ভক্তিমূলক ছবির মুখ্য চরিত্রে 'মির্জাপুর'-এর গ্যাংস্টার রবি কিষান? আধ্যাত্মিক ছবিতেই মোক্ষলাভ!
Kasturi Kundu
মাত্র দু'কোটির আধ্যাত্মিক ছবি 'হনুমান অংশ'-এর বেনজির সাফল্য বলিউডে নতুন মাইলস্টোন তৈরি করেছে। বিশ্বব্যাপী বক্স অফিসে সাড়ে তিনশো কোটি ছুঁতেই আধ্যাত্মিক ছবিতেই মোক্ষলাভের পথ বেছে নিয়েছেন আরও এক পরিচালক অমিত আরিয়ান! কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষানকে (Ravi Kishan)! মির্জাপুর দ্য মুভির গ্যাংস্টার বাব্বান বাবুয়াকে এবার ভক্তিমূলক সিনেমায়, জোর জল্পনা সিনেপাড়ায়।
ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, এক নায়ক কেন্দ্রিক ছবিতে প্রথমবার অভিনয়ের সুযোগ পেতে চলেছেন। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি তবে ঈশ্বরের প্রতি মানুষের যে ভক্তি, সেই আঁধারেই তৈরি হবে ভক্তিমূলক এই ছবি। শোনা যাচ্ছে, নির্মাতারা ভগবানের প্রতি ভক্তির সঙ্গে আবেগ, হাস্যরসেরও যোগ্যসঙ্গত মেলবন্ধন ঘটাবেন। ইতিমধ্যেই সিনেমার জন্য রবির কাছে প্রস্তাব গিয়েছে বলে খবর। চিত্রনাট্যও তাঁর পছন্দ হয়েছে। পার্শ্বচরিত্র বা তাবড় তারকার বিপরীতে অভিনয় নয়, এবিষয়টি রবি কিষানকে বিশেষভাবে আকৃষ্ট করছে।
আরও পড়ুন:
সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই শুরু হতে পারে নতুন ছবির শুটিং। ইন্ডাস্ট্রিতে বহু বছর কাটানোর পর অবশেষে তিনি এমন একটি চরিত্র পাচ্ছেন যেখানে তাঁকে কেন্দ্র করেই গল্প এগবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে রবি কিষানের অভিনয় দর্শকের মনোরঞ্জন করেছে। 'মির্জাপুর দ্য মুভি'তে গ্যাংস্টারের চরিত্রও দারুণ প্রশংসিত। এবার ভক্তিমূলক ছবিতে রবি চেনা খোলসের বাইরে দর্শকের দরবারে নিজেকে কীভাবে মেলে ধরেন সেটাই দেখার অপেক্ষা।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, সিনেমাটি এমন এক মানুষকে কেন্দ্র করে আবর্তিত হবে যার সঙ্গে ঈশ্বরের সম্পর্কই গল্পের প্রেক্ষাপট। ঈশ্বর সেই ব্যক্তির কাছে শুধু আধ্যাত্মিক সত্তাই নন বরং যাকে তিনি সবচেয়ে কাছের বন্ধু হিসেবে মনে করেন। সমসাময়িক আখ্যানের মাধ্যমে দর্শকের কাছে মানুষ ও ঈশ্বরের এই বন্ধনকে চিত্রায়িত করা হবে। আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে সিনেমা তৈরি হলেও গুরুগম্ভীর ভক্তিমূলকর সিনেমা তৈরি করতে চাইছেন না নির্মাতারা।
আধ্যাত্মিকতার সঙ্গে বিনোদনের উপযুক্ত উপকরণের মিশ্রণ ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে আবালবৃদ্ধবনিতা আনন্দের সঙ্গে ছবিটি উপভোগ করতে পারেন। 'মহাবীর জেইন ফিল্মস'-এর ব্যানারে তৈরি হবে এই ভক্তিমূলক সিনেমা। 'হনুমান অংশ'-এর পরিচালক বিশাল চতুর্বেদীও তাঁর আগামী ছবি 'রামবোলা' এই প্রযোজনা সংস্থার ছত্রছায়াতেই তৈরি হবে।