মা হওয়ার পর প্রথম জন্মদিন, ছোট্ট বীরপুরুষকে কোলে নিয়ে কেক কাটলেন সোহিনী
Kasturi Kundu
২০ সেপ্টেম্বর, রবিবাসরীয় সকালে প্রথমবার মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছেন 'সত্যবতী' সোহিনী সরকার (Sohini Sarkar)। মা হওয়ার ১১ দিন পর প্রথম জন্মদিন সোহিনীর। খুব স্বাভাবিকভাবেই ছাব্বিশের আবির্ভাব দিবস সোহিনীর কাছে একস্ট্রা স্পেশাল, তা বলাই বাহুল্য। ছোট্ট সোনাকে কোলে নিয়ে কেক কেটে পারিবারিক উদযাপন বার্থ ডে গার্ল সোহিনীর। সমাজমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রীর কাছের বান্ধবী অঙ্কিতা চক্রবর্তী।
জন্মদিনের আনন্দময় মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করে অঙ্কিতার শুভেচ্ছাবার্তা, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বীরপুরুষের মা! আমাদের জীবনে তুমি এত সুন্দর একটা উপহার এনে দিয়েছ। বন্ধুত্ব , ভালোবাসা, আনন্দ সবসময় তোকে ঘিরে থাকুক।'সোহিনীর জন্মদিনে শুধু বার্থ ডে কেকই নয়, সঙ্গে ছিল টেডিবিয়ার থেকে বাচ্চার পায়ের ছাপের ছবি দিয়ে সাজানো একটি কেক। যেখানে লেখা, 'ওয়েলকাম বীরপুরুষ।' তাই বলা যেতেই পারে উৎসব এক আনন্দ দুই।
আরও পড়ুন:
বীরপুরুষের জন্মের পর সোহিনীর প্রথম জন্মদিন বলে কথা, সেখানে কিছু বিশেষত্ব থাকবে সেটাই তো স্বাভাবিক। লিটল চ্যাম্পকে ঘিরেই এখন সব আনন্দ তা বললে অত্যুক্তি হবে না। তাই সোহিনীর জন্মদিনেও আনন্দ উদযাপনের ডবল ধামাল। একেবারে পারিবারিক পরিসরে জন্মদিন কাটাচ্ছেন সোহিনী। মা, বন্ধুবান্ধব, শোভনের সঙ্গে বিশেষ দিনটি কাটাচ্ছেন অভিনেত্রী। জন্মদিনের কেকের উপর একেবারে শুদ্ধ বাংলায় লেখা, শুভ জন্মদিন সোহিনী।
খোলা চুলে, নীলাভ গাউনে হাসি মুখে কেক কাটলেন সেলেব মম সোহিনী সরকার।জন্মদিনে পারিবারিক ছবির সঙ্গে শোভনের সঙ্গে সোহিনীর রোম্যান্টিক ফ্রেম সকলের নজর কেড়েছে। মন্তব্য বাক্সে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে পরিচিতমহল। মনের মানুষকে জন্মদিনে শোভনের বিশেষ শুভেচ্ছাবার্তা, 'এ পৃথিবীর সব আনন্দ তোমার হোক। শুভ জন্মদিন।'
সোশাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে সন্তানসুখ ভাগ করে জানিয়েছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন, ২০/০৯/২০২৬’ । গত জুলাই মাসে বিয়ের দ্বিতীয় জন্মদিনে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। সোহিনীর বেবি বাম্প আগলে শোভন, এরকমই এক আদুরে পোস্টে সুখবর ভাগ করতেই ভালোবাসা আর শুভেচ্ছায় তারকা দম্পতিকে মুড়ে দিয়েছিলেন অনুরাগী থেকে শুভাকাঙ্ক্ষীরা।