'অনেক কথা বলে ফেলেছ...,' আলিয়াকে আগলে কাকে হুঁশিয়ারি রণবীরের?
Kasturi Kundu
শনিবার মায়নগরী মুম্বইয়ে 'রামায়ণ'-এর প্রচারমূলক একটি অনুষ্ঠানে হাজির ছিলেন 'রাম' রণবীর। নির্দিষ্ট সময়ের প্রায় চার ঘণ্টা পর অনুষ্ঠানে শুরু হয়। এই ঘটনায় উপস্থিত সাংবাদিকরা রেগে গেলে রণবীরের সপাট জবাব, "ইচ্ছে হলে চলে যেতে পারেন।" এই অনুষ্ঠান শেষে শনিবার রাতেই আগামী ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এর সহ অভিনেতা ভিকি কৌশল, পরিচালক সঞ্জয়লীলা বনশালি ও নায়িকা স্ত্রী আলিয়ার সঙ্গে একটি রেস্তরাঁয় নৈশভোজে যান রণবীর (Ranbir Kapoor)। সেখান থেকে বেরতেই ফের মেজাজ হারালেন, আঙুল তুলে কাকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন অভিনেতা?
আলিয়াকে আগলে 'অ্যানিম্যাল'রণবীরের এই রুদ্ররূপ দাবানলের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়। সপ্তাহজুড়ে মুক্তি পেয়েছে 'লাভ অ্যান্ড ওয়ার'-এ রণবীর, ভিকি ও আলিয়ার ফার্স্ট লুক। শনিবার ডিজাইনার মনীশ মালহোত্রার শো-তেও র্যাম্পেও হাঁটেন ভিকি-আলিয়া। এরপর টিমের সঙ্গে নৈশভোজে গিয়ে কী এমন ঘটল যে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারালেন রণবীর?
আরও পড়ুন:
আসলে রেস্তরাঁ থেকে বেরতেই ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। তাঁদের পছন্দ মতো পুরো টিম বেশ কয়েকটি ছবি তোলেন। কিন্তু, মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। প্যাপেদের আবদারে ভিকি, রণবীর, আলিয়া, বনশালি প্রত্যেকেই হাসি মুখে পোজ দেন। কিন্তু, শেষ মুহূর্তে গর্জে উঠলেন রণবীর। গাড়িতে ওঠার সময়ও যখন এক ছবিশিকারি রণবীরকে ডাকেন তখন একেবারে রেগে আগুন।
পর্দার 'রাম' তখন পুরোদস্তুর 'অ্যানিম্যাল' বললে অত্যুক্তি হবে না। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। একটা সময় বনশালি ফ্রেম থেকে বেরিয়ে যেতে চাইছিলেন। সিনেমার স্টার কাস্টকে ছবি তোলার সুযোগ করে দিতেই হয়ত এই সিদ্ধান্ত। কিন্তু, রণবীর সঞ্জয়লীলা বনশালিকে ফের ডেকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন।
এরপর তাঁরা বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই এক পাপারাজ্জি ফের রণবীরকে ডাকেন। তখন পিছন ফিরে ওই ফটোগ্রাফারকে বলেন, "বহুত বোল রহা হ্যায় তু হ্যাঁ।" যার বাংলা তর্জমা করলে হয়, তুমি তো অনেক কথা বলছ। রণবীরের এই ব্যবহারে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া।