বিমানবন্দরে বিদ্যাকে ঠৌঁটঠাসা চুমু সিদ্ধার্থের, রবিবাসরীয় ছুটির আমেজে ভিডিও ভাইরাল হতেই...
Kasturi Kundu
মায়ানগরীর সিনেপাড়ায় যখন বিচ্ছেদযন্ত্রণা, পরকীয়া আলোচনার কেন্দ্রে তখন দেড় দশকের দাম্পত্যে অটুট ভালোবাসার এক অন্য উদাহরণ পেজ থ্রি খবরে। বিমানবন্দরে নায়িকা স্ত্রীকে গুডবাই করতে এসে ঠোঁটঠাসা চুমু। সোশাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল সেলব দম্পতির সেই মাখোমাখো প্রেমের মুহূর্ত। ব্যক্তিগতজীবনকে লাইমলাইটের আড়ালেই রাখেন বিদ্যা বালান ও সিদ্ধার্থ রয় কাপুর। কিন্তু, বিমানবন্দরে তারকা দম্পতির এই বিশেষ মুহূর্ত দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে।
রবিবাসরীয় ছুটির দিনের সকালে সিদ্ধার্থ-বিদ্যার এই ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। বিদ্যাকে বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছিলেন সিদ্ধার্থ। বিদায়বেলায় পরস্পরকে উষ্ণ আলিঙ্গন করেন। এরপর বিদ্যার ঠোঁটে ঠোঁট রাখেন সিদ্ধার্থ। দাম্পত্যের চোদ্দ বছরের জার্নিতে আজও ভালোবাসায় কোনও ঘাটতি হয়নি সে কথা বলার অপেক্ষাই রাখছে না।
ইন্ডাস্ট্রির এই তারকা দম্পতি ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালেই রাখতে পছন্দ করেন। বিদ্যা বরাবরই ব্যক্তিগতজীবনকে পেশাগত জীবন থেকে আলাদা রাখেন। দাম্পত্য জীবন নিয়ে আলোচনা তো দূর অস্ত। তবে বিমানবন্দরের সাম্প্রতিক ভিডিওতে আরও একবার চর্চায় তাঁদের প্রেমকাহিনি। 'নো ওয়ান কিলড জেসিকা' ছবির মুক্তির সময় প্রথম পরিচয়।
সিদ্ধার্থ তখন ইউটিভি মোশন পিকচার্সের সঙ্গে যুক্ত ছিলেন। আর বিদ্যা ছিলেন সংশ্লিষ্ট সিনেমার অভিনেত্রী। তবে সেসময় তাঁরা খুব বেশি পরস্পরের কাছাকাছি আসেননি।পরবর্তীতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সময় সম্পর্কের গভীরতা বাড়ে। ‘পা’ ছবির জন্য বিদ্যা সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। সাম্প্রতিক অতীতে বিদ্যা এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটি পার্টিতে করণ জোহর তাঁদের কাছাকাছি আসতে সাহায্য করেছিলেন।
এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাঁদের প্রথম সাক্ষাতের (ডেটিং) কথা বলতে গিয়ে অকপটে বলেছিলেন, সিদ্ধার্থের প্রতি তিনি আগে থেকেই আকৃষ্ট ছিলেন। অল্প কিছুদিন প্রেমের পর চার হাত এক করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন। পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে বসেছিল সিদ্ধার্থ-বিদ্যার বিয়ের আসর।