সাহিত্যিক বুদ্ধের মুখ্যমন্ত্রিত্বে আপত্তি পাপিয়ার, চা-ওয়ালা মোদিকে নিয়ে বললেন, 'উনি মানুষ নন, ঠাকুর'
Tiyasha Sarkar
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাহিত্য যোগ কারও অজানা নয়। বহুবার বহু মানুষের মুখে শোনা গিয়েছে, তিনি সাহিত্য জগতে ডুবে থাকলেই বোধ হয় ভালো হত। এদিন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর মুখেও শোনা গেল সেকথাই। খোঁচা দিয়ে বললেন, "সাহিত্যের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রীর চাকরি দেওয়া হয়েছিল!" স্বাভাবিকভাবেই সাহিত্যিকের মুখ্যমন্ত্রিত্বে যদি কথা ওঠে, তা হলে চা-ওয়ালার প্রধানমন্ত্রিত্বও প্রশ্নের মুখে পড়ে। সে প্রশ্ন করতেই ফুৎকারে উড়িয়ে দিলেন পাপিয়া। তাঁর সাফ কথা, মোদিজি মানুষ নন, উনি ঠাকুর। ওনার ভাব সমাধি হয়েছিল। সবার হয় না।"
পাপিয়া বললেন, "মোদি মানুষ নন, উনি দেবতা, ঠাকুর। উনি আধ্যাত্মিকতায় এতটা উত্তীর্ণ...। উনি ওই বরফের মধ্যে ধ্যান করেছেন। লোকে তো বলেছিল, পারবেন না। উনি পেরেছেন। ওনার ভাব সমাধি হয়েছিল। সবার হয় না।"
আজ, রবিবার ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো উদ্বোধন অনুষ্ঠান। সেখানেই রাজ্যের একাধিক বিধায়কের পাশাপাশি ছিলেন বিনোদন জগতের তারকারা। সেই অনুষ্ঠানের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিধায়ক পাপিয়া অধিকারী। তিনিই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে বলেন, "বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সাহিত্য জগতের মানুষ। ওনার জ্ঞান, পড়াশোনা সকলেরই জানা। বছরের এই সময়টায় তিনি দীর্ঘক্ষণ নন্দনেই থাকতেন। আমার প্রশ্ন, তাহলে সেই সময়টায় ওনার দায়িত্ব সামলাতেন কে?" এরপর খানিকটা মশকরার ভঙ্গিতেই বললেন, "বিমান দা?" এতেই স্পষ্ট, সাহিত্যিক বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্বকে একেবারেই ভালোভাবে নেননি তিনি।
আরও পড়ুন:
এরপরই সংবাদ প্রতিদিন-এর তরফে প্রশ্ন করা হয়, "যদি সাহিত্য জগতের মানুষ মুখ্যমন্ত্রী হলে প্রশ্ন, তাহলে প্রধানমন্ত্রী মোদিজি তো চা-ওয়ালা।" জবাবে পাপিয়া বললেন, "মোদি মানুষ নন, উনি দেবতা, ঠাকুর। উনি আধ্যাত্মিকতায় এতটা উত্তীর্ণ...। উনি ওই বরফের মধ্যে ধ্যান করেছেন। লোকে তো বলেছিল, পারবেন না। উনি পেরেছেন। ওনার ভাব সমাধি হয়েছিল। সবার হয় না। মোদিজিকে নিয়ে আর কিছু বোলো না প্লিজ।" অর্থাৎ বিজেপি বিধায়কের কাছে মোদিজি ঈশ্বর। তিনি সব কিছুর উর্ধ্বে।