দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Pousali Banerjee

'যৌনপল্লিতে গিয়ে গান করুন', নিন্দুকদের পৌষালীর পাটকেল, 'যৌনকর্মী বোনকে বুকে আগলে গান শোনাব'

ট্রোলের কড়া জবাব পৌষালীর।
Kasturi Kundu
01:09 PM Oct 30, 2026 IST
ট্রোলের কড়া জবাব পৌষালীর।
পৌষালী বন্দ্যোপাধ্য়ায়। ছবি: ফেসবুক

পৌষালী বন্দ্যোপাধ্যায়, লোকসঙ্গীতের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠ। মঞ্চে পৌষালীর গান পরিবেশন মুগ্ধ করে শ্রোতাদের। রিয়ালিটি শোয়ের মঞ্চ বা কোনও অনুষ্ঠানে পৌষালীর (Pousali Banerjee) পারফরম্যান্স সবসময়ই সেরার সেরা। সারেগামাপা-এর মতো সংগীতের রিয়েলিটি শোয়ের প্ল্যাটফর্ম থেকেই ধীরে ধীরে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। সংগীত পরিবেশনের মাঝে দর্শককে বিনোদন দিতে সামান্য কোমর দোলানো বা নাচ করা শিল্পীদের স্বভাবসিদ্ধ ভঙ্গি। বলিউড বা হলিউডের শিল্পীরা নাচ ব্যতীত গান পরিবেশন যেন ভাবতেই পারেন না! বাংলার ক্ষেত্রেও এটা চেনা দৃশ্য। কিন্তু, গানের সঙ্গে নাচতেই অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় পৌষালীকে।

তিনিও চুপ থাকার পাত্রী নন। নিন্দুকেরা যেমন ঢিল ছুড়েছেন তেমনই জুটেছে পৌষালীর পাটকেল। কড়া ভাষায় শালীনতা ও মানবিকতার পাঠ পড়ালেন পৌষালী। সমাজমাধ্যমে একটি লম্বাচওড়া পোস্ট শেয়ার করে সমালোচকদের জবাব দিয়েছেন। পৌষালীর কথায়, 'বেশ কিছুদিন হল অনেক কিছু দেখছি, অনেক কিছু পড়ছি এবং উপভোগ করছি। হ্যাঁ, উপভোগই করছি। খুব সচেতন ভাবেই বলছি, গ্রহণ করছি না। আমার গান, আমার শৈল্পিক পরিবেশনা নিয়ে পছন্দ বা অপছন্দ থাকতেই পারে তবে তার ঊর্ধ্বে গিয়ে যখন অপছন্দের বহিঃপ্রকাশ অপমান হয়ে ওঠে সেটাও যখন কেবল আমার উপর না থেকে হাজার হাজার নারীর দেহ, মন আর সম্মানকে ভেঙে গুঁড়িয়ে দেয় তখন কিছুটা দায়বদ্ধতা থেকে যায় বৈকি।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

পৌষালীকে যৌনপল্লিতে গিয়ে গান গাওয়ার পরামর্শ দিয়েছেন নেটাগরিকের একাংশ। তাঁদের উদ্দেশে গায়িকার সংযোজন, 'যদি খুব শালীনতা বজায় রেখে বিষয়টা উপস্থাপন করতে হয় তবে বিষয়টা এরকম, একটা কমেন্ট এল, 'পৌষালী আপনি যৌনকর্মীদের পাড়ায় গিয়ে গান করুন।' যিনি এটা লিখেছেন মনে রাখবেন তিনি একজন মহিলা। সেই নারী বোধহয় সারাদিন পারিবারিক হিংসার শিকার হন, আর তারপর সোশাল মিডিয়ায় এসে নিজের বিকৃতিকে তুলে ধরেন। এর বেশি আর কি বলতে পারি। যিনি বা যাঁরা এধরণের কথা অবলীলাক্রমে বলে এসেছেন, বলেন এবং ভবিষ্যতেও বলবেন তাদের বলছি নিজের জন্য খারাপ লাগে না, কোনও যৌনকর্মী বোন যদি কোনওদিন আমার থেকে গান শুনতে চান, তাকে বুকে জড়িয়ে 'কৃষ্ণ প্রেমে পোড়া দেহ' আমি বারংবার শোনাবই।'

আরও একধাপ এগিয়ে পৌষালীর পরিস্কার বক্তব্য, 'তাতে আপনাদের সতীত্বে যদি লিপ্সার আঘাত লাগে আপনারা আমায় ত্যাগ করতে পারেন। আহারে মানুষ, জীবন যাদের কিছুই দিল না তাঁদের প্রতি আক্রোশ থেকে এত পাশবিক কেন?' কমেন্ট বক্সের আপত্তিকর মন্তব্যগুলো উল্লেখ করে জবাব দিয়েছেন। পৌষালীর পোস্ট, 'কিছু বিষয় একটু স্পষ্ট করে দিই, 'আমি গান গাই কম, নাচি বেশি'। উত্তর, তা বেশ করি। আপনি নাচতে পারেন না, অনুগ্রহ করে উঠোন বাঁকাবেন না। 'খাজনার থেকে বাজনা বেশি'। উত্তর- তা বেশি বৈকি! অনুসঙ্গ এবং গীত নিয়েই তো সংগীত। অবশ্য এত বোঝার জন্য অনেককেই ডিকশনারি খুলতে হবে। 'ইশ কি রোগা! ওরে বাবা কি মোটা হয়ে গিয়েছে।' উত্তর- একদিন একটু ডেকে খাওয়ান তো দেখি! তারপর আপনার টা শুনব! না না! সত্যি শুনব। তার আগে আর কিছু বলার থাকলে কমেন্ট করতে থাকুন। এই যা বলার বললাম। আর লিখবও না। আর যদি ভাবেন পাত্তা পাবেন, ভাবতে থাকুন। হরে কৃষ্ণ।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Singer
Advertisement
Tags :
Singer

নিয়মিত খবরে থাকতে ফলো করুন