রাজবীরকে নিয়ে দড়ি টানাটানি! অনুষ্কার এন্ট্রিতেই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ, কেঁদে ভাসালেন নন্দিনী
'বিগ বস বাংলা'র ঘরে অনুষ্কার সঙ্গে তুমুল অশান্তি। রাজবীরের জন্য কান্নাকাটি নন্দিনীর।
Kasturi Kundu
06:19 PM Oct 02, 2026 IST
-
-
শুক্রবার যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানেই দেখা যাচ্ছে, অনুষ্কার উপর রেগে কাঁই নন্দিনী। অনুষ্কা যখন বিছানায় শুয়ে ছিলেন তখন রাজবীর গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। সেই দৃশ্য দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন নন্দিনী। আঙুল তুলে রাজবীরকে তুলোধনা। সে এক ভয়ংকর দৃশ্য! রাজবীরও রেগে গিয়ে বলে দেন তিনি নিজের মতোই থাকবেন, করজোড়ে বলে দেন কারও সঙ্গে কোনও কথাবার্তা বলবেন না। একাই থাকবেন।
-
এদিকে অনুষ্কার উপর তো রাগে ফুঁসছেন নন্দিনী। সোজাসুজি জিজ্ঞেসই করে ফেলেন, 'তোর ওকে চাই?' একথা শুনে খানিক অস্বস্তিতে পড়েন অনুষ্কা। এদিকে নন্দিনীর দুচোখ বেয়ে অঝোর শ্রাবণ। ভালোবাসার জন্য সবকিছু করতে রাজি, বিগ বসের ঘরে সকলের সামনে প্রকাশ্যে মনের কথা বলে ফেলেন নন্দিনী। রাজবীরের অবস্থা শেষ পর্যন্ত কী হয় তা জানতে হলে তো রাত সাড়ে ন'টায় শুক্রের বিগ বস সম্প্রচার পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে।
-
অনুষ্কার এন্ট্রিতে বিগ বসের ঘরে একেবারে হইহই কাণ্ড। রাজবীরকে নিয়ে লড়াইয়ের পাশাপাশি এবার ব্যক্তিগত আক্রমণ অনুষ্কা ও নন্দিনীর। মা, বাবা নিয়ে একে অপরকে কটূক্তি করতেই ঝামেলা আরও বৃহৎ আকার ধারণ করে। পরিস্থিতি সামাল দিতে সকলে এগিয়ে আসে। তবুও থামার পাত্রী নয় কেউই। এদিকে অনুষ্কা আর নন্দিনীর ঝামেলায় জেরবার বিগ বসের ঘরের সদস্যরা।
-
ঝামেলা একটা সময় এমন পর্যায়ে পৌঁছায় যে অনুষ্কাকে নন্দিনীর সরাসরি আক্রমণ, 'তুই জীবনে কোনওদিন ভালোবাসা পাবি না।' একইসঙ্গে উচ্চস্বরে বলেছেন, "আমি ভালোবাসার জন্য ডেসপারেট।" যার বাংলা তর্জমা করলে হয়, ভালোবাসার জন্য বেপরোয়া।
-
শুক্রবার 'বিগ বস বাংলা'য় নন্দিনী অনুষ্কার দ্বৈরথ কোন দিকে মোড় নেয় তা দেখতে অধৈর্য হয়ে পড়ছে এই শোয়ের দর্শক। প্রোমো দেখেই অ্যাড্রিনালিন রাশ একেবারে তুঙ্গে। বিগ বসের ঘরে প্রেমের লড়াই একেবারে জমে ক্ষীর তা বললে অত্যুক্তি হবে না। সত্যিই এক ফুল দো মালি নাকি পুরোটাই নন্দিনীর ভ্রম! উত্তর মিলবে ঠিক রাত সাড়ে ন'টায়।
Advertisement
Advertisement