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরানে মুখে হিন্দি ভাষা- এহেন 'শতাব্দীর সেরা' যুগলবন্দির সাক্ষী থাকতে পেরে শাহরুখকে ধন্য ধন্য করছে শ্রোতা-দর্শকমহল। ভক্তদের কথায়, 'একমাত্র কিং খানের ক্যারিশ্মাতেই এহেন অসম্ভব সম্ভব হয়েছে।' কিন্তু শাহরুখ কৃতীত্ব দিলেন এড শিরানকে। মঙ্গলবার ব্রিটিশ গায়কের জ্যামিংয়ের ভিডিও ভাগ করে নিয়ে বাদশা লিখেছেন, 'এড শিরান এই গানটার জন্য তোমাকে শুধু ধন্যবাদ জানালেও যথেষ্ট নয়। বিশেষ করে হিন্দি অংশটুকুর জন্য। তোমাকে অনেক ভালোবাসা।' তবে 'তু মিল যায়ে'র এহেন রেকর্ডে বাদশা তাঁকে ধন্যবাদ জানালেও এড শিরান কৃতীত্ব ভাগ করে নিলেন অরিজিৎ সিংয়ের সঙ্গে।
আরও পড়ুন:
"শেষবার যখন ভারতে ছিলাম, তখন আমার আর অরিজিৎ সিংয়ের 'স্যাফায়ার' মিউজিক ভিডিওতে একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের অনুরোধ নিয়ে মন্নতে গিয়েছিলাম।..."
উল্লেখ্য, 'কিং'য়ের এই গানের সুবাদেই বলিউডি সঙ্গীত দুনিয়ায় পা রাখলেন এড শিরান। ব্রিটিশ গায়ক জানিয়েছেন, মন্নতে পয়লা সাক্ষাতের সময়েই শাহরুখ তাঁর কাছে নিজের সিনেমার জন্য একটি গান তৈরির আবদার রেখেছিলেন। এড শিরানের মন্তব্য, "শাহরুখের সঙ্গে প্রথমবার যখন দেখা হল উনি আমাকে বলেছিলেন, ওঁর পরবর্তী সিনেমার জন্য একটি গান তৈরি করতে, যেটা হিসেবমতো আমার প্রথম বলিউড গান। আসলে দীর্ঘ কয়েক বছরে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে এবং শাহরুখ আমার খুব পছন্দেরও। শেষবার যখন ভারতে ছিলাম, তখন আমার আর অরিজিৎ সিংয়ের 'স্যাফায়ার' মিউজিক ভিডিওতে একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের অনুরোধ নিয়ে মন্নতে গিয়েছিলাম। সেদিন তিনিই আমাকে শচীন-জিগারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই রাতেই আমি তাঁর 'কিং' সিনেমার জন্য 'তু মিল যায়ে' গানটিতে আমার অংশটুকু লিখে ফেলি এবং রেকর্ড করি।" এরপরই বন্ধু অরিজিতের প্রসঙ্গ টেনে শিরান যোগ করেন, "আমার খুব ভালো লাগছে যে, এই গানে অরিজিৎও আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে— আমার প্রিয় মানুষগুলো সকলে এক প্রজেক্টে যুক্ত!" উল্লেখ্য, এই গানে দীপিকার অংশটি গেয়েছেন মধুমন্তী বাগচী।