'বিয়ের আগে যৌন সম্পর্ক স্বাভাবিক', জেন জি নিয়ে কেন এমন মন্তব্য কিরণের?
Kasturi Kundu
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'লাস্ট স্টোরিজ ৩'। দাম্পত্যে শারীরিক সম্পর্কে অনীহা থেকে তরুণ প্রজন্মের উদ্দাম যৌনতা সবটাই সিনেমার গল্পজুড়ে আবর্তিত হয়েছে। ছবির প্রচারে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক কিরণ রাও (Kiran Rao) তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মুক্তমনা ভাবকে কার্যত সমর্থন করেছেন। তাঁর মতে, সময় বদলেছে। যুগের পরিবর্তনের সঙ্গে সবকিছুতেই পরিবর্তন আসাটা এবং সেটিকে মেনে নেওয়াই বাঞ্ছনীয়।
বর্তমান প্রজন্ম তথা তরুণ প্রজন্মের সম্পর্কের ক্ষেত্রেও মুক্ত মানসিকতার প্রশংসা করেন কিরণ রাও। সাংবাদিকরা জানতে চান, "কিরণ ম্যাম, আপনার গল্পে যে চরিত্রগুলো রয়েছে তাঁরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যে 'ছেলেমানুষি' বা 'হালকা মেজাজ'টা দেখানো হয়েছে সেটা একজন পরিচালক হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করবেন? এই সম্পর্কগুলোকে কীভাবে চিত্রায়িত করার পরিকল্পনা করেন?"
আরও পড়ুন:
চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের স্পষ্ট জবাব, "'ছেলেমানুষি' বা 'হালকা মেজাজ নয়, বরং বলা ভালো অনেক বেশি স্বাধীনচেতা, মুক্তমনা। আমার মনে হয় তরুণ প্রজন্ম অনেকবেশি স্বাধীন। যে কোনও ক্ষেত্রে তাঁরা অনেকটাই বাধাহীন। পৃথিবীটা এখন সম্পূর্ণ অন্যরকম জায়গায় পৌঁছে গিয়েছে। নিজেদের প্রকাশ করার ধরনেও বদল এসেছে। একটা সময় ছিল যখন মানুষের থেকে একটি নির্দিষ্ট সম্পর্ক প্রত্যাশা করা যেত। কিন্তু, এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। আর আমরা সিনেমার মাধ্যমে সেই বিষয়টাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।"
কিরণ আরও বলেন, "আমি যে যুগের মানুষ সেসময় প্রত্যাশা করার একটা জায়গা ছিল। একজন মানুষের সঙ্গে আপনার শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরনের সম্পর্কই থাকবে। এমনকী শারীরিক সম্পর্ক কিংবা আবেগঘন মুহূর্ত উপভোগ করা বিয়ের পরই একমাত্র সম্ভব। বিশেষ করে যখন সেটি পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়। এখন আর বিষয়টি তেমন নেই। আমরা এই গল্পে সাম্প্রতিক সময়ের পরিস্থিতির উপরই আলোকপাত করেছি। এমন একটি গল্প বলতে চেয়েছি যা তরুণ প্রজন্মের মানুষের মধ্যে থাকা সতেজতা, স্বাধীনতা এবং মুক্ত মানসিকতার প্রতিফলন ঘটাবে। আজ মানুষ বিবাহিত না হয়েও শারীরিক মিলনে অনায়াসেই লিপ্ত হতে পারে। সময়ের পরিবর্তনকেই দর্শকের সামনে আমাদের মেলে ধরার একটা প্রয়াস।"