আড়ম্বরহীন জন্মদিনই পরম প্রাপ্তি! বীরপুরুষের মা সোহিনী বললেন, 'বহু বসন্ত পেরিয়ে...'
Kasturi Kundu
মা হওয়ার পর প্রথম জন্মদিন বলে কথা, তাও আবার সদ্যোজাতর মাসপূর্তির আগেই। মাত্র এগারো দিনের ছোট্ট সোনাকে কোলে নিয়ে জন্মদিন উদযাপনে মেতেছিলেন 'সত্যবতী' সোহিনী সরকার। একেবারে ঘরোয়া আয়োজনেই নতুন মায়ের জন্মদিন পালন করেছেন পরিবারের সদস্য, কাছের বন্ধুবান্ধবরা। কেক কেটে প্রিয়জনদের মাঝে পারিবারিক উদযাপনই সোহিনীর কাছে স্বর্গসুখ! ছোট্ট বীরপুরুষকে কোলে নিয়ে শোভনের পাশে বসে অনাড়ম্বর জন্মদিনই জীবনের অন্যতম সেরা প্রাপ্তি সেই অনুভূতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন সোহিনী (Sohini Sarkar)।
আবেগপ্রবণ পোস্টে বীরপুরুষের মা লিখলেন, 'বহু বসন্ত পেরিয়ে এই জন্মদিন বিশেষ হয়ে রইলো। বহু মানুষ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, আশেপাশের মানুষেরা আগলে রেখেছে, এক আড়ম্বরহীন শান্তির জন্মদিন,আরামে কাটলো বীরপুরুষের মার।' সেলিব্রিটির জন্মদিন মানেই তারকাখচিত পার্টি, পানীয়ের ফোয়ারা, বিলাসবহুল রেস্তরাঁ বা কোনও ব্যাঙ্কোয়েটে কেক কেটে জমকালো সেলিব্রেশন।
আরও পড়ুন:
কিন্তু, সোহিনীর জন্মদিনে গ্ল্যামার দুনিয়ার সেই চাকচিক্যের ছিটেফোঁটাও ছিল না। আর পাঁচটা সাধারণ পরিবারে যেভাবে জন্মদিন পালিত হয়, ঠিক সেভাবেই ঘরোয়া আয়োজনে কেক কেটে জন্মদিনের আনন্দে গা ভাসিয়েছিলেন অভিনেত্রী। ২০ সেপ্টেম্বর, রবিবাসরীয় সকালে প্রথমবার মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছেন সোহিনী সরকার। মা হওয়ার ১১ দিন পর ছিল প্রথম জন্মদিন। খুব স্বাভাবিকভাবেই ছাব্বিশের আবির্ভাব দিবস সোহিনীর কাছে একস্ট্রা স্পেশাল।
অভিনেত্রীর কাছের বান্ধবী অঙ্কিতা চক্রবর্তীই জন্মদিনের আনন্দময় মুহূর্তের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সোহিনীর জন্মদিনে শুধু বার্থ ডে কেকই নয়, সঙ্গে ছিল টেডিবিয়ার থেকে বাচ্চার পায়ের ছাপের ছবি দিয়ে সাজানো একটি কেক। যেখানে লেখা, ‘ওয়েলকাম বীরপুরুষ।’ তাই বলা যেতেই পারে উৎসব এক আনন্দ দুই। লিটল চ্যাম্পকে ঘিরেই এখন সব আনন্দ তা বললে অত্যুক্তি হবে না। তাই সোহিনীর জন্মদিনেও আনন্দ উদযাপনের ডবল ধামাল।