মাতৃত্বের পর ওজন বৃদ্ধিতে কটাক্ষ, 'মোটি' লেখা ব্লাউজে নীরব প্রতিবাদ স্বরার
Kasturi Kundu
পরনে শাড়ি আর উজ্জ্বল বেগুনি রঙের ব্লাউজের উপর হিন্দিতে লেখা, 'মোটি।' 'রাইজ অ্যান্ড ফল'-এর দ্বিতীয় সিজনে স্বরা ভাস্করের (Swara Bhasker) ধামাকাদার এন্ট্রি! শনিবার শোয়ের প্রিমিয়ারের পর যেন পুরো লাইমলাইটটাই ছিনিয়ে নিয়েছেন স্বরা। অভিনেত্রীদের শরীরে মেদ জমলেই ধেয়ে আসে কটাক্ষ। সাম্প্রতিক সময়ে তো এই ঘটনার উজ্জ্বল দৃষ্টান্ত ক্যাটরিনা কাইফ। মা হওয়ার পর চাবুক ফিগারে পরিবর্তন আসতেই শুরু হয়ে যায় কাটাছেঁড়া। আজ থেকে তিন বছর আগে একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন স্বরা ভাস্করও। চিৎকার করে সুর চড়িয়ে প্রতিবাদের চেয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষতে অভিনব উদ্যোগ অভিনেত্রীর।
বীরেন্দ্র শেহওয়াগ সঞ্চালিত শো 'রাইজ অ্যান্ড ফল'-এ এসে পোশাকের ব্যাখ্যা করে স্বরা জানিয়েছেন, বিগত তিন বছর সন্তান জন্মের পর ওজন বৃদ্ধির জন্য কটাক্ষ সহ্য করেছেন। সমাজমাধ্যমে অকথ্য ভাষায় অপমানজনক মন্তব্য করা হয়েছে। তাই আজ সকলের সামনে নিজেই বাস্তবটা মেলে ধরেছেন। সেই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, মাতৃত্বের পর এই শারীরিক পরিবর্তনে তিনি অত্যন্ত গর্বিত।
আরও পড়ুন:
লাগাতার অপমান সইতে সইতে একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে যায় স্বরার। সেই কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করে বীরেন্দ্রকে অভিনেত্রী বলেন, "আমার মেয়ের বয়স তিন বছর। আর গত তিন বছর ধরে এমন অনেক মানুষ যাঁদের আমি একেবারেই চিনি না সোশাল তাঁরা আমাকে সোশাল মিডিয়ায় ট্রোল করেছেন।"
কন্যাসন্তানের জন্মের পর ওজন বেড়ে যাওয়ায় তাঁকে কীভাবে ব্যাঙ্গ করা হয়েছে, কী কী নামে ডাকা হত সেসব দিনের কথা স্মরণ করেন। অত্যন্ত হতাশের সঙ্গে স্বরা বলেন, "মোটি হয়ে গিয়েছে, মহিষের মতো দেখতে লাগে। গরু, হিপ্পো আরও কত কী নাম! আমি বলতাম হ্যাঁ, আমি সবই হয়ে গিয়েছি। এখন আপনাদের ব্যবহার করা এসব শব্দই সাদরে গ্রহণ করছি।" রিয়ালিটি শোয়ে স্বরা ভাস্করের এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা।