টলিপাড়ায় 'রামায়ণ' জ্বর! ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন গৌরব-ঋধিমা, প্রিয়াঙ্কার সঙ্গী সহজ, কী প্ল্যান কনীনিকার?
টলি সেলেবরাও এরকম বড় মাপের ছবি ব্যস্ততা সত্ত্বেও মিস করতে চান না।
Kasturi Kundu
05:03 PM Nov 02, 2026 IST
-
-
টলি সেলেবরা তাঁদের ব্যস্ত সিডিউলের মাঝেও সন্তানদের রামায়ণ দেখানোর পরিকল্পনা সেরে ফেলেছেন। অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় কন্যা কিয়াকে দেখাতে চান রণবীরের 'রামায়ণ'। তিনি জানান, "এখনও কিয়াকে রামায়ণের গল্প শোনানো হয়নি। তাই দেখাতে চাই। আমাদের সময়ে খেতে বসে টিভি বা মোবাইল দেখতাম না। তখন খেতে খেতে গল্প শুনতাম। এখন সময় পাল্টেছে।"
-
বদলে যাওয়া সময় প্রসঙ্গে বলেন, "আমি বা সুরজিৎ বাবা-মা হিসাবে যতটা বোঝাতে পারি বাকিটা ওরা ইন্টারনেট থেকে শিখছে। এখন বাচ্চারা বই পড়তে যত না ভালোবাসে, ফিকশনালাইজড জিনিস দেখতে পছন্দ করে। ভিস্যুয়ালস ওদের জীবনে অনেকটা জুড়ে। সুতরাং এত ভালো একটা প্রোডাকশন এবং 'রামায়ণ'-এর মতো মহাকাব্য অবশ্যই দেখাতে চাই কিয়াকে।"
-
মেয়েবেলার স্মৃতিচারণা করে বলেন, "আমরা যখন প্রথম শ্রেণিতে পড়ি টিভিতে 'রামায়ণ' দেখতাম। রাস্তা খালি হয়ে যেত, ধূপের গন্ধ বেরত বাড়িতে। সবাই টিভির সামনে বসে পড়তাম। এই ছবিটা বড়পর্দায় সপরিবার দেখতে চাই।" মহাকাব্যিক চিত্রনাট্যের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছবে ছবিটি মনে করছেন সিনে বিশেষজ্ঞরা।
-
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বলছেন, "সহজকে নিয়ে ছবিটা দেখতে যেতে চাই। খুব কম ছবি থাকে যেটা সহজও এখনই বুঝতে পারবে বা ভালোবাসবে। 'রামায়ণ' তার মধ্যে একটা। এতটা লার্জ স্কেলে বানানো, এরকম ভিএফএক্স-এর কাজ দেশে যে হচ্ছে, প্রযুক্তির কেমন ব্যবহার হয়েছে সেটাও দেখতে চাই। খুবই ইচ্ছে আছে সহজকে নিয়ে থ্রিডি-তে ছবিটা দেখার।"
-
অভিনেতা গৌরব চক্রবর্তী জানাচ্ছেন, "আমার বউ (ঋধিমা ঘোষ) রণবীরের বিরাট ফ্যান। প্রথম দিনেই দেখবে। তবে ধীরকে নিয়ে এক্ষুনি দেখা যাবে না। সবে ইউটিউব ভিডিও, ছোট্ট ছোট্ট ছবি দেখাচ্ছি এখন।" ঋধিমা বললেন, "আমি ফার্স্ট ডে, ফার্স্ট শো টার্গেট করছি। ধীর অতক্ষণ বসতে পারবে না। সবে দু'বছর বয়স। আর একটু সময় লাগবে বুঝতে।"
Advertisement
Advertisement