রামগোপালের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, আইনি নোটিস পরিচালককে
Kasturi Kundu
সাল ২০১০। দীর্ঘ এক দশকের বেশি একটি চুক্তিকে কেন্দ্র করে আইনি বিপাকে রামগোপাল ভর্মা (Ram Gopal Varma)। বলিউড পরিচালকের বিরুদ্ধে ২৯ কোটি ৬৭ লক্ষ ৬৪ হাজার টাকার বকেয়া দাবি করেছে প্রযোজনা সংস্থা 'এ্যাক্লাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড'। এই ঘটনাকে কেন্দ্র করে রামগোপালের সঙ্গে ব্যবসায়িক চুক্তির বিষয়েও বলিউডকেও সতর্ক করেছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। গত অক্টোবর রামগোপাল ভর্মাকে আইনি নোটিস পাঠিয়েছে 'অ্যাক্লাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড'।
সেই নোটিসেই ৩০ অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সংস্থার দাবি, মোট বকেয়ার পরিমাণ ২৯ কোটি ৬৭ লক্ষ ৬৪ হাজার টাকা। এর মধ্যে সুদের অঙ্কই ১১ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি। অর্থাৎ, দীর্ঘদিনের বকেয়া এবং সুদ মিলিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে টাকার অঙ্কের পরিমান। ঘটনার সূত্রপাত ২০১০ সালের ১০ এপ্রিল। ওই দিন রামগোপাল ভর্মা এবং 'অ্যাক্লাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড'-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে দাবি প্রযোজনা সংস্থার।
আরও পড়ুন:
পরবর্তীতে ২০১৩-এর ১৭ এপ্রিল পর্যন্ত সেই চুক্তিকে বহাল রেখেছিল বলে জানা গিয়েছে। এই আইনি জটিলতার প্রভাব পুরো চলচ্চিত্র জগতের উপর পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। প্রযোজক, ডিস্ট্রিবিউটর, ব্রডকাস্টার এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও সতর্ক করেছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। রামগোপাল ভর্মার সঙ্গে যুক্ত কোনও ছবির স্বত্ব কেনা, সম্প্রচার করা কিংবা স্ট্রিমিংয়ের মতো ব্যবসায়িক চুক্তিতে যাওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রযোজনা সংস্থার অভিযোগ, চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কিছু ছবির ক্ষেত্রে প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার কিংবা সহ প্রযোজক হিসেবে কাজ করার আগে সংস্থার কাছ থেকে লিখিত নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক।
কিন্তু রামগোপাল ভর্মা সেই শর্ত মেনে চলেননি! আর ঠিক সেই কারণেই ২৯.৬৭ কোটি টাকা দাবি করে আইনি পথে হেঁটেছে 'এ্যাক্লাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড'। একইসঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী টাকা না মেটানো হলে 'কনট্রাক্টচুয়াল লিন' চুক্তিগত অধিকার প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাটি। আইনি বিরোধ শুধু রামগোপাল ভর্মার আর্থিক সমস্যাতেই সীমাবদ্ধ থাকবে নাকি তাঁর সঙ্গে যুক্ত ছবির ভবিষ্যৎ ব্যবসার উপরেও প্রভাব ফেলবে এখন সেটাই দেখার।