'বেবি বের করতেই বুকে ব্যথা...', চারদিন পর জ্ঞান ফেরে! প্রসবের সময় কী হয়েছিল? জানালেন অনুশ্রী
Tiyasha Sarkar
দিন কয়েক আগে ইনফ্লুয়েন্সর অনুশ্রী বিশ্বাসের অসুস্থতাকে কেন্দ্র করে কার্যত ঝড় উঠেছিল সোশাল মিডিয়ায়। তাঁর স্বামী কী হয়েছিল নানা জানালেও বোঝা গিয়েছিল, পরিস্থিতি জটিল। তবে ইতিমধ্যেই দ্বিতীয় সন্তানকে নিয়ে হাসি মুখে ঘরে ফিরেছেন অনুশ্রী। শনিবার স্বামীর পাশে বসে তিনি জানালেন, ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে।
এদিন অনুশ্রী জানান, তাঁর প্রেগন্যান্সি জার্নিতে সে অর্থে কোনও সমস্যাই ছিল না। হাসিমুখেই ২৫ তারিখ অর্থাৎ লক্ষ্মীপুজোর দিন হাসপাতালে ভর্তি হন তিনি। সন্ধ্যায় হয় অপারেশন। অস্ত্রোপচারের আগের মুহূর্ত পর্যন্ত কোনও সমস্যা ছিল না। অনুশ্রী ভিডিওতে জানিয়েছেন, এখন তাঁর সেই সময়কার কিছুই মনে নেই। স্বামী ও পরিবারের লোকেরা যা বলেছেন, ততটুকুই তিনি জানেন। অনুশ্রী জানান, সন্তানকে বের করার মুহূর্তেই নাকি বুকে হাত দেন তিনি। চিকিৎসকরা বুঝতে পারেন, তাঁর বুকে ব্যথা। মুহূর্তেই জ্ঞান হারান অনুশ্রী। স্বাভাবিকভাবেই চিকিৎসকরা পদক্ষেপ করেন। এদিকে পরিবারের সদস্যদের বিষয়টা জানানো হয়। ফলে ছেলে হয়েছে না মেয়ে, তাও জানতে পারেননি অনুশ্রী।
আরও পড়ুন:
এরপর চিকিৎসকদের কয়েকদিনের চেষ্টায় সম্ভবত ২৯ অক্টোবর জ্ঞান ফেরে অনুশ্রীর। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। ছুটি মেলায় ইতিমধ্যেই মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন অনুশ্রী। সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ভিডিও। এদিন অনুশ্রী জানান, ২৫ তারিখ তাঁর সঙ্গে কে কে গিয়েছিলেন, কী হয়েছিল, কোনওকিছুই তার স্পষ্টভাবে আর মনে নেই। ফলে তিনি বুঝতেও পারছেন না কোন ঝড় হয়ে গিয়েছে। তবে পরিবারের সদস্যদের আতঙ্কিত চোখ মুখ দেখে তিনি অনুভব করতে পারছেন সবটা। এভাবে নতুন জীবন পাওয়ার নেপথ্যে পরিবারের পাশাপাশি ফলোয়ারদের ভালোবাসা বলেই জানালেন অনুশ্রী।