দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Murshidabad

রাজনীতির কাস্তে-হাতুড়িতেই সৃষ্টিসুখ! আফসানুলের ক্যানভাসে 'জীবন্ত' বুদ্ধদেব থেকে অরিজিৎ

আফসানুল হকের বিস্ময়কর কীর্তির কয়েক ঝলক দেখুন।
Sucheta Sengupta
04:42 PM Nov 03, 2026 IST
আফসানুল হকের বিস্ময়কর কীর্তির কয়েক ঝলক দেখুন।
  • কাস্তে-হাতুড়ি-তারা। এই ত্র্যহস্পর্শে কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কিছু মাথায় আসে না। কিন্তু এসব যে শিল্পসৃষ্টির অন্যতম সরঞ্জাম হয়ে উঠতে পারে, তা দেখালেন মুর্শিদাবাদের ধুলিয়ানের তরুণ শিল্পী। কাস্তে-হাতুড়ি প্রতীক আঁকা পতাকায় মিছিলে হাঁটা নয়, নয় কাস্তে আর হাতুড়ির 'ধার' দেখানো, বরং সাদা ক্যানভাসে ফুটে উঠছে নেতাদের মুখ! চিত্রশিল্প নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের কাছেও কাস্তে-হাতুড়ি দিয়ে ছবি আঁকা বিস্ময়কর ব্যাপার। 

  • মুর্শিদাবাদের ধুলিয়ানের আফসানুল হক। শান্তিনিকেতনের আইন কলেজের ছাত্র। সেটা তাঁর কেরিয়ারের অংশ। আর অভিনব পদ্ধতিতে ক্যানভাসে ছবি ফুটিয়ে তোলা আফসানুলের নেশা আর ভালোবাসা। পেনসিল, তুলির বদলে হাতে হাতুড়ি আর কাস্তে। তা দিয়ে ফুটে উঠছে একেকজন কিংবদন্তির জীবন্ত প্রতিকৃতি! এভাবে তাঁর শিল্পসৃষ্টি দেখে থ সকলে। সম্প্রতি সোশাল মিডিয়ায় আফসানুলের হাতে আঁকা ছবিগুলি ভাইরাল। 'বিস্ময়' প্রতিভা হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।

  • সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কাস্তে-হাতুড়ি নিয়ে বড় ক্যানভাসে সাদা-কালো ছবি আঁকছেন আফসানুল। কালিতে ডুবিয়ে সেই হাতুড়ি-কাস্তে দিয়েই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ। এক হাতে যন্ত্র ধরে অন্য হাতে ক্যানভাসে টান - কয়েক মিনিটের মধ্যে তৈরি হচ্ছে নিখুঁত পোর্ট্রেট। বিপ্লবী বামপন্থী নেতা চে গুয়েভারা থেকে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, রাহুল গান্ধীর অসাধারণ স্কেচ আফসানুলেরই সৃষ্টি।

  • শুধু বুদ্ধদেব ভট্টাচার্য বা ধোনি নন, আফসানুলের পোর্টফোলিওতে রয়েছে আরও চমক। একটি বিশাল ম্যুরালে তিনি ফুটিয়ে তুলেছেন রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদী চিত্র। যেখানে দেখা যাচ্ছে, দুর্গা প্রতিমা, আন্দোলনকারী জনতা এবং একটি জেসিবি মেশিন দিয়ে সিপিএমের বুকস্টল গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য। এই ঘটনায় মানুষের অন্তরের রক্তক্ষরণ বোঝাতে লাল রংটি দারুণভাবে ব্যবহার করেছেন আফসানুল।

  • আফসানুলের বিস্ময় প্রতিভার কথা এখনও বাকি। তিনি কিন্তু চিত্রশিল্পের সব্যসাচী! একইসঙ্গে একাধিক ছবি আঁকার ক্ষমতা রয়েছে। আফসানুল একসঙ্গে দুই হাতে দুটি আলাদা ছবি আঁকতে পারেন। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই খাঁটি সত্যি। রেফারেন্স ছবি না দেখেও শুধুমাত্র স্মৃতি থেকে হুবহু প্রতিকৃতি বানিয়ে দিতে সক্ষম। আফসানুলের কাছে এ যেন কোনও ব্যাপারই নয়। অবশ্য এই বিশেষ দক্ষতার পিছনে রয়েছে দীর্ঘদিনের অনুশীলন।

  • তাঁর এই ব্যতিক্রমী শিল্পকর্ম ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। অনেকেই লিখছেন 'লাল সেলাম', 'অসাধারণ প্রতিভা'। ধুলিয়ানের ছেলে হিসাবে তাঁকে নিয়ে গর্বিত মুর্শিদাবাদবাসীও। কাস্তে-হাতুড়ি কেবল একটি রাজনৈতিক প্রতীক নয়, তা যে শিল্পের হাতিয়ারও হয়ে উঠতে পারে, তা প্রমাণ করে দেখাচ্ছেন ধুলিয়ানের এই ছাত্র। তাঁর হাতের কাজ দেখতে এখন আফসানুলের স্টুডিওয় ভিড় করেন অনেকে।

  • কোন জাদুতে এমন অপূর্ব কাজ? আফসানুল জানাচ্ছেন, ছোটবেলা থেকেই তাঁর ছবি আঁকার প্রবল শখ। কোথাও কোনও প্রথাগত শিক্ষা নেননি। নিজের আগ্রহ আর নিরলস অনুশীলনে আজ এত সাবলীললতার সঙ্গে আঁকতে পারেন। হাতের কাছে যে কোনও জিনিস পেলেই ক্যানভাসে মুখাবয়ব ফুটিয়ে তোলেন আফসানুল। ৫ থেকে ১০ মিনিটে 'স্পিড পেন্টিং'য়ে পারদর্শী তিনি। এভাবেই নিজের সৃষ্টিকাজে মগ্ন হয়ে থাকুন আফসানুল, রইল শুভেচ্ছা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
DhulianMurshidabadPainting
Advertisement
Tags :
DhulianMurshidabadPainting

নিয়মিত খবরে থাকতে ফলো করুন