সীতার 'অ্যাকশন' নিয়ে বিতর্ক তুঙ্গে! 'অদ্ভুত রামায়ণ' প্রসঙ্গ টেনে কী সাফাই পরিচালকের?
অ্যাকশনের মারপ্যাঁচে রাক্ষসদের ধরাশায়ী করছেন সীতা! 'রামায়ণ'-এর দৃশ্যে বিতর্কের ঝড়।
Sandipta Bhanja
05:13 PM Nov 05, 2026 IST
-
-
'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'-এর এক দৃশ্যে সীতাকে মারপিটের মারপ্যাঁচে রাক্ষসদের ধরাশায়ী করতে দেখা গিয়েছে। আর তা নিয়েই বর্তমানে বিতর্ক তুঙ্গে। নেটপাড়ায় ছিছিক্কার। একাংশের প্রশ্ন, এযাবৎকাল রামায়ণের কোনও সংস্করণে যোদ্ধা সীতাকে দেখা যায়নি, নীতেশ কি এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভারতীয় ঐতিহ্য-সংস্কৃতি ভুলে গেলেন? ঠিক কী দেখা গিয়েছে ওই সিকোয়েন্সে?
-
বনবাসে থাকাকালীন শূর্পণখার নাক কাটার প্রতিশোধে ভাই খর ১৪ হাজার রাক্ষসসেনা পাঠিয়েছিলেন। আর রাম-লক্ষ্মণের সঙ্গে কোমর বেঁধে সেসব লঙ্কাসেনাদেরই এক কোপে ধরাশায়ী করতে দেখা গিয়েছে সীতা সাই পল্লবীকে। যে দৃশ্য দেখে ভারতীয় দর্শককুল গেল-গেল রব তুলেছেন। তাঁদের দাবি, শাস্ত্রের বর্ণনার সঙ্গে এহেন দৃশ্যের মিল নেই। ভগবান রামের সঙ্গে কোনও যুদ্ধেই অংশ নেননি মা সীতা।
-
জানকী বেশে সাই পল্লবী যদিও যথাযোগ্য। পর্দায় নজর কাড়ে তাঁর স্মিত হাসি, নরম চাহনি। তবে মা সীতাকে অ্যাকশন দৃশ্যে কিছুতেই মেনে নিতে পারছেন না নেটপাড়ার একাংশ। তাদের মত, "আমরা দেখছি, মা সীতা শ্রীরামকে ১৪ হাজার রাক্ষসসেনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছেন। অথচ শাস্ত্রে রয়েছে, শ্রীরাম একাই যুদ্ধ করেছিলেন।" এখানেই শেষ নয়।
-
কারও বা দাবি, "ভগবান রাম একাই পুরো সেনার বিরুদ্ধে লড়েছিলেন। রামায়ণে সেই যুদ্ধের বর্ণনা ভয়াবহ। রাক্ষসদের রক্তে ছেয়ে গিয়েছিল তাঁর শরীর। আর মা সীতা ছিলেন নারীসুলভ, কোমলতার প্রতীক। ভগবান রাম কখনও তাঁকে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে দিতেন না। তথ্য বিকৃত করা হয়েছে। এটা রামায়ণ না স্ক্যাম?"
-
একাংশ অবশ্য যোদ্ধা সীতাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের দাবি, "বাল্মীকির মহাকাব্য অনুযায়ী, যে নারী একহাতে হরধনু তোলার ক্ষমতা রাখেন কিংবা নিত্য পরিচর্যার দায়িত্ব পালন করেন তাঁকে শত্রুদের ধরাশায়ী করতে দেখলে অবাক হওয়ার কথা নয়।" পরিচালক যদিও এহেন দৃশ্যের নেপথ্যের কারণ জানিয়েছেন।
-
নীতেশ তিওয়ারির মন্তব্য, "সীতার একটি যোদ্ধা রূপও রয়েছে। 'অদ্ভুত রামায়ণ'-এ তাঁকে একজন যোদ্ধা রাজকন্যা হিসেবে তুলে ধরা হয়েছে। আমরা সেই দিকটিই ফুটিয়ে তুলেছি, যা চরিত্রটিকে এক অনন্য মাত্রা দিয়েছে।" আসলে 'অদ্ভুত রামায়ণ'-এ বলা রয়েছে, রাবণের কাছে যখন ভগবান রাম পরাজিত হন, তখন মা সীতা মহাকালীর রূপ ধারণ করে নিজেই লঙ্কেশের বিনাশ করেছিলেন। রণবীরের রামায়ণের দৃশ্যে সেখান থেকেই অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
Advertisement
Advertisement