প্রতিটি শিরায় বইবে ঠান্ডা স্রোত! হ্যালোউইন আবহে 'শয়তান' মাধবনের সঙ্গে হরর মুভির ঘোষণা বিশালের
Kasturi Kundu
হ্যালোউইনের আবহে হরর মুভির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক বিশাল ফুরিয়া। সফর সঙ্গী অভিনেতা আর. মাধবন। এমন উৎসবের আবহে হরর মুভির আনুষ্ঠানিক ঘোষণা নিসন্দেহে গা ছমছমে হরর মুভিপ্রেমীদের কাছে সুখবর। '১৩বি' ও 'শয়তান'-এর মতো হরর ছবিতে পরিচালক-অভিনেতা জুটির গল্প দারুণ উপভোগ করেছিল। এবার সেই পরিচালক বিশাল ফুরিয়ার সঙ্গে একটি নতুন হরর ছবিতে জুটি বাঁধছেন মাধবন। দর্শকের শিরদাঁড়া দিয়ে বয়ে যাবে ঠান্ডা স্রোত!
দুটি সিনেমার দুর্দান্ত সাফল্যের পর আসন্ন ছবির কেন্দ্রীয় চরিত্র নিয়ে দ্বিতীয়বার ভাবেননি পরিচালক। আর. মাধবনই ছিলেন তাঁর প্রথম পছন্দ। এই জুটির নতুন ছবি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হবে তা বলাই বাহুল্য়। ভিন্ন স্বাদের চরিত্র, ভাষায় দর্শকের মন জয়ের ক্ষেত্রে আর. মাধবনের জুড়ি মেলা ভার। 'রহেনা হ্যায় তেরে দিল মে', 'তনু ওয়েডস মনু', 'থ্রি ইডিয়টস'-এর মতো একাধিক ছবিতে আর. মাধবনের অভিনয় দক্ষতা দর্শক থেকে সমালোচক সর্বস্তরে প্রশংসিত।
আরও পড়ুন:
প্রতিটি ক্ষেত্রে অভিনয়ের স্বতন্ত্র ছাপ রেখেছেন মাধবন। সাম্প্রতিক সময়ের অন্য়তম ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এ মাধবনের অভিনয় আরও একবার তাঁকে দক্ষ অভিনেতা হিসেবে প্রমাণ করেছে। তবে হরর ঘরানার ছবিতে মাধবনের অভিনয়শৈলি দর্শকমহলে বিশেষভাবে জনপ্রিয় তা বললে অত্যুক্তি হবে না। '১৩বি' ছবির মাধ্যমে ভারতীয় দর্শকদের সামনে ভয়ের এক নতুন পরিভাষা তুলে ধরেছিলেন। দৈনন্দিন জীবনের মধ্যেই কীভাবে আতঙ্ক লুকিয়ে থাকতে পারে, সেই গল্পই পরবর্তীতে কাল্ট ক্লাসিক ছবির মর্যাদা দেয়।
বহুবছর পর 'শয়তান'-এ ফের মাধবনের অভিনয় শিহরিত করে দর্শককে। একইসঙ্গে প্রমাণিত হয় হরর ঘরানায় তাঁর উপস্থিতি কতটা শক্তিশালী। অন্যদিকে হরর ছবির জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন পরিচালক বিশাল ফুরিয়া। নতুন ছবি তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। মাধবনই এই ছবির মুখ্য চরিত্র, এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে কোনও দ্বিধা ছিল না পরিচালকের।
বিশাল ফুরিয়ার কথায়, "মাধবন স্যারই ছিলেন আমার প্রথম এবং একমাত্র পছন্দ। তিনি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন এবং ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এটা ভেবেই আমি দারুণ উচ্ছ্বসিত। ভারতীয় হরর ছবির কাল্ট ক্লাসিক ‘১৩বি’-র মাধ্যমে তিনি প্রকৃত অর্থেই হরর ঘরানার একজন কিংবদন্তি হয়ে উঠেছেন। এটি আমার সর্বকালের অন্যতম প্রিয় ছবি। ওঁর আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং সিরিয়াস হরর সম্পর্কে গভীর উপলব্ধি সত্যিই বিরল। এই ছবির জন্য ওঁর চেয়ে ভালো কাউকে ভাবতেই পারিনি। আমরা একসঙ্গে এমন কিছু তৈরি করতে চাই যা ভারতীয় হরর ছবিতে দর্শক আগে কখনও দেখেননি। এমন এক ভয়ের অভিজ্ঞতা যা দর্শকের শরীরের প্রতিটি শিরায় শিরায় অনুভূত হবে!"