অবশেষে দেখা দিলেন শাহরুখ! জন্মদিনে মন্নতের চেনা ব্যালকনিতে বাদশাকে দেখে আপ্লুত ফ্যানেরা
Biswadip Dey
রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল প্রতীক্ষা। কখন দেখা যাবে তাঁকে? 'কিং'-এর গানে 'মন্নতে' টাঙানো পর্দায় তাঁকে দেখা গেলেও রক্তমাংসের নায়কের দেখা মেলেনি। সংশয় ছিল মন্নতের 'আইকনিক' বারান্দায় সেই চিরচেনা পোজে শাহরুখ তাঁর ভক্তদের এবার আদৌ দর্শন দেবেন কিনা। মনে হচ্ছিল সেই সংশয়ই সত্যি হতে চলেছে। কিন্তু সারাটা দিন প্রায় কেটে যাওয়ার পরে সোমবাসরীয় সন্ধ্যায় তাঁকে মন্নতের বারান্দায় দেখা গিয়েছে বলে দাবি সংবাদ সংস্থা এএনআইয়ের। শাহরুখের (Shah Rukh Khan) পিআর টিমের সৌজন্য প্রাপ্ত ভিডিওটি শেয়ারও করেছে তারা।
আরও পড়ুন:
ভিডিওয় ডেনিম জিন্স ও সাদা টিশার্টে শাহরুখকে দেখা গিয়েছে ভক্তকুলের উদ্দেশে হাত নাড়তে। তুমুল হর্ষধ্বনির ভিতরে শোনা যায় 'শাহরুখ ভাই' ধ্বনিও। একটানা 'শাহরুখ শাহরুখ' জয়ধ্বনির মধ্যেই ভক্তদের উদ্দেশে লাগাতার হাত নাড়তে থাকেন নায়ক। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকা হর্ষধ্বনির তীব্রতাই যেন বুঝিয়ে দিচ্ছিল শাহরুখের দেখা পেতে কতটা আকুল ছিলেন তাঁর 'জবরা' ফ্যানেরা।
আসলে শাহরুখ অনুরাগীদের কখনই নিরাশ করেন না এটা জানা কথাই। সোমবার ভোররাতে মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তরাঁর বাইরে ফ্যানেদের দিকে করজোড়ে ভালোবাসা জানিয়ে ছুড়ে দেন উড়ন্ত চুমুও। প্রসঙ্গত, পরিবারের সঙ্গে মধ্যরাতে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেন শাহরুখ। তাজ হোটেলে প্রায় ভোররাত পর্যন্ত পার্টি চলে বলেই খবর। হোটেলের বাইরে কিং খানের বিলাসবহুল গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখেই সেখানে ভিড় জমান ভক্তরা। এক্স হ্যান্ডলে ভক্তদের সঙ্গে শাহরুখের ভাব বিনিময়ের বেশ কিছু মুহূর্ত ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, গাড়িতে ওঠার আগে অনুরাগীদের দিকে হাত নাড়ছেন। তারপরই বার্থডে বয় শাহরুখের উড়ন্ত চুমুতে তৃপ্ত হয় ভক্তহৃদয়। কিন্তু এরপর 'মন্নত'-এ দেখা গেল তাঁকে। চেনা বারান্দায় প্রিয় তারকার ভিডিও ভাইরাল হতেও সময় লাগেনি।