১৯৭১-এর 'অপ্রকাশিত' সুরে শ্রাবন্তী, পুলক-বালসারা জুটির পুরনো চমক এই পুজোতে
Buddhadeb Halder
পুজোর আগেই সুরপ্রেমীদের জন্য বড় চমক। পাঁচ দশক আগে সুর বাঁধা এক অপ্রকাশিত গানে ফের ফিরছেন প্রবীণ সঙ্গীতশিল্পী শ্রাবন্তী মজুমদার। ১৯৭১ সালে বিশিষ্ট সুরকার তথা যন্ত্রসঙ্গীতশিল্পী ভি বালসারার তৈরি করা একটি রোমান্টিক সুর এবার তাঁরই কণ্ঠে মুক্তি পেতে চলেছে। প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানটির শিরোনাম ‘রাস্তাটা যেখানে বাঁক নিয়ে গেছে কিছু দূরে’। আগামী ২ অক্টোবর শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
সত্তরের দশকে বাংলা আধুনিক গানের জগতে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও পরিবেশনশৈলী দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন শ্রাবন্তী মজুমদার। আকাশবাণীর পরিচিত মুখ হিসেবে তাঁর যাত্রা শুরু হয়েছিল। সেই সময় রেডিওতে গান শুনে ও ‘শারদ অর্ঘ্য’ পুস্তিকা দেখে গান শেখার দিনগুলির কথা আজও তাঁর মনে ভীষণ জীবন্ত। ১৯৭০ সালে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ভি বালসারার সুরে প্রকাশিত হয়েছিল তাঁর দু’টি কালজয়ী গান— ‘আমি একটা ছোট্ট বাগান করেছি’ ও ‘চোখ দুটো অজান্তে উঠল কেঁপে’। সেই সময়েই বালসারাজি বেশ কিছু সুর বেঁধেছিলেন, যা নানা কারণে আর রেকর্ড করা হয়ে ওঠেনি।
আরও পড়ুন:
দীর্ঘ সময় পর, সেই অপ্রকাশিত সুরকেই নতুন করে সাজিয়ে তুলেছেন সঙ্গীত পরিচালক মধু মুখোপাধ্যায়। ২০১৩ সালে ‘নস্টালজিয়া’ অ্যালবামের পর দীর্ঘদিন পুজোর গান থেকে দূরে ছিলেন শিল্পী। এ বছর আবার সেই পুরনো নস্টালজিয়া নিয়ে ফিরছেন তিনি। শ্রাবন্তী জানান, ১৯৭১ সালে গানটি লেখা ও সুর করা হলেও তা কখনও রেকর্ড লাইব্রেরির আলো দেখেনি। এতদিন পর নিজের মতো করে সেই গান রেকর্ড করতে পেরে তিনি দারুণ আনন্দিত।
সময়ের সঙ্গে সঙ্গে রেকর্ড, ক্যাসেট ও সিডির যুগ পেরিয়ে আজ সঙ্গীত জগৎ পৌঁছেছে ডিজিটাল সিঙ্গলসের যুগে। প্রযুক্তির এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সত্তরের দশকের সেই ঐতিহ্যকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরছেন শিল্পী। এবারের শারদোৎসবে ভি বালসারা, পুলক বন্দ্যোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের এই বিশেষ পরিবেশনা পুজো প্রাঙ্গণে আলাদা আবহ তৈরি করবে বলে আশা করছেন সঙ্গীতপ্রেমীরা।