টলিউড নির্বাচনে প্রার্থী স্বরূপ ঘনিষ্ঠরাই! 'মিঠুনদাকে ভুল বোঝানো হয়েছে', তোপ ক্ষুব্ধ পাপিয়ার, পালটা রুদ্রনীলের
Tiyasha Sarkar
তৃণমূল জমানায় বারবার টলিউডে ছড়ি ঘোরানোর অভিযোগ উঠেছে তৎকালীন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এতদিন সভাপতি পদটি ছিল মনোনীত। স্বরূপের বিদায়ের পর এই প্রথম ফেডারেশনের সভাপতি নির্বাচনের (Tollywood Elections) জন্য ভোট হচ্ছে টলিপাড়ায়। এই ভোট নিয়েও ক্ষুব্ধ টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। তাঁর দাবি, এবারও প্রার্থী হয়েছেন স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠরাই। তাঁর আশঙ্কা, এরা ভোটে জিতলে টলিপাড়ার অরাকজকতা বন্ধ করা যাবে না। ভোটের দায়িত্বে থাকা মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে বলেই দাবি তাঁর। যদিও পাপিয়ার আশঙ্কা মেনে নিলেও উলটো সুর বিধায়ক রুদ্রনীল ঘোষের। তাঁর কথায়, "গণতান্ত্রিক দেশে কাউকে বাধা দেওয়া যায় না।"
বিগত কয়েক বছরে বারবার উত্তপ্ত হয়েছে টলিপাড়া। একাধিকবার টলিউডের অন্দরে মতবিরোধের পরিস্থিতি তৈরি হয়েছে। বয়কটের ঘটনাও ঘটেছে। এই সমস্ত ঘটনার নেপথ্যে স্বরূপ বিশ্বাস বলেই বারবার শোনা গিয়েছে। ফলে পালাবদলে টলিপাড়ায় সুদিন ফিরবে বলেই আশা ছিল সকলের। শনিবার ও রবিবার ফেডারেশনের সভাপতি নির্বাচনের জন্য চলছে ভোট। কিন্তু এই ভোটের পরও আদতে সমস্যা মিটবে কি না, তা নিয়ে আশঙ্কায় বিজেপির বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি বলেন, "স্বরূপ বিশ্বাসের সময় ছিলেন এমন অনেকেই প্রার্থী হয়েছেন। নিরপেক্ষ ভোট হচ্ছে না। ফলে কী হবে তা জানি না।" পাপিয়া আরও বললেন, "এখানে ভেন্ডার থাকেন। ভেন্ডারের কাজ হল, তিনিই ক্যামেরা, লাইট থেকে শুরু করে সবকিছু দেয়। এই ভেন্ডার নিয়েও সমস্যা দেখা হচ্ছে।" পাপিয়ার দাবি, মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে শিবপুরে বিধায়ক রুদ্রনীল ঘোষের গলায় খানিকটা ভিন্ন সুর। তিনি বলেন, "পাপিয়াদির আশঙ্কার একটা কারণ রয়েছে। তৃণমূল জমানায় ওরা অরাজকতার সিলেবাস তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গে মানুষের আশীর্বাদে পরিস্থিতি বদলেছে। আমরা তো টেকনিশিয়ানের কার্ড কেড়ে নিতে পারি না। যে যার ভোট তো সকলে দেবে। বিধানসভায় বিরোধীদের ঢুকতে দেব না, তা তো হতে পারে না। স্বরূপরা তো সব জায়গাকেই গ্রাস করেছিল।" রুদ্রনীলের কথায়, "মিঠুনদা সব বিষয়ে ওয়াকিবহাল। পছন্দ-অপছন্দ জানি না। যিনি যোগ্যভাবে কাজ করবেন তিনিই টিকে থাকবেন।"