দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Real-life Hero Biopic

আমআদমি হয়েও মচ্ছরের মতো দেশের গর্ব, বাস্তবের এই 'হিরো'দের বায়োপিকই আগামীর অনুপ্রেরণা

বিহারের দশরথ, আনন্দ কুমার থেকে নীরজা ভানোট, লাল বিহারী- চর্চায় বাস্তবের সেই 'হিরো'রা যাঁদের বায়োপিক ভবিষ্যৎ প্রজন্মকে শিরদাঁড়া সোজা রাখার পাঠ দেয়। তালিকায় কোন ছবিগুলি? জেনে নিন।
Sandipta Bhanja
05:37 PM Oct 03, 2026 IST
বিহারের দশরথ, আনন্দ কুমার থেকে নীরজা ভানোট, লাল বিহারী- চর্চায় বাস্তবের সেই 'হিরো'রা যাঁদের বায়োপিক ভবিষ্যৎ প্রজন্মকে শিরদাঁড়া সোজা রাখার পাঠ দেয়। তালিকায় কোন ছবিগুলি? জেনে নিন।
  • বিমান হাইজ্যাক করে ৯/১১-এর মতো মর্মান্তিক দুর্ঘটনা যখন প্রায় নিশ্চিত, তখন নিজের জীবন বাজি রেখে জঙ্গি হামলার ছক রুখে ভারতীয় বিমানচালক স্মিত মচ্ছর বর্তমানে গোটা বিশ্বের কাছে 'হিরো'। যিনি উসকেছেন নীরজা ভানোটের বীরত্বের স্মৃতি। এমন আবহে চর্চায় বাস্তবের সেই 'হিরো'রা যাঁদের বায়োপিক ভবিষ্যৎ প্রজন্মকে শিরদাঁড়া সোজা রাখার পাঠ দেয়। তালিকায় কোন ছবিগুলি? জেনে নিন।

  • ক্যাপ্টেন স্মিত মচ্ছর মনে করালেন বিমানসেবিকা নীরজা ভানোটের আত্মত্যাগের কাহিনি। ২০১৬ সালে নীরজার বীরত্বের কাহিনি নিয়ে 'নীরজা' সিনেমা তৈরি করেন রাম মাধবানি। নিজের জীবনের তোয়াক্কা না করে যিনি করাচিতে অপহৃত বিমানের শত শত যাত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন। পরের বছরই এই ছবি সেরা হিন্দি ফিচার ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার পায়। নীরজা ভানোটের ভূমিকায় অভিনয় সোনম কাপুরের ফিল্মি কেরিয়ারে নিঃসন্দেহে এখনও পর্যন্ত উজ্জ্বলতম মাইলফলক।

  • স্ত্রী বিয়োগের যন্ত্রণায় শুধুমাত্র একটি ছেনি আর হাতুড়ি দিয়ে একাহাতে ২২ বছর ধরে আস্ত একটা পাহাড় কেটে হাসপাতালে যাওয়ার রাস্তা বানিয়েছিলেন দশরথ মাঝি। বিহারের সেই বিস্ময় বৃদ্ধের অদম্য ইচ্ছাশক্তির কাহিনিই 'মাঝি- দ্য মাউন্টেন ম্যান'। যে সিনেমায় দশরথের ভূমিকায় অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং স্ত্রীয়ের চরিত্রে ছিলেন রাধিকা আপ্তে। যে সিনেমা একনিষ্ঠতার পাঠ দেয়।

  • 'সুপার ৩০' পাটনার গণিতবিদ আনন্দ কুমারের ৩০ হতদরিদ্র পড়ুয়াদের জন্য লড়ার গল্প। ভারতের মতো গণতান্ত্রিক দেশে সমাজব্যবস্থা, প্রচলিত শ্রেণিবৈষম্যের উপর কষিয়ে চড় বসায় এই ছবি। সওয়াল করে বিবেককে। সিংহাসনের যোগ্য উত্তরসূরি না হয়েও কি রাজার ছেলেই রাজা হবে? আনন্দের চরিত্রে দেশের সব শিশুদের শিক্ষার সমানাধিকার নিয়ে সওয়াল করেছিলেন হৃতিক রোশন। 'হাল ছেড়ো না বন্ধু'- এই প্রবাদই প্রযোজ্য 'সুপার ৩০'র জন্য।

  • অরুণাচলম মুরুগানানথামের জীবন অবলম্বনে তৈরি 'প্যাডম্যান'। যিনি প্রত্যন্ত অঞ্চলের নারীদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্যসুরক্ষার জন্য কম খরচে স্যানিটারি প্যাড তৈরির মেশিন আবিষ্কার করে বিপ্লব এনেছিলেন। পরবর্তীতে বাস্তবের এই 'হিরো'র সংগ্রামকাহিনি নিয়ে সিনেমা বানান আর বালকি। যেখানে 'প্যাডম্যান'-এর ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অক্ষয় কুমার।

  • সাদাত হাসান মান্টো, যাঁর লেখনীতে গল্প-উপন্যাসের আকারে উঠে এসেছিল দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল মানুষের হাহাকার, দাঙ্গার আতঙ্ক, সাম্প্রদায়িকতার বিষাক্ত বিদ্বেষ। প্রতি কাহিনিতে যিনি নিপুণ দরদে দেশভাগের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে গিয়েছেন ভারত-পাকিস্তান দুই দেশকে। নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নিয়ে বেপরোয়া, বোহেমিয়ান এই লেখকের কাহিনিই ফুটিয়ে তোলেন পরিচালক নন্দিতা দাস। যা নিঃসন্দেহে ভিন্ন প্রজন্মের 'মেরুদণ্ড সোজা রাখা'র অনুপ্রেরণা।

  • উত্তরপ্রদেশের এক আমআদমির সিস্টেমের সঙ্গে লড়াইয়ের গল্প কাগজ। সরকারি খাতায় ভুলবশত তাঁকে 'মৃত' ঘোষণা করা হয়েছিল লাল বিহারীকে। নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য দীর্ঘ ১৯ বছর আইনি লড়াই লড়তে হয় তাঁকে। একুশ সালে সেই লাল বিহারীর এহেন সংগ্রামকাহিনি পর্দায় ফুটিয়ে তোলেন পঙ্কজ ত্রিপাঠী। সিএএ আবহে 'কাগজ' ছবিটি বহুল প্রশংসিত হয় দেশজুড়ে।

  • ক্যাম্পাসে সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে ২০১০ সালে সাসপেন্ড করা হয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীনিবাস রামচন্দ্র সিরাসকে। পরবর্তীতে যাঁর রহস্যমৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। একদশক আগে সেই করুণ কাহিনি 'আলিগড়' ছবিতে দেখান মনোজ বাজপেয়ী। যে সমকামিতার কারণে আত্মহত্যা করে সব জ্বালা জুড়াতে বাধ্য হন শ্রীনিবাস, সেই সমকামিতা এবং সমকাম চরিত্রে অভিনয়ই বিদেশে মনোজ বাজপেয়ীকে এনে দিয়েছিল সেরার সম্মান।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Akshay KumarHrithik RoshanManoj BajpayeeNawazuddin SiddiquiSonam Kapoor
Advertisement
Tags :
Akshay KumarHrithik RoshanManoj BajpayeeNawazuddin SiddiquiSonam Kapoor

নিয়মিত খবরে থাকতে ফলো করুন