শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র ট্রেলার
Kasturi Kundu
স্বাধীনতা দিবসের সকালে বাংলা ছবির দর্শককে সারপ্রাইজ দিয়েছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। প্রকাশ্যে এসেছিল বহু প্রতীক্ষিত 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র প্রথম ঝলক। যিশু সেনগুপ্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বৈরথ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে রীতিমতো বিজয়রথ ছুটিয়েছিল। প্রায় দেড় মাসের ব্যবধানে আরও বৃহত্তর পরিসরে দর্শকের দরবারে যিশু, শিবপ্রসাদের দ্বৈরথ। মুক্তি পেল 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র ট্রেলার।
পুজোর বক্স অফিস বহুরূপীরা যে জমিয়ে কবজা করতে প্রস্তুত সেই ঝলকই দেখা গেল দু'মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে। জাঁদরেল পুলিশবাহিনীকে ঘোল খাইয়ে বহুরূপী সেজে হরির লুঠের মতো সোনা লুঠের কারবার শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, দু'বছর পর 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র মূল আকর্ষণ তা বলাই বাহুল্য। সাতাশটা ব্যাঙ্ক ডাকাতির নায়ক শিবপ্রসাদ (বিক্রম) আর ছ্যাঁচড়াপুরের নাম করা পকেটমার কৌশানী (ঝিমলি), দুই মুখুজ্জের রোম্যান্স, অপরাধ আর জীবনযন্ত্রণাকে একসুতোয় বেঁধেছে উইন্ডোজ।
আরও পড়ুন:
'ময়দামুখো' বিক্রমকে ধরতে এবার পুলিশ অফিসারের ভূমিকায় যিশু সেনগুপ্ত। অপরাধীকে ধরতে গিয়ে নিষিদ্ধপল্লীর যৌনকর্মী (সোহিনী সরকার) সঙ্গে জড়িয়ে সমস্যায় পড়বেন যিশু? আর নিজেকে বাঁচাতে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির জন্য বিক্রমকে উসকানি দেবেন? ট্রেলারে তেমন ইঙ্গিত থাকলেও গল্পে যে মোড় ঘোরানো ট্যুইস্ট আছে সেই আভাসও রয়েছে। সত্যিই বিপদ বুঝে বিক্রমের সহায় হয়ে বাঁচার পথ খুঁজবেন নাকি উপযুক্ত প্রমাণ নিয়ে ব্যাঙ্ক ডাকাতির নায়ককে ফাঁদে ফেলার ফন্দি আঁটবেন?
'ছিঃ ছিঃ ছিরে বিক্রম ছিঃ' যিশুর মুখে এই সংলাপ কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে।আর এই অনুমান আরও জোরাল হচ্ছে, বিক্রমের সংলাপে, 'সরকার আর পুলিশের দেওয়া প্রতিশ্রুতি কখনও বিশ্বাস করো না। পালটি সে খাবেই।' অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকলেও স্ত্রী ঝিমলি নয়ণের মণি। বিক্রমের জীবনে বিপদ ঘনিয়ে আসতেই ঝিমলির বুক ফাটা কান্না কিন্তু, আরও একবার অভিনয় দক্ষতার প্রমাণ দিল সে কথা বলাই বাহুল্য। সত্যিই আলাদা হয়ে যাবে স্বামী-স্ত্রী নাকি গোল্ডেন ডাকুর বহুরূপী পরিকল্পনায় আরও একবার নতুনভাবে সেজে উঠবে বিক্রম, ঝিমলির সংসার?